১১:৪২ পি.এম
রাজবাড়ীর কালুখালী রেলওয়ে স্টেশনে টানা ছয় বছর ধরে ট্রেনের যাত্রীদের তৃষ্ণা মেটাতে বিনামূল্যে পানি পান করিয়ে আসা মানবিক মানুষ মুন্নু শেখকে সম্মাননা এবং আর্থিক সহায়তা প্রদান করেছে কালুখালী উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিন তাঁর কার্যালয়ে মুন্নু শেখের হাতে এই আর্থিক সহায়তা তুলে দেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে মুন্নু শেখের ব্যতিক্রমী মানবিক উদ্যোগের খবর ছড়িয়ে পড়ার পর বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। তাঁর নিঃস্বার্থ মানবসেবার স্বীকৃতি হিসেবেই দেওয়া হলো এই সম্মাননা।
আরও পড়ুন: বাকৃবিতে রেললাইনে টায়ার পোড়ানোর সময় ছাত্রলীগের দুই কর্মী আটক
কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের পশ্চিম রতনদিয়া গ্রামের বাসিন্দা মুন্নু শেখ প্রতিদিন নিজের চটপটির দোকান কিছু সময়ের জন্য বন্ধ রেখে ট্রেনের যাত্রীদের বিনামূল্যে পানি পান করান।
এই মানবিক কাজের পেছনে রয়েছে একটি বেদনাময় স্মৃতি। ২০১৮ সালে তাঁর নয় বছর বয়সী ছেলে সবুজ শেখ ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে যায়। চিকিৎসার জন্য নিয়মিত ট্রেনে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাতায়াত করতে হতো। চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে একসময় ছেলের জন্য একটি বোতল পানি কেনার সামর্থ্যও ছিল না তাঁর। দুই বছর মারাত্মক লড়াই শেষে ২০২০ সালে মুন্নু শেখের ছেলে সবুজ মারা যায়। এরপর থেকে তিনি ছেলের স্মৃতিতে ট্রেনের তৃষ্ণার্ত যাত্রীদের বিনামূল্যে পানি পান করানোর অঙ্গীকার করেন।
ইউএনও মো. মেজবাহ উদ্দিন মন্তব্য করেন, “মুন্নু শেখের মতো মানুষ সমাজের জন্য অনুকরণীয়। তাঁর এই মানবিক উদ্যোগকে সম্মান জানাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সামান্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সমাজের বিত্তবানরাও যদি তাঁর পাশে দাঁড়ান, তাহলে তিনি আরও ভালোভাবে এই সেবামূলক কার্যক্রম চালিয়ে যেতে পারবেন।”
স্থানীয়দের মতে, মুন্নু শেখের এই উদ্যোগ কেবলমাত্র তৃষ্ণার্ত মানুষের পিপাসা মেটাচ্ছে না, বরং সমাজে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্তও স্থাপন করছে।
আরও পড়ুন: রামগঞ্জে ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ দুই কমিটি বিলুপ্ত, নতুন কমিটি শিগগিরই ঘোষণা হবে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন