০৬:২৬ পি.এম
নাটোরে মা ও শিশুসন্তানকে গলা কেটে হত্যা এবং বাবাকে কুপিয়ে হত্যাচেষ্টার দায়ে মো. শাহ আলম (৩০) নামের এক যুবককে আদালত মৃত্যুদণ্ড প্রদান করেছেন। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার আরেকটি ধারায় শাহ আলমকে ১০ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশও দেওয়া হয়।
অন্যদিকে, মামলার অপর আসামি মো. সোহাগকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ার কারণে পলাতক আসামি মো. মিন্টুকে আদালত খালাস দিয়েছে।
আরও পড়ুন: সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্যমে বিশেষ সুরক্ষা আইন প্রণয়নসহ ৭ দফা দাবি
রোববার (২২ নভেম্বর) দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইফুল ইসলাম এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত মো. শাহ আলম নাটোর সদর উপজেলার দস্তানাবাদ কুমারদহ এলাকার বাসিন্দা এবং মামলার বাদী মো. শাহাদৎ সর্দারের ছেলে। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মো. সোহাগ একই এলাকার মো. আশরাফের ছেলে।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, দস্তানাবাদ কুমারদহ এলাকার বীজ ব্যবসায়ী শাহাদৎ সর্দারের ছেলে শাহ আলম মাদকাসক্ত ছিলেন। নেশার টাকার জন্য তিনি প্রায়ই জমি বিক্রি করতে পরিবারের উপর চাপ সৃষ্টি করতেন। একবার বাবা আট শতাংশ জমি বিক্রি করে টাকা দিলেও তার চাপ থামেনি।
২০১৭ সালের ১৯ নভেম্বর সন্ধ্যায় শাহ আলম তার মা বিলকিস বেগম এবং ১১ বছর বয়সি ছেলে মো. আলিফ হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেন। ওই সময় বাবা শাহাদৎ সর্দার রাজশাহীর ঝলমলিয়া হাট থেকে বাড়ি ফিরে ফটকে ডাকাডাকি করলে শাহ আলম ধারালো দা নিয়ে ধাওয়া করে তাকেও কুপিয়ে গুরুতর জখম করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে তিনি প্রাণে বেঁচে যান।
আরও পড়ুন: রুশ রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাক্ষাৎ
এ ঘটনায় শাহাদৎ সর্দার বাদী হয়ে নাটোর সদর থানায় ছেলে শাহ আলমের বিরুদ্ধে স্ত্রী ও নাতিকে হত্যার অভিযোগে মামলা করেন। পুলিশ শাহ আলমকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দিলে দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে রোববার আদালত এ রায় দেন।
নাটোর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রুহুল আমিন তালুকদার টগর জানান, রায় ঘোষণার সময় আসামি শাহ আলম ও সোহাগ আদালতে উপস্থিত ছিলেন। বিচারকের এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন