০৫:১২ পি.এম
যুক্তরাষ্ট্রের ইহুদি সম্প্রদায়ের প্রভাবশালী নেতা রাব্বি অ্যামিয়েল হার্শ মন্তব্য করেছেন যে, মার্কিন ইহুদিদের দীর্ঘকালীন ‘স্বর্ণযুগ’ শেষ হয়ে গেছে। শুক্রবার রাতে শাবাতের একটি ধর্মীয় ভাষণে তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রে ইহুদিদের জন্য নতুন একটি বাস্তবতা তৈরি হয়েছে, যেখানে ইহুদিবিদ্বেষ এবং ইসরাইলবিরোধী মনোভাব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
হার্শ, যিনি উত্তর আমেরিকার ‘রিফর্ম’ ইহুদি আন্দোলনের একজন নেতা, মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফলাফল নিয়ে তার বক্তব্যে বলেন, ৭ অক্টোবর ২০২৩ সালে হামাসের ইসরাইলে হামলা মার্কিন ইহুদিদের স্বর্ণযুগের অবসানের একটি প্রতীকী সূচনা। তার মতে, দেশের রাজনৈতিক ডান ও বাম—উভয় শিবিরেই ইহুদিবিদ্বেষী মনোভাব স্বাভাবিক হয়ে উঠছে।
তিনি বলেন, ‘একসময় ইহুদিদের সম্মান করা হতো, সাদরে গ্রহণ করা হতো এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাদের উপস্থিতি প্রত্যাশার চেয়েও বেশি ছিল। ইসরাইলের প্রতি উভয় দলের (ডেমোক্র্যাট ও রিপাবলিকান) ব্যাপক সমর্থন ছিল। সেই সোনালি দিনগুলো যেন শেষ হয়ে গেছে। আমরা আবার ইতিহাসের সেই পুরোনো স্বাভাবিক অবস্থায় ফিরে যাচ্ছি।’
আরও পড়ুন: কানাডায় শুরু হয়েছে বিশ্ব বিমান পরিবহন সম্মেলন, নেতৃত্বে বিমানমন্ত্রী
হার্শ অভিযোগ করেন যে, নতুন করে নির্বাচিত কয়েকজন ডেমোক্র্যাট আইনপ্রণেতা শুধুমাত্র ইসরাইল সরকারের সমালোচক নন, বরং ইসরাইল রাষ্ট্রের অস্তিত্বের বিরোধী। তিনি ইসরাইলবিরোধী আন্দোলনের সাথে ইহুদিবিদ্বেষ বৃদ্ধির সম্পর্কের কথাও উল্লেখ করেন।
হার্শ ইসরাইলের সমালোচনা করার অধিকারকে সমর্থন করলেও বলেন যে, ‘কংগ্রেসের নতুন সদস্যদের কেউ কেউ কেবল ইসরাইলের সমালোচনাই করছেন না, বরং তারা ইসরাইল রাষ্ট্রটির ধারণার বিরুদ্ধেই তীব্র ও আদর্শগতভাবে অবস্থান নিয়েছেন। তারা ইহুদি রাষ্ট্রটিকে ‘খারাপের চূড়ান্ত রূপ’ হিসেবে দেখেন।’
ইসরাইল-ফিলিস্তিন সহাবস্থানের আহ্বান জানিয়ে তিনি বলেন, বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থি মসিয়াবাদী আদর্শ এবং পশ্চিম তীরে আইনহীনতা ইসরাইলবিরোধী শত্রুতা বৃদ্ধি করতে ভূমিকা রেখেছে।
হার্শ মার্কিন ইহুদি সম্প্রদায়ের নেতাদের নিজেদের অবস্থান ও কৌশল নতুন করে মূল্যায়নের আহ্বান জানান। তার মতে, ভবিষ্যতে ইহুদি সম্প্রদায়কে আরো বাস্তববাদী হতে হবে, বিভিন্ন গোষ্ঠীর সাথে জোট গড়ে তুলতে হবে এবং নিজেদের প্রভাব সম্পর্কে অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া থেকে বিরত থাকতে হবে।
আরও পড়ুন: জাম্বিয়ায় নতুন উৎপাদন লাইনে কারিগরি সহায়তা দেবে বিএটি বাংলাদেশের ৯ কর্মী
তিনি সতর্ক করে বলেন, আগামী কয়েক বছর মার্কিন ইহুদি সম্প্রদায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জপূর্ণ হতে যাচ্ছে।
সূত্র: দ্য টাইমস অব ইসরাইল
আরএ
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় অন্তত ১৭ জন নিহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন