ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ইরান কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না: পেজেশকিয়ান


ইরান কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না: পেজেশকিয়ান

"আলোচনা ও সংলাপের জন্য তেহরান প্রস্তুত। তবে কোনো চাপ কিংবা জোরজবরদস্তির কাছে মাথা নত করবে না ইরান। যেকোনো আলোচনা অবশ্যই ‌‌ন্যায়বিচার ও সমতার ভিত্তিতে হতে হবে" বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসেডন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি রোববার ইরান মিল্ক ইন্ডাস্ট্রিজ কোম্পানির (পেগাহ) ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেন।

পেজেশকিয়ান জানান, ইরানের ‘শত্রু’ যুক্তরাষ্ট্র ও ইসরাইল দেশে আঘাত হানার প্রচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, "সর্বোচ্চ নেতা (আয়াতুল্লাহ মোজতবা হোসেইনি খামেনি) আমাদের যুদ্ধও নয়, শান্তিও নয়; এমন পরিস্থিতির অবসান ঘটানোর নির্দেশ দিয়েছেন।"

তিনি আরও বলেন, "আমরা আত্মসম্মান নিয়ে কথা বলতে এবং সম্মানের সঙ্গেই বিষয়ের সুরাহা করতে পারি। আমরা আলাপ-আলোচনা ও সংলাপের মানুষ এবং সংলাপে যদি অধিকার আদায় করা যায়, তাহলে যুদ্ধে জড়ানো উচিত নয়। কিন্তু আমরা কোনো শক্তি প্রদর্শন কিংবা হুমকির কাছে আত্মসমর্পণ করব না।"

আরও পড়ুন: এডেনের মাত্র ৬০ কিমি দূরে হুতিরা, শহরজুড়ে দুর্গ গড়ে তুলছে সরকারি বাহিনী

গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যের কথা উল্লেখ করে তিনি জানান, ইরান ন্যায্যতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে চায়।

তিনি বলেন, "জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণেও আমি জোর দিয়েছিলাম, আমরা ন্যায়বিচার এবং সমতা ও ন্যায্যতার ভিত্তিতে সংলাপে বিশ্বাসী এবং নিজেদের অধিকার দাবি করি। কিন্তু কোনো বলপ্রয়োগের কাছে মাথা নত করব না।"

এদিকে, সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, চলমান সংকট সমাধানের জন্য তেহরানের দেওয়া দুই দিনের প্রস্তাবটি এখনও বহাল রয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের দাবিগুলো মেনে নিলে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ৪৮ ঘণ্টার মধ্যে নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব বলেও মন্তব্য করেছেন তিনি।

ইরানি বার্তা সংস্থা আইএসএনএ বলছে, সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাঘাই ওই প্রস্তাবকে সম্ভাব্য সবচেয়ে যুক্তিসঙ্গত পরিকল্পনা বলে অভিহিত করেছেন। একই সঙ্গে তেহরানের শর্তে ওয়াশিংটন সাড়া দিলে ওই অঞ্চলে ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

আরও পড়ুন: ক্যালিফোর্নিয়া উপকূলে ৫০ ফুটের ঢেউ, বন্ধ ঐতিহাসিক জেটি

সূত্র: এএনআই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইবির বাসে ‘পেট্রোল বোমা’ নিক্ষেপ, প্রশাসনের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

ইবি প্রতিনিধি

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১৯ এম


ইবির বাসে ‘পেট্রোল বোমা’ নিক্ষেপ, প্রশাসনের হুঁশিয়ারি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নারী শিক্ষার্থীবাহী একটি বাস লক্ষ্য করে ‘পেট্রোল বোমা’ সদৃশ বস্তু নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে। তবে বাস চালকের তাৎক্ষণিক তৎপরতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বাসের শিক্ষার্থীরা এবং হতাহতের ঘটনা ঘটেনি। এতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নাশকতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি বার্তা দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ থেকে ক্যাম্পাসগামী ‘দিগন্ত’ নামের ডাবল ডেকার বাসটি ঝিনাইদহের গাড়াগঞ্জ এলাকা অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, ঝিনাইদহ থেকে ক্যাম্পাসগামী দিগন্ত বাসটি ভাটই বাজার পার হয়ে দুধসর চাঁদপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুই ব্যক্তি বাসটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। চলন্ত বাসটির চাকায় পেট্রোল বোমাটি লেগে রাস্তায় ছিটকে পড়ে। তবে বাসে আগুন ছড়িয়ে পড়েনি বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

বাসে থাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী সজিব রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ঘটনার বর্ণনা দেন। তিনি জানান, বাসে যাত্রীর সংখ্যা তুলনামূলক কম ছিল। তিনজন ছাত্র থাকলেও অধিকাংশ যাত্রী ছিলেন নারী শিক্ষার্থী। গাড়াগঞ্জ এলাকা পার হওয়ার পর হেলমেট পরা দুই মোটরসাইকেল আরোহীকে বাসের সামনে-পেছনে অবস্থান করতে দেখেন তিনি।

সজিবের বর্ণনা অনুযায়ী, রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটের দিকে বাসের সামনের অংশে থাকা কয়েকজন নারী শিক্ষার্থী আগুন বলে চিৎকার করেন। পরে বাসের নিচে ইঞ্জিনের পাশের অংশে আগুন দেখতে পান তাঁরা। এ সময় চালক দ্রুত বাসের গতি বাড়িয়ে ঘটনাস্থল অতিক্রম করেন। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

ওই শিক্ষার্থীর দাবি, হেলমেট পরা দুই মোটরসাইকেল আরোহীর একজন বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করেন। তাদের একজনের পরনে সাদা এবং অন্যজনের পরনে কালো বা মেরুন রঙের শার্ট ছিল। তবে মোটরসাইকেলের নম্বর শনাক্ত করা সম্ভব হয়নি।

বাসের চালক গণমাধ্যমে জানান, জ্যামের কারণে একটু গাড়ি স্লো যাচ্ছে। এসময় ঠিক সামনে একটা মোটরসাইকেল বাম সাইড দিয়ে উঠে এসে। তারা কালো হেলমেট পরা ছিল। গাড়ির সামনে এসে বাম সাইডে গিয়ে আগুনটা মেরে দেয়। আমি একটু ডানে কাটিয়ে বের হয়ে চলে আসছি। তখন জ্যাম ছেড়ে যাওয়ার পরে আমি খুব দ্রুত টেনে চলে আসছি আর তারা মোটরসাইকেলে দ্রুত চলে গেছেন। তাদের বাইকে কোনো নাম্বার প্লেট ছিল না। তারা দুইজনই হেলমেট পরা এবং কালো গেঞ্জি গায়ে ছিল।

তিনি বলেন, তারা গাড়িতে কোনো আঘাত করেনি, গাড়ির সামনে টায়ারের সামনে আগুনটা মেরেছে। আগুনটা দেখার সঙ্গে ডানে কাটিয়ে বের হয়ে চলে আসছি। এই পর্যন্ত কোনো আর ঝামেলা হয়নি। কারো কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করে বলেন, বাসকে লক্ষ্য করে বোমা সদৃশ বস্তু নিক্ষেপ করলেও বাসে আঘাত করতে পারেনি বলে জানতে পেরেছি। ঘটনা শোনার পরপরই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যারকে অবগত করে রেখেছি। বাসটি নিরাপদে ক্যাম্পাসে আনা হয়েছে।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মামুনুর রশীদ বলেন, নিষিদ্ধ সংগঠনের কর্মসূচিকে ঘিরে সারাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা চলছে। পুলিশের টহল জোরদার করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, আমরা ক্যাম্পাসে টহল বাড়িয়েছি। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা কর্মীরা তৎপর। ক্যাম্পাসে পরিবেশ স্বাভাবিক রয়েছে। আতঙ্কিত না হওয়ার আহ্বান করছি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান হুঁশিয়ারি দিয়ে গণমাধ্যমে বলেন, ছাত্রলীগের কতিপয় দুষ্কৃতকারী ফেসবুকে পোস্ট দিয়ে ইবি ক্যাম্পাস সহ পুরো দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। ইবির গাড়িতে নাশকতার চেষ্টার ঘটনায় শৈলকূপা থানায় মামলার নির্দেশনা দেয়া হয়েছে। আগামীকাল নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতে দুই জেলার এসপিকে জানানো হয়েছে। ক্যাম্পাসের সার্বিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ তিন যুবক আটক

আন্তর্জাতিক ডেস্ক

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২১ এম


নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ তিন যুবক আটক
নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০ লিটার চোলাইমদসহ শ্রী সুমন (৩১), শ্রী দিলীপ (২৭) ও শ্রী বিবেক দাস (৩০) নামে তিন যুবকে আটক করেছে নিয়ামতপুর থানা পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের করবালা গ্রামের একটি বসতবাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের শ্রীমন্তপুর বালুকাপাড়া গ্রামের বিপুল রবিদাসের ছেলে শ্রী সুমন, সদর ইউনিয়নের করবালা গ্রামের মৃত নরেশের ছেলে শ্রী দিলীপ ও একই ইউনিয়নের কানইল মোরগডাঙ্গা গ্রামের মৃত সবিন দাসের ছেলে শ্রী বিবেক দাস।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তিনজন চোলাইমদ কারবারিকে আটক করা হয়।
নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চোলাইমদ সহ তিনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। থানায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজে দস্যুতার অভিযোগ, নজরদারি বাড়ানোর দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৭ এম


চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজে দস্যুতার অভিযোগ, নজরদারি বাড়ানোর দাবি

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জলদস্যুতার ঘটনা শূন্যের কোটায় নেমে এলেও চলতি বছরে আন্তর্জাতিক সংস্থা রিক্যাপ চারটি দস্যুতার অভিযোগ পেয়েছে। সংস্থাটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চলতি বছরের মে থেকে সেপ্টেম্বরের মধ্যে চারটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। তবে, বন্দর ও কোস্টগার্ড দুটি ঘটনাকে সামান্য চুরি হিসেবে চিহ্নিত করেছে। বাকি দুটি ঘটনার সত্যতা নিয়েও তাদের মধ্যে সন্দেহ রয়েছে। ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, এ ধরনের চুরি বা দস্যুতা নিয়ন্ত্রণ করা না গেলে দেশের আমদানি-রফতানি বাণিজ্যের ভাবমূর্তি সংকটে পড়তে পারে।

চট্টগ্রাম বন্দরে আমদানি-রফতানি পণ্যবাহী মাদার ভ্যাসেলের নিরাপত্তা নিশ্চিত করতে কর্ণফুলী নদীর মোহনা থেকে আলফা, ব্রেভো ও চার্লি অ্যাংকরেজ এলাকায় নিয়মিত টহল দিচ্ছে কোস্টগার্ড। পাশাপাশি গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। চলতি ২০২৬ সালের মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত বন্দরের বহির্নোঙরে চারটি মাদার ভ্যাসেলে দুর্বৃত্তদের হামলা ও মালামাল লুটের অভিযোগ রেকর্ড করেছে এশিয়াভিত্তিক সমুদ্রে দস্যুতা পর্যবেক্ষণকারী সংস্থা রিক্যাপ।

তবে এর আগে পাঁচ মাস ধরে এ অঞ্চলকে দস্যুতামুক্ত বলে উল্লেখ করা হয়েছিল। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানিয়েছেন, বাংলাদেশ কোস্টগার্ড ঘটনাগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হয়েছে।

দুস্কৃতিকারীদের কবলে পড়া জাহাজগুলো সরাসরি রিক্যাপের কাছে অভিযোগ জানালেও পরে ঘটনাগুলোর অনুসন্ধানে কোস্টগার্ড নামে। এর মধ্যে একটি জাহাজ ঘটনার চার দিন পর, বাংলাদেশের জলসীমা পার হওয়ার পর রিক্যাপের কাছে অভিযোগ জানায়। অন্য একটি জাহাজ অভিযোগ করে ঘটনার অন্তত সাত ঘণ্টা পর। এ দুটি ঘটনার সত্যতা নিয়ে কোস্টগার্ড সন্দেহ প্রকাশ করেছে।

কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মো. মিনহাজ আলম বলেন, একটি জাহাজ বাংলাদেশের সমুদ্রসীমা পার হওয়ার চার দিন পর অভিযোগ করেছে। এ কারণে ঘটনাটি আদৌ ঘটেছে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ, এ বিষয়ে কোনো প্রমাণ পাওয়া যায়নি। জাহাজ কর্তৃপক্ষও কোনো প্রমাণ দিতে পারেনি।

রিক্যাপের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ৭ মে বহির্নোঙরে অবস্থানরত সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ সিএনসি নেপচুনে ঢুকে প্রায় তিন হাজার লিটার বিভিন্ন ধরনের রং নিয়ে পালিয়ে যায় চোরের দল। ১০ আগস্ট সিঙ্গাপুরের পতাকাবাহী হাফনা রাবেন নামের আরেকটি জাহাজ থেকেও মালামাল চুরির অভিযোগ উঠেছে। এছাড়া গত ২৯ অক্টোবর চার্লি অ্যাংকরেজে স্ক্র্যাপ জাহাজ হাই-জু থেকে বেশ কিছু সরঞ্জাম চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

ধীরগতিতে চলা স্ক্র্যাপ জাহাজগুলোই চোরদের বেশি লক্ষ্যবস্তু হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ক্যাপ্টেন মো. সালাহ উদ্দিন চৌধুরী জানান, এ ধরনের ঘটনা সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব। টহল বাড়ালেই পরিস্থিতি সামাল দেয়া যাবে। নৌ-পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনীর টহল বাড়াতে হবে।

এদিকে, আমদানি পণ্য নিয়ে আসা জাহাজগুলোর নিজস্ব ব্যবস্থাপনার কারণে দস্যুতা প্রতিরোধে সমস্যা সৃষ্টি হচ্ছে কোস্টগার্ডের। বিশেষ করে, মাদার ভ্যাসেলগুলো বাংলাদেশের জলসীমায় প্রবেশের পর থেকে বের হওয়া পর্যন্ত স্বয়ংক্রিয় জাহাজ শনাক্তকরণ ব্যবস্থা-এআইএস বন্ধ রাখে। ফলে জাহাজগুলোর অবস্থান শনাক্ত করা এবং সে অনুযায়ী নিরাপত্তা প্রদান করা কঠিন হয়ে পড়ে বলে অভিযোগ কোস্টগার্ডের।

তবে টহল জোরদারের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়িয়ে দস্যুতা প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে বাহিনীটি। কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মো. মিনহাজ আলম জানিয়েছেন, বিভিন্ন উদ্দেশ্যে অনেক নৌযান বহির্নোঙর, অন্যান্য অ্যাংকরেজ ও ডিপ সি এলাকায় চলাচল করে। এসব নৌযানের মধ্যে কিছু নৌযান দস্যুতার সঙ্গে জড়িত। এরইমধ্যে সেগুলোর কয়েকটি শনাক্ত করতে সক্ষম হয়েছে কোস্টগার্ড।

২০২৫ সালেও চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে চারটি দস্যুতার ঘটনা রিপোর্ট করেছিল রিক্যাপ। বন্দরের ৬৪ নটিক্যাল মাইল জলসীমায় কয়েকশ পণ্যবাহী মাদার ভ্যাসেলের পাশাপাশি থাকে প্রায় এক হাজার লাইটারেজ জাহাজ। এর সঙ্গে চলাচল করে আরও কয়েক হাজার ধরনের নৌযান। এত বিপুলসংখ্যক নৌযানের মধ্যে দুর্বৃত্তদের ব্যবহৃত নৌযান শনাক্ত করা কোস্টগার্ডের জন্য কঠিন হয়ে পড়ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৮ এম


ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের

দুই বছর পর আবারও ফিফপ্রোর বর্ষসেরা একাদশে স্থান করে নিয়েছেন লিওনেল মেসি। তবে চলতি বছরের ব্যালন ডি'অরজয়ী হ্যারি কেইন এই দলে অন্তর্ভুক্ত হননি। সোমবার (৯ নভেম্বর) ২০২৬ সালের বর্ষসেরা একাদশ প্রকাশ করেছে পেশাদার ফুটবলারদের বৈশ্বিক সংগঠন ফিফপ্রো।

মেসি এই একাদশে জায়গা পাওয়ার মাধ্যমে রেকর্ড ১৮ বার নির্বাচিত হলেন। ২০০৭ সালে প্রথমবার নির্বাচিত হওয়ার পর থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা ১৭ বছর তিনি এই তালিকায় ছিলেন। দুই বছর বাদ পড়ার পর আবারও ফিরলেন ৩৯ বছর বয়সি ফরোয়ার্ড, যিনি বর্তমানে ইন্টার মায়ামির হয়ে খেলছেন। ক্রিস্টিয়ানো রোনালদো দ্বিতীয় সর্বোচ্চ ১৫ বার এই একাদশে জায়গা পেয়েছেন।

অন্যদিকে, গত মাসে প্রথমবারের মতো ব্যালন ডি'অর জেতা কেইন একাদশে সুযোগ পাননি। তার পরিবর্তে আক্রমণভাগে রয়েছেন মেসি, লামিন ইয়ামাল, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হলান্ড।

৭৩ দেশের ১৯ হাজার ৮০৬ জন ফুটবলারের ভোটে এবারের একাদশ নির্বাচিত হয়েছে। এই তালিকায় স্পেনের সর্বাধিক চারজন খেলোয়াড় অন্তর্ভুক্ত হয়েছেন। তাদের মধ্যে ইয়ামালও রয়েছেন, যিনি ২০ বছর বয়সের আগে দ্বিতীয়বার এই স্বীকৃতি পেলেন।

ফিফপ্রোর বর্ষসেরা একাদশ:

গোলরক্ষক: ডেভিড রায়া (আর্সেনাল, স্পেন)

ডিফেন্ডার: নুনো মেন্ডেস (পিএসজি, পর্তুগাল), আশরাফ হাকিমি (পিএসজি, মরক্কো), পাউ কুবার্সি (বার্সেলোনা, স্পেন)

মিডফিল্ডার: জুড বেলিংহ্যাম (রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ড), ভিতিনিয়া (পিএসজি, পর্তুগাল), রদ্রি (ম্যানচেস্টার সিটি/বার্সেলোনা, স্পেন)

ফরোয়ার্ড: কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ, ফ্রান্স), আর্লিং হলান্ড (ম্যানচেস্টার সিটি, নরওয়ে), লিওনেল মেসি (ইন্টার মায়ামি, আর্জেন্টিনা), লামিন ইয়ামাল (বার্সেলোনা, স্পেন)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%