কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
০৬:৪৪ পি.এম
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. খোশবুর রহমান খোকনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে ফরিদপুর জেলা বিএনপি। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ায় স্থানীয় বিএনপির রাজনীতিতে আবারও সক্রিয় হওয়ার সুযোগ তৈরি হয়েছে তাঁর।
শনিবার (২১ নভেম্বর) জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপনের স্বাক্ষরিত এক পত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
জেলা বিএনপির ওই পত্রে বলা হয়েছে, খোশবুর রহমান খোকনের আবেদনের পরিপ্রেক্ষিতে ২১ নভেম্বর ২০২৬ থেকে তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে দলের প্রাথমিক সদস্য হিসেবে দলীয় আদর্শ ও শৃঙ্খলা মেনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে, চলতি বছরের ২৫ জানুয়ারি দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে খোশবুর রহমান খোকনসহ তিন নেতাকে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির সব পদ থেকে বহিষ্কার করেছিল ফরিদপুর জেলা বিএনপি।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের পত্রের অনুলিপি ফরিদপুর-১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম এবং আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়েছে।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রতিক্রিয়ায় খোশবুর রহমান খোকন বলেন, দলের এই সিদ্ধান্তে আমি আনন্দিত ও কৃতজ্ঞ। বিএনপি আমার রাজনৈতিক পরিচয় ও ভালোবাসার জায়গা। অতীতের ভুল-ত্রুটি পেছনে ফেলে দলের আদর্শ, নীতি ও শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল থেকে আগামী দিনে দলের জন্য কাজ করতে চাই। দলের ঐক্য ও সাংগঠনিক শক্তি সুসংহত করতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভূমিকা রাখব। দলের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে দেশ ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চাই।
তিনি আরও বলেন, দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থাকা এবং সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করাই হবে তাঁর আগামী দিনের লক্ষ্য।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হাত ভেঙে অস্ট্রেলিয়া সফরের বাকি অংশ থেকে ছিটকে গেছেন ইংল্যান্ডের অলরাউন্ডার উইল জ্যাকস।
মেলবোর্নে শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে এই চোট পান ২৮ বছর বয়সী জ্যাকস। ম্যাচের শেষদিকে বেন ডয়ারশুইসের ফিরতি ক্যাচের সুযোগ নিতে গিয়ে তার হাতে আঘাত লাগে।
এই চোটের কারণে আগামী ২ ডিসেম্বর ক্যানবেরায় অনুষ্ঠিতব্য সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন টম ব্যান্টন।
নিয়মিত অধিনায়ক হ্যারি ব্রুক দক্ষিণ আফ্রিকা সফরের প্রস্তুতির জন্য নির্ধারিত সময়ের আগেই অস্ট্রেলিয়া ছাড়বেন। তার অনুপস্থিতিতে শেষ টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করার কথা ছিল জ্যাকসের।
আগামী ১৭ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলবে ইংল্যান্ড।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নানা জল্পনার পর অবশেষে পাকিস্তানের জলবায়ুবিষয়কমন্ত্রী মুসাদ্দিক মালিক তাজমহল পরিদর্শনের অনুমতি পেয়েছেন, যা ভারতের আগ্রায় অবস্থিত। তবে, দিল্লির নিজামুদ্দিন দরগায় যাওয়ার জন্য তার অনুরোধ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গ্রহণ করেনি।
এ তথ্যটি হিন্দুস্তান টাইমসের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ২০২৫ সালে পেহেলগাম সন্ত্রাসী হামলার পর এই প্রথমবার পাকিস্তানের কোনো মন্ত্রী ভারত সফর করছেন।
পাকিস্তানের এই মন্ত্রী দিল্লিতে চলমান সাংহাই কোঅপারেশন অরগানাইজেশনের (এসসিও) প্রথম সভ্যতাবিষয়ক সংলাপ ফোরামে প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে গেছেন।
এর আগে এনডিটিভি সরকারি সূত্রের বরাত দিয়ে জানায়, সফরের সময় আগ্রার ঐতিহাসিক মুঘল স্থাপত্য তাজমহল এবং দিল্লির হজরত নিজামুদ্দিন দরগাহ পরিদর্শনের অনুমতি চেয়েছিলেন তিনি। কিন্তু এসসিও সম্মেলনের বাইরে অন্য কোনো স্থানে যাওয়ার অনুমতি দিল্লি দেয়নি। তবে, নিজামুদ্দিন দরগায় যাওয়ার অনুমতি না পেলেও, শেষ পর্যন্ত তাজমহলে যাওয়ার অনুমতি মিলে গেছে পাকিস্তানি মন্ত্রীর।
সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, মুসাদ্দিক মালিকের নেতৃত্বাধীন পাকিস্তানি প্রতিনিধি দল দিল্লিতে আরো কিছু স্থান পরিদর্শন করতে পারবেন, যার মধ্যে রয়েছে হুমায়ুনের সমাধি এবং দিল্লি হাট। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা সংক্রান্ত ইস্যুর কারণে নিজামুদ্দিন দরগা পরিদর্শনের প্রস্তাবটি অনুমোদন করেনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ময়মনসিংহের তারাকান্দা এলাকায় পুলিশের বিশেষ অভিযানের মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিসকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাকের আহমেদ বাবুলকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে ২২ নভেম্বর (রবিবার) দুপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
গ্রেফতার হওয়া সাকের আহমেদ বাবুল নিষিদ্ধ ঘোষিত উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত। তিনি বিসকা ইউনিয়নের গজহরপুর গ্রামের মৃত ছফির উদ্দিন মাস্টারের পুত্র। ২০২১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় তিনি বিসকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) লিটন চন্দ্র পাল জানান, গতকাল রাতে থানার অফিসার ইনচার্জ আঃ রাশিদের নির্দেশে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে সাকের আহমেদ বাবুলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গণ-অধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ মন্তব্য করেছেন যে, বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমান এবং স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যে প্রতিভাত হচ্ছে যে তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দায়িত্ব গ্রহণ করেছেন।
তিনি আজ রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে এ বিষয়ে আলোকপাত করেন।
আবু হানিফ তার পোস্টে উল্লেখ করেন, কিশোরগঞ্জ-৪ আসনের সদস্য এডভোকেট ফজলুর রহমান নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন সময় বক্তব্য প্রদান করে যাচ্ছেন। তিনি জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর জামায়াতের বিরোধিতা করতে গিয়ে প্রায়ই নিষিদ্ধ আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন। ফজলুর রহমান মনে হচ্ছে ভুলে গেছেন যে, যদি জুলাই মাসের গণঅভ্যুত্থান না ঘটতো, তাহলে তিনি সংসদ সদস্য হতে পারতেন না। অথচ তিনি প্রায়ই জুলাইয়ের বিরোধিতা করেন। এই ফজলুর রহমান এক সময় নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য ছিলেন, তাই কথায় আছে, ‘ওয়ান্স এ আওয়ামী লীগ অলওয়েজ আওয়ামী লীগ’।
আবু হানিফ আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আরেক সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেন। তবে জয়লাভের পর সংসদে তিনি সরকারের বিরুদ্ধে ভুল তথ্য উপস্থাপন করেছেন। মান অভিমানে তিনি বিএনপি সরকারের বিরোধিতার নামে যেন নিষিদ্ধ আওয়ামী লীগের মুখপাত্রের অঘোষিত দায়িত্ব পালন করছেন। অথচ গত কয়েকদিন ধরে গোপালগঞ্জে থানায় অগ্নিসংযোগ, মানুষের ব্যবসা প্রতিষ্ঠান ও হাসপাতালে ভাঙচুরের বিষয়ে ফজলুর রহমান এবং রুমিন ফারহানা বিন্দুমাত্র প্রতিবাদ করেননি।
পোস্টের শেষে আবু হানিফ বলেন, সংসদ সদস্য ফজলুর রহমান এবং রুমিন ফারহানার বক্তব্য ও কার্যকলাপে প্রতিভাত হচ্ছে যে তারা নিষিদ্ধ আওয়ামী লীগের দায়িত্ব গ্রহণ করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ