১২:১৬ পি.এম
ফরিদপুরের নগরকান্দায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চালের ওজন কম দেওয়ার সত্যতা প্রমাণিত হওয়ার পর তথ্য সংগ্রহের সময় এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগী সাংবাদিক মোস্তফা অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে নগরকান্দা থানায় একটি মামলা দায়ের করেছেন।
জানা গেছে, ফরিদপুরের নগরকান্দা উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির অধীনে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ করা হচ্ছিল। এ সময় দুই সাংবাদিক চালের ওজন কম দেওয়ার অভিযোগ পেয়ে যাচাই করতে এক গ্রাহকের চাল ওজন করেন। তখন ৩০ কেজি চাল বিতরণের বিপরীতে মাত্র ২৩ কেজি চাল পাওয়া যায়, যা উপস্থিত সকলের সামনে স্পষ্ট হয়ে ওঠে।
উপকারভোগীদের ৩০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও প্রতি বস্তায় ২৩ কেজি চাল দেওয়া হচ্ছে—এমন অভিযোগের বিষয়ে দুই সাংবাদিক মৌখিকভাবে নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন। এতে ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত ডিলার টিটো সাংবাদিক মোস্তফাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও নির্যাতন করেন বলে নিশ্চিত করেছেন সংবাদকর্মী মোস্তফা।
আরও পড়ুন: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন রোববার বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত মুলতবি
অভিযুক্ত ডিলারের নাম লিয়াকত আলী সর্দার (টিটো)। তিনি চরযশোরদী ইউনিয়নের আশফরদী এলাকার খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার। বুধবার (১১ নভেম্বর) সরেজমিনে পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়া গেলেও অভিযুক্ত ডিলার ঘটনাটি সম্পূর্ণ অস্বীকার করে দাবি করেন যে, এসব অভিযোগ সম্পূর্ণ সাজানো ও বানোয়াট।
সংবাদকর্মী মোস্তফা ইনকিলাবকে বলেন, "গরিব মানুষকে প্রতিনিয়ত ঠকানো হচ্ছে, এর প্রতিবাদ করাটাই আমার অপরাধ।"
এদিকে নাম প্রকাশ না করার শর্তে একাধিক ভুক্তভোগী অভিযোগ করেছেন, ডিলার টিটো চাল মাপে কম দেওয়ার বিষয়টি ধামাচাপা দিতে সাংবাদিকদের বিরুদ্ধে উল্টো চাঁদাবাজির মিথ্যা অভিযোগ তোলার চেষ্টা করছেন। এর আগে গত সোমবার (১০ নভেম্বর) স্থানীয় দুই সংবাদকর্মী ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করতে গেলে ডিলার টিটো তাঁদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।
ঘটনার বিষয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন বলেন, "চাল ওজনে কম দেওয়া এবং সাংবাদিকদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
আরও পড়ুন: ‘প্রথম টার্গেট আমরা হলে, পরবর্তী টার্গেট সরকার হতে পারে’
স্থানীয়রা খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করেছেন। সেইসঙ্গে প্রকৃত উপকারভোগীরা যাতে ভবিষ্যতে তাঁদের পূর্ণ ও সঠিক পরিমাণে চাল পান, সে বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। উল্লেখ্য, স্থানীয় ৩৫-৪০ জন মানুষের সামনে প্রকাশ্যে একজন উপকারভোগীর ৩০ কেজির চালের বস্তা ডিজিটাল পাল্লায় মেপে মাত্র ২৩ কেজি চাল পাওয়ার প্রমাণ মিলেছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন