১২:০৬ পি.এম
ভারতে প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষাব্যবস্থার অবক্ষয়ের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের দমনপীড়ন নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তিনি তীব্রভাবে আক্রমণ চালিয়েছেন কংগ্রেস সংসদীয় দলের সভানেত্রী সোনিয়া গান্ধী।
ভারতের ইংরেজি দৈনিক ‘দ্য হিন্দু’-তে প্রকাশিত এক নিবন্ধে সোনিয়া গান্ধী অভিযোগ জানান যে, মোদি সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের দেশের ভবিষ্যৎ হিসেবে না দেখে ‘দেশের শত্রু’ হিসেবে বিবেচনা করছে।
নিজের নিবন্ধে সাবেক এই কংগ্রেসপ্রধান লেখেন, আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে শিক্ষার্থীদের দাবির প্রতি সরকারের দায়িত্বশীল হওয়া উচিত ছিল। কিন্তু কেন্দ্রীয় সরকার কাপুরুষোচিত ও নির্মম আচরণ করছে। বিগত ২০ জুলাইয়ের ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, দিল্লির রাজপথে শান্তিপূর্ণভাবে আন্দোলনরত তরুণ-তরুণীদের ওপর লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস প্রয়োগ করে পুলিশ এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী যে বর্বরতা চালিয়েছে, তা দেশের বিবেককে নাড়া দিয়েছে। সরকারের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অধীনে থাকা পুলিশ বাহিনীর এমন আচরণ কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। তিনি ২০২০ সালের সিএএ-বিরোধী আন্দোলন এবং নারী কুস্তিগীরদের ওপর নির্যাতনের স্মৃতিও মনে করিয়ে দেন।
আরও পড়ুন: আল-সাইয়েদের হেগসেথকে পদত্যাগের আহ্বান
এছাড়া সোনিয়া গান্ধী অভিযোগ করেন, মোদি সরকার দেশের পাবলিক শিক্ষাব্যবস্থা থেকে ক্রমাগত হাত গুটিয়ে নিচ্ছে এবং শিক্ষা বাজেট ব্যাপকভাবে হ্রাস করেছে। গত ১২ বছরে প্রায় এক লাখ সরকারি স্কুল বন্ধ করে দেওয়া হলেও হাজার হাজার বেসরকারি স্কুল খোলার সুযোগ দেওয়া হয়েছে, যার বেশিরভাগই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সঙ্গে যুক্ত। একের পর এক পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) ব্যর্থতার দায় নিতে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান অস্বীকার করেছেন বলেও তিনি দাবি করেন।
সরকারের এই একগুঁয়েমি ও জবাবদিহিহীনতার কারণেই আজ ভারতের শিক্ষার্থীরা রাজপথে নামতে বাধ্য হয়েছে বলে সোনিয়া গান্ধী মন্তব্য করেন।
সূত্র: এনডিটিভি
আরও পড়ুন: নগরকান্দায় চাল কম দেওয়ার তথ্য সংগ্রহকালে সাংবাদিক মোস্তফার ওপর হামলা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন