বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
১১:০৪ এম
জার্মানির ট্রিয়ার ক্যাথলিক ডায়োসিসে ৭৫ বছরের মধ্যে অন্তত ৭৮৩ জন শিশু-কিশোর এবং সুরক্ষার প্রয়োজন এমন প্রাপ্তবয়স্ক যৌন নির্যাতনের শিকার হয়েছেন। ১৯৪৬ থেকে ২০২১ সাল পর্যন্ত এই ঘটনাগুলি সংঘটিত হয়েছে। গবেষকরা ২৫২ জন অভিযুক্তকে শনাক্ত করেছেন।
বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত ট্রিয়ার বিশ্ববিদ্যালয়ের গবেষকদের চূড়ান্ত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। গবেষকদের হিসাব অনুযায়ী, শনাক্ত হওয়া ব্যক্তিদের সংখ্যা কেবল নথিভুক্ত ও প্রকাশ্যে আসা ঘটনার চিত্র তুলে ধরে। যাঁরা নির্যাতনের কথা জানাননি, তাঁদের সংখ্যা অজানা, কারণ ভয়, লজ্জা এবং সামাজিক চাপের কারণে অনেকেই মুখ খুলতে পারেননি।
গবেষণায় দেখা গেছে, অধিকাংশ নির্যাতনের ঘটনা ঘটেছে ধর্মযাজকদের আবাসিক ভবন, গির্জা, প্রার্থনাকক্ষ, গির্জা পরিচালিত ছাত্রাবাস ও আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানে। কয়েকজন ধর্মযাজক শিশুদের কাছে যাওয়ার সুযোগ নিতে স্বীকারোক্তি গ্রহণের ধর্মীয় রীতিও ব্যবহার করেছেন। অন্তত ২০টি ঘটনায় ভুক্তভোগীদের নিজেদের বাড়িতে নির্যাতন করা হয়েছে।
গবেষকদের মতে, ক্যাথলিক সম্প্রদায়ের মানুষের মধ্যে ধর্মযাজকদের প্রতি গভীর আস্থা এবং তাঁদের সঙ্গে পরিবারের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে শিশুরা নির্যাতনের কথা প্রকাশ করতে পারেনি। অনেক ক্ষেত্রে ভুক্তভোগীদের নিজেদের পরিবারও নীরব থাকার জন্য চাপ দিয়েছে। ফলে বছরের পর বছর এসব ঘটনা আড়ালে থেকে গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গির্জার কয়েকজন শীর্ষ কর্মকর্তা নির্যাতনের দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন এবং অভিযুক্ত ব্যক্তিদের সুরক্ষা দিয়েছেন। শনাক্ত হওয়া ৩৫ জনকে একাধিকবার বা গুরুতর নির্যাতনের ঘটনায় জড়িত হিসেবে চিহ্নিত করা হয়েছে। গবেষকদের হিসাব অনুযায়ী, নথিভুক্ত নির্যাতনের ৫৬ শতাংশের জন্য দায়ী এই গোষ্ঠী।
ভুক্তভোগীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন মিসবিট জানিয়েছে, চূড়ান্ত প্রতিবেদনে নির্যাতনের ঘটনা ধামাচাপা দিতে গির্জার কর্মকর্তাদের ভূমিকা এবং ক্ষমতার অপব্যবহারের বিষয়টি স্পষ্ট হয়েছে।
সংগঠনটির দাবি, ২০২১ সালের পরও নির্যাতনের ঘটনা ঘটেছে। তাই ভুক্তভোগীদের পূর্ণাঙ্গ অংশগ্রহণ নিশ্চিত করা এবং প্রকৃত জবাবদিহি প্রতিষ্ঠার দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানিয়েছেন, ভবিষ্যতে প্রাণির জন্য বিদেশ থেকে ভ্যাকসিন আমদানি বন্ধ করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
তিনি বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদফতরের আয়োজিত এক অনুষ্ঠানে এই তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, “এবারই প্রথম ঈদুল আজহায় ভারত থেকে গরু আমদানি করতে হয়নি। এরই মধ্যে এই খাত থেকে ৩০৯ কোটি টাকা রফতানি আয় করতে সক্ষম হয়েছি।”
তিনি আরও উল্লেখ করেন, “এই খাতের উন্নয়নের কাজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করেছিলেন। বেগম খালেদা জিয়া সেই ধারাবাহিকতা বজায় রেখেছিলেন। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার সেটি বন্ধ করে দিয়েছিল।”
সালাউদ্দিন টুকু জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আবারও এ খাতের উন্নয়নে কাজ করা হচ্ছে।
প্রাণির খাদ্য নিরাপদ করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “আমরা এরই মধ্যে ভ্যাকসিন উৎপাদন শুরু করেছি। বর্তমানে দেশের চাহিদার ১৫ শতাংশ ভ্যাকসিন উৎপাদন করি। ভবিষ্যতে যাতে ভ্যাকসিন আমদানি করতে না হয়, সে লক্ষ্যে পদক্ষেপ নিচ্ছি।”
তালাশ বিডি/মিডিয়া লিঃ
একটি জনপদের মানুষের বঞ্চনার প্রকৃতি বোঝার জন্য সব সময় পরিসংখ্যানের প্রয়োজন হয় না। কখনো অসুস্থ শিশুকে কোলে নিয়ে পাহাড়ি পথ অতিক্রম করা বাবার মুখের দিকে তাকালেই রাষ্ট্রীয় ব্যবস্থার সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে ওঠে।
কখনো প্রসববেদনায় কাতর এক নারীকে চিকিৎসাকেন্দ্রে পৌঁছাতে পরিবারের সদস্যদের যে দুর্ভোগ পোহাতে হয়, তা উন্নয়নের প্রচলিত বয়ানের সামনে একটি কঠিন প্রশ্নচিহ্ন সৃষ্টি করে। বাংলাদেশের পার্বত্য অঞ্চলের বহু দুর্গম জনপদে স্বাস্থ্যসেবা এখনো এমন একটি নাগরিক অধিকার, যার প্রাপ্তি নির্ভর করে ভৌগোলিক অবস্থান, যোগাযোগব্যবস্থা, চিকিৎসকের উপস্থিতি এবং পরিবারের আর্থিক সামর্থ্যের ওপর। অসুস্থতার সঙ্গে লড়াই শুরু হওয়ার আগেই মানুষকে সেখানে দূরত্বের বিরুদ্ধে লড়তে হয়।
পাহাড়ের জীবন প্রকৃতির সঙ্গে নিবিড়ভাবে জড়িত। সবুজ অরণ্য, আঁকাবাঁকা পাহাড়ি পথ, ঝিরি ও ছড়া এই জনপদের স্বাভাবিক পরিচয়। অথচ প্রকৃতির এই অপরূপ আবহের অন্তরালে মানুষের জীবনযাত্রায় রয়েছে বহুমাত্রিক প্রতিকূলতা। বর্ষায় পাহাড়ি পথ পিচ্ছিল হয়ে ওঠে, কোথাও সড়ক ক্ষতিগ্রস্ত হয়, কোথাও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে জনপদ। এমন পরিস্থিতিতে জ্বর, ডায়রিয়া, শ্বাসকষ্ট কিংবা দুর্ঘটনাজনিত আঘাতও পরিবারের জন্য গুরুতর উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। মানচিত্রে যে দূরত্ব কয়েক কিলোমিটার, বাস্তবে তা কখনো কয়েক ঘণ্টার দুরূহ যাত্রা। জরুরি চিকিৎসার ক্ষেত্রে এই সময়ক্ষেপণ রোগীর অবস্থাকে আরো জটিল করে তুলতে পারে।
স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ করলেই দায়িত্ব শেষ হয় না। সেখানে চিকিৎসক, নার্স, প্রয়োজনীয় ওষুধ, রোগ নির্ণয়ের সরঞ্জাম, বিদ্যুৎ, নিরাপদ পানি এবং জরুরি রোগী পরিবহনের ব্যবস্থা থাকতে হয়। প্রত্যন্ত গ্রামের মানুষ কোথায় প্রাথমিক চিকিৎসা পান, নিকটতম স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছাতে কত সময় লাগে, জরুরি রোগী পরিবহনের কী ব্যবস্থা রয়েছে এবং চিকিৎসাকেন্দ্রগুলোতে জনবল ও ওষুধের প্রাপ্যতা কেমন-এসব প্রশ্নের উত্তর মাঠপর্যায়ের তথ্যের ভিত্তিতে নির্ধারণ করতে হবে।
গর্ভকালীন পরীক্ষা, নিরাপদ প্রসব, শিশুর নিয়মিত টিকাদান কিংবা ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো রোগের ধারাবাহিক চিকিৎসা নিশ্চিত করতে নিকটবর্তী স্বাস্থ্যসেবার বিকল্প নেই। পরিবারের আয় কম হলে যাতায়াত, পরীক্ষা ও ওষুধের ব্যয় মেটানো আরো কঠিন হয়ে পড়ে। পাহাড়ের উন্নয়নকে শুধু সড়ক, পর্যটনকেন্দ্র কিংবা দৃশ্যমান অবকাঠামোর নিরিখে বিচার করলে মানুষের জীবনের মৌলিক প্রশ্নগুলো আড়ালেই থেকে যাবে।
লেখক: কবি ও ছড়াকার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে সড়কের পাশে পার্কিং করা একটি বাস অগ্নিকাণ্ডের ফলে সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গেছে। এই আগুনের কারণে পাশের দোকানের সাইনবোর্ড ও সিসি ক্যামেরাও পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে রামগঞ্জ বাস স্ট্যান্ডের রেস্ট হাউসের সামনে পার্কিংয়ে থাকা বাসটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ধারণা করছে, কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত বাসটির মালিক হচ্ছেন স্থানীয় কাজিরখিল চৌকিদার বাড়ির আমজাদ হোসেন। রাতে চালক মমিন হোসেন বাসটি ঘটনাস্থলে পার্কিং করে রেখে যান। ঘটনার সময় চালক গাড়িতে উপস্থিত ছিলেন না। তবে বাসটির হেলপার হেলাল প্রতিদিনের মতো রাতেও গাড়ির ভেতরে ঘুমিয়ে ছিলেন। তিনি ফজরের নামাজের জন্য মসজিদে যাওয়ার পর ফিরে এসে বাসে আগুন জ্বলতে দেখেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বাস মালিক আমজাদ হোসেন জানান, "অগ্নিকাণ্ডে বাসটি পুড়ে যাওয়ায় আমার ব্যাপক ক্ষতি হয়েছে। আগুনে পাশের রাজু অটোর সামনে থাকা সাইনবোর্ড ও সিসিটিভি ক্যামেরাও পুড়ে যায়।"
দোকান মালিক ইউছুফ আলী বাবু জানান, "বাসটি এখানে রাখতে নিষেধ করা হলেও চালক তা শোনেননি। অগ্নিকাণ্ডে তাদের প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে।"
রামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা রেজাউল করীম জানান, "খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর আগেই বাসটি পুড়ে যায়। বাসের একটি সিটের ওপর কয়েল দেখতে পাওয়া গেছে। এতে প্রাথমিকভাবে কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।"
রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, "আগুনের ঘটনা তদন্ত করা হচ্ছে। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় ভোটার তালিকা থেকে বাবার নাম বাদ যাওয়ার কারণে আড়াই মাস বয়সী একটি শিশুকন্যার জন্মসনদ প্রদান করতে অস্বীকার করার অভিযোগ উঠেছে।
কোচবিহার জেলার খাতামারি গ্রামের বাসিন্দা আমিনা খাতুন গত ৯ সেপ্টেম্বর দিনহাটা মহকুমা হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন। শিশুটির জন্মসনদ সংগ্রহের জন্য তিনি স্বামী আবদুল হাবিবকে সঙ্গে নিয়ে হাসপাতাল ও স্থানীয় পঞ্চায়েত কার্যালয়ে যান। কিন্তু সেখানে তাদের জানানো হয়, জন্মসনদ পেতে হলে প্রথমে পঞ্চায়েত প্রধান অথবা স্থানীয় বিধায়কের কাছ থেকে বসবাসের সত্যতা যাচাইয়ের সনদ সংগ্রহ করতে হবে।
এরপর হাবিব দিনহাটার বিধায়ক অজয় রায়ের কার্যালয়ে যোগাযোগ করেন। কিন্তু সেখান থেকেও তার আবেদন প্রত্যাখ্যাত হয়। তাকে জানানো হয়, বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার কারণে ভোটার তালিকা থেকে তার নাম বাদ পড়ায় শিশুটির জন্মসনদ প্রদান সম্ভব নয়।
হাবিব ‘দ্য হিন্দু’কে বলেন, ‘বিধায়কের কার্যালয়ের এক কর্মকর্তা আমাকে বাংলাদেশি নাগরিক বলে অভিহিত করেন। তিনি বলেন, আগে জাতীয় নাগরিক নিবন্ধনে (এনআরসি) নিজের নাম নথিভুক্ত করতে হবে। আমি কেন তা করতে যাব? জন্মের পর থেকে ভারতে বসবাস করছি। খাতামারিতে আমার বাড়িটি তৈরি করেছিলেন আমার দাদা। সব ধরনের নথিপত্র দেখিয়েছি, তারপরও তারা জন্মসনদ দিতে অস্বীকার করেছেন।’
তিনি আরো জানান, সাহেবগঞ্জের ব্লক উন্নয়ন কর্মকর্তার (বিডিও) কার্যালয়েও একই কারণে তার আবেদন প্রত্যাখ্যাত হয়েছে।
হাবিবের পরিবারের অন্যান্য সদস্যরাও ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার শিকার হয়েছেন। তার তিন বোনের নামও তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন তাদের ‘যৌক্তিক অসংগতি’র বিষয়ে শুনানির জন্য তলব করেছে। কমিশনের দাবি, আরো ছয়জন ব্যক্তি হাবিবের বাবাকে নিজেদের বাবা হিসেবে ভোটার তালিকায় উল্লেখ করেছেন।
হাবিবের বাবা-মা, স্ত্রী আমিনা খাতুন এবং বড় বোনের নাম এখনো ভোটার তালিকায় রয়েছে। নিজের নাম পুনর্বহালের জন্য তিনি ট্রাইব্যুনালে আপিল করেছেন। তবে সেই আবেদনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।
শিশুটির জন্মসনদ প্রদানে প্রশাসনিক বাধা সৃষ্টির ঘটনায় তীব্র আপত্তি জানিয়েছে অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটস (এপিসিআর)। সংগঠনটি অবিলম্বে শিশুটির জন্মনিবন্ধন ও জন্মসনদ নিশ্চিত করার দাবি জানিয়েছে।
মাকতুবের সঙ্গে শেয়ার করা এক বিবৃতিতে এপিসিআর বলেছে, জন্মনিবন্ধন একটি আইনগত বাধ্যবাধকতা। জাতিসংঘের শিশু অধিকার সনদের (ইউএনসিআরসি) ৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, প্রতিটি শিশুর অবিলম্বে জন্মনিবন্ধন ও আইনগত পরিচয় পাওয়ার অধিকার রয়েছে। শিশুর আইনগত পরিচয়ের অধিকার কোনোভাবেই তার বাবা-মায়ের নির্বাচনি অবস্থানের সঙ্গে যুক্ত করা যায় না। এসআইআর-সংক্রান্ত প্রশাসনিক বিরোধ কোনো নবজাতকের মৌলিক অধিকারের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না।
সংগঠনটি জানিয়েছে, এ বিষয়ে জরুরি আইনি আবেদন নিয়ে কোচবিহারের জেলা ম্যাজিস্ট্রেটের কাছে যাবে তারা।
এদিকে, সাম্প্রতিক মাসগুলোতে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় এসআইআরের মাধ্যমে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর বাসিন্দাদের মৌলিক পরিষেবা ও সরকারি প্রকল্পের সুবিধা পেতে বাধার মুখে পড়ার একাধিক অভিযোগ সামনে এসেছে।
সূত্র: মাকতুব মিডিয়া
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ