০৮:৫৩ পি.এম
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে আপত্তিকর ছবি প্রদর্শনের অভিযোগ উঠেছে।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে ‘N Hasan Hakib’ নামের একটি অ্যাকাউন্ট থেকে তাকে এ ভিডিও কল করা হয়। এই ঘটনায় নিজের সম্মান ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা হয়েছে বলে অভিযোগ এনে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
জিডি ও তার দেয়া বক্তব্য অনুযায়ী, সোমবার বিকেল ৩টা ৪৪ মিনিটের দিকে ০১৩৫০৪৮৯০৩৩ নম্বর থেকে তার হোয়াটসঅ্যাপ নম্বরে ভিডিও কল আসে। কলটি রিসিভ করার সঙ্গে সঙ্গেই অপর প্রান্তে থাকা এক পুরুষের আপত্তিকর ছবি দেখতে পান তিনি। বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে কলটি কেটে দেন।
আরও পড়ুন: প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও জবির ঠিকাদার রুমী গ্রেপ্তার
জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের আশঙ্কা, তাকে ব্যক্তিগতভাবে হেনস্তা, সামাজিকভাবে বিব্রত এবং তার সম্মান ও সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। এ বিষয়ে তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
সিরাজুল ইসলাম জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য তিনি সাধারণ ডায়েরি করেছেন। ঘটনার তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদিকে অপরিচিত নম্বর থেকে আসা ভিডিও কলের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি এ ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্যে কান না দেয়ার অনুরোধ জানিয়েছেন।
আরও পড়ুন: ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে ৬৪ জন গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন