১২:৪০ পি.এম
কুমিল্লার বুড়িচংয়ে একটি পারিবারিক বিরোধের কারণে বড় ভাইয়ের হাতে ছোটভাই খুনের ঘটনা ঘটেছে। মাদক ব্যবসার টাকা-পয়সা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে। মঙ্গলবার দুপুরে উপজেলার মোকাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাকিয়ারচর পশ্চিমপাড়া গ্রামের নবী মেম্বার বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত জাকির (২৮) ওই এলাকার আইয়ুব আলীর পুত্র। ঘটনার পর অভিযুক্ত বড় ভাই শাকিল (৩২) পলাতক রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে যে, জাকির ও শাকিলের মধ্যে বেশ কিছুদিন ধরে পারিবারিক বিষয় এবং মাদকসংক্রান্ত লেনদেন নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুর ১টার দিকে শাকিল বাড়িতে আসলে দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা মারামারিতে রূপ নেয়।
এ সময় শাকিল জাকিরকে লাঠি ও ধারালো বস্তু দিয়ে মাথার পেছনসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের মতে, গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই জাকিরের মৃত্যু ঘটে। পরে পরিস্থিতি খারাপ বুঝতে পেরে শাকিল ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
আরও পড়ুন: বরিশালে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের
স্থানীয়রা জানান, সন্ধ্যা ৬টার দিকে বিষয়টি স্থানীয় চৌকিদার মোকলেসকে জানানো হয়। এরপর তিনি পুলিশকে খবর দেন। পুলিশ দেবপুর ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ শুরু করেন।
পুলিশ জানায়, নিহত জাকির হত্যাসহ একাধিক মামলার আসামি ছিলেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, তিনি মাদক ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার একাধিকবার বিরোধের ঘটনা ঘটেছে। ঘটনার দিন মাদক ব্যবসার টাকা-পয়সা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দুই ভাইয়ের বিরোধের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে পুলিশের প্রাথমিক ধারণা।
দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) সুরেজীত বড়ুয়া জানান, ঘটনার বিষয়ে প্রাথমিক তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: বৃষ্টিতে কাদায় বিপর্যস্ত ঝিনাইদহের নতুন হাটখোলা বাজার, জনদুর্ভোগ চরম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন