প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লক্ষ্মীপুরের রামগঞ্জে সড়কের পাশে পার্কিং করা একটি বাস অগ্নিকাণ্ডের ফলে সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গেছে। এই আগুনের কারণে পাশের দোকানের সাইনবোর্ড ও সিসি ক্যামেরাও পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে রামগঞ্জ বাস স্ট্যান্ডের রেস্ট হাউসের সামনে পার্কিংয়ে থাকা বাসটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ধারণা করছে, কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত বাসটির মালিক হচ্ছেন স্থানীয় কাজিরখিল চৌকিদার বাড়ির আমজাদ হোসেন। রাতে চালক মমিন হোসেন বাসটি ঘটনাস্থলে পার্কিং করে রেখে যান। ঘটনার সময় চালক গাড়িতে উপস্থিত ছিলেন না। তবে বাসটির হেলপার হেলাল প্রতিদিনের মতো রাতেও গাড়ির ভেতরে ঘুমিয়ে ছিলেন। তিনি ফজরের নামাজের জন্য মসজিদে যাওয়ার পর ফিরে এসে বাসে আগুন জ্বলতে দেখেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বাস মালিক আমজাদ হোসেন জানান, "অগ্নিকাণ্ডে বাসটি পুড়ে যাওয়ায় আমার ব্যাপক ক্ষতি হয়েছে। আগুনে পাশের রাজু অটোর সামনে থাকা সাইনবোর্ড ও সিসিটিভি ক্যামেরাও পুড়ে যায়।"
দোকান মালিক ইউছুফ আলী বাবু জানান, "বাসটি এখানে রাখতে নিষেধ করা হলেও চালক তা শোনেননি। অগ্নিকাণ্ডে তাদের প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে।"
রামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা রেজাউল করীম জানান, "খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর আগেই বাসটি পুড়ে যায়। বাসের একটি সিটের ওপর কয়েল দেখতে পাওয়া গেছে। এতে প্রাথমিকভাবে কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।"
রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, "আগুনের ঘটনা তদন্ত করা হচ্ছে। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন