ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পাইকগাছায় পুলিশের অভিযানে ১৩ গ্রেপ্তার, অপহৃত তরুণী উদ্ধার


পাইকগাছায় পুলিশের অভিযানে ১৩ গ্রেপ্তার, অপহৃত তরুণী উদ্ধার

খুলনার পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানের মাধ্যমে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলার ১৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে ১৩০ পিস ইয়াবা। একই অভিযানের অংশ হিসেবে ঢাকার সাভারের আমিনবাজার এলাকা থেকে অপহরণের শিকার এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের সূত্র অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হত্যা, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ, কিশোর গ্যাং, নিয়মিত মামলা ও সাজা পরোয়ানাসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে হত্যা মামলার আসামি হান্নান গাজী এবং সাজা পরোয়ানাভুক্ত নিত্য কর্মকারকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া, ১৩০ পিস ইয়াবাসহ আব্দুল আজিজ গাজী ও তার সহযোগী রুহুল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় হযরত আলী ঢালী, নাজমুল ঢালী, সাব্বির শেখ, টিটু মোড়ল, অহিদ, মুরাদ, সুমন ও রাজিবুল আলমকেও গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত অসুস্থ মন্ত্রীকে দেখতে হাসপাতালে যাননি

অন্যদিকে, অপহরণের শিকার মরিয়ম সুলতানা মিমকে উদ্ধার করতে ঢাকার সাভার উপজেলার আমিনবাজার এলাকায় অভিযান চালায় পুলিশ।

পাইকগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে উদ্ধার করে। পরে তাকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আওয়াল কবির জানিয়েছেন, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলার আসামিসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অপহরণসহ অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের চেষ্টাকালে দুজন গ্রেপ্তার, আদালতে পাঠানো

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


কুমিল্লায় বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় কার্যালয়, কুমিল্লার আওতাধীন চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা (উত্তর) মুখ্য অঞ্চল এবং কুমিল্লা (দক্ষিণ) অঞ্চলের শাখাসমূহের ব্যবস্থাপক ও মাঠকর্মীদের অংশগ্রহণে বিভাগীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি কুমিল্লার কোটবাড়ি রোড, ধনপুর, হালিমনগরে অবস্থিত ব্যুরো বাংলাদেশ মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রের সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ২০২৫-২০২৬ অর্থবছরের অর্জন পর্যালোচনা করা হয় এবং ২০২৬-২০২৭ অর্থবছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রার শতভাগ অর্জনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সম্মেলনে বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি উল্লেখ করেন যে, কৃষি ঋণ প্রতিটি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা প্রয়োজন। ঋণ বিতরণ, ঋণ আদায় ও আমানত সংগ্রহের বিষয়ে বিশদ গুরুত্ব দিয়ে সকল ব্যবসায়িক লক্ষ্যমাত্রার শতভাগ অর্জন নিশ্চিত করার জন্য তিনি নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি প্রতিটি শাখাকে লাভজনক শাখায় উন্নীত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন।

সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী এবং উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আঃ রহিম।

কুমিল্লা বিভাগের মহাব্যবস্থাপক মোঃ ফাতেহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা প্রবীর কুমার দাস, সংশ্লিষ্ট মুখ্য অঞ্চল ও অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপকগণ এবং আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তাগণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর কোটি কোটি ডলারের তেল চোরাচালান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর কোটি কোটি ডলারের তেল চোরাচালান

ইরাকে সক্রিয় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো প্রতি বছর শত শত মিলিয়ন ডলার অবৈধভাবে আয় করছে অপরিশোধিত জ্বালানি তেল চোরাচালানের মাধ্যমে। এই বিপুল পরিমাণ অর্থ মধ্যপ্রাচ্যে ইরানের আঞ্চলিক প্রভাব বিস্তার এবং মিত্র সশস্ত্র সংগঠনগুলোর সামরিক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য একটি প্রধান আর্থিক উৎসে পরিণত হয়েছে।

সংশ্লিষ্ট বিভিন্ন নথিপত্র, গোয়েন্দা তথ্য এবং জ্বালানি খাতের কর্মকর্তাদের বরাতে জানা গেছে যে, ইরাকের রাষ্ট্রীয় তেল উৎপাদন ও বিতরণ ব্যবস্থার দুর্বলতাকে কাজে লাগিয়ে একটি সুসংগঠিত চোরাচালান নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে। ইরাকের বিভিন্ন তেলক্ষেত্র এবং সরকারি বরাদ্দকৃত জ্বালানি ডিপো থেকে বিশেষ কারসাজির মাধ্যমে প্রতিদিন হাজার হাজার ব্যারেল অপরিশোধিত তেল ও জ্বালানি সরিয়ে নেওয়া হয়। পরে ভুয়া নথিপত্র তৈরি করে এবং ইরাকি তেলের সাথে মিশিয়ে এগুলো প্রতিবেশী দেশ ও আন্তর্জাতিক কালোবাজারে পাচার করা হয়।

বিশ্লেষকদের মতে, মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের বৈধ তেল রপ্তানি সংকুচিত হয়ে পড়ায় তেহরান ও তাদের মিত্ররা বিকল্প অর্থসংস্থানের পথ হিসেবে ইরাকের এই জ্বালানি খাতকে বেছে নিয়েছে। ইরাকের স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর একাংশের যোগসাজশ থাকায় এই চোরাচালান চক্রটি দীর্ঘদিন ধরে নির্বিঘ্নে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এই অবৈধ তেল বাণিজ্যের মাধ্যমে অর্জিত অর্থ কেবল ইরাকের সশস্ত্র মিলিশিয়াদের শক্তিশালী করছে না, বরং মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে সক্রিয় ইরানপন্থী গোষ্ঠীগুলোর তহবিল জোগাতেও ব্যবহৃত হচ্ছে। এর ফলে ইরাকের নিজস্ব অর্থনীতি প্রতি বছর বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে এবং দেশটির জ্বালানি খাতের স্বচ্ছতা বড় ধরনের প্রশ্নের মুখে পড়েছে। সূত্র: রয়টার্স।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সার্বিয়ায় যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলটের মৃত্যু নিশ্চিত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


সার্বিয়ায় যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলটের মৃত্যু নিশ্চিত

ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : সার্বিয়ার উত্তরাঞ্চলে মঙ্গলবার দেশের সেনাবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলটের মৃত্যু ঘটেছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটিএস এই তথ্য প্রকাশ করেছে।

বেলগ্রেড থেকে বার্তা সংস্থা এএফপি এ বিষয়ে খবর দিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, রাজধানী বেলগ্রেড থেকে প্রায় ৪৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে নোভা পাজোভা ও স্তারা পাজোভা শহরের মধ্যবর্তী একটি মাঠে মিগ-২৯ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শীতে শিশু ও পরিবারের সর্দি-জ্বর প্রতিরোধে পাঁচটি করণীয়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৭ পি.এম


শীতে শিশু ও পরিবারের সর্দি-জ্বর প্রতিরোধে পাঁচটি করণীয়

শীতকাল আসলেই সর্দি, কাশি ও জ্বরের প্রকোপ বৃদ্ধি পেতে শুরু করে। যদি পরিবারের একজন সদস্য আক্রান্ত হন, তবে দ্রুত অন্যদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে শিশুদের শীতকালে ভাইরাসজনিত অসুস্থতা নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ থাকে। এ সময় স্কুলে যাওয়া, কর্মস্থলে উপস্থিতি কিংবা পরিবারের সদস্যদের নিয়ে বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনাও ব্যাহত হতে পারে। তবে কিছু স্বাস্থ্যবিধি অনুসরণ করলে শীতকালীন সংক্রমণের ঝুঁকি কমানো সম্ভব।

সর্দি এবং ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু—দুটিই শ্বাসতন্ত্রের ভাইরাসজনিত সংক্রমণ। তবে এই দুটি অসুস্থতার জন্য দায়ী ভাইরাস আলাদা। সাধারণ সর্দিতে নাক দিয়ে পানি পড়া, হাঁচি ও গলাব্যথার মতো উপসর্গ ধীরে ধীরে দেখা দেয়। অন্যদিকে, ফ্লুর লক্ষণ দ্রুত প্রকাশ পায়। ফ্লুর সঙ্গে জ্বর, শরীরব্যথা ও অতিরিক্ত ক্লান্তি থাকতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) চিকিৎসক অ্যাবি ব্রুকস শীতকালে শিশু ও পরিবারের সদস্যদের সুস্থ রাখতে কিছু পরামর্শ দিয়েছেন। তিনি ইয়র্কের প্রিয়রি মেডিকেল গ্রুপের চিকিৎসক।

১. নিয়মিত ও ভালোভাবে হাত ধোয়া

সর্দি-কাশির জীবাণু আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে ছড়ায়। হাত ও বিভিন্ন পৃষ্ঠে এসব জীবাণু ২৪ ঘণ্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে। তাই নিয়মিত হাত ধোয়া অত্যন্ত জরুরি। বিশেষ করে নাক ঝাড়া, হাঁচি বা কাশির পর সাবান দিয়ে হাত পরিষ্কার করতে হবে। আঙুলের ফাঁক, হাতের পেছনের অংশ ও তালু ভালোভাবে ঘষে ধোতে হবে।

২. সঙ্গে রাখুন টিস্যু

হাঁচি বা কাশির সময় নাক ও মুখ টিস্যু দিয়ে ঢেকে রাখতে হবে। ব্যবহারের পর টিস্যু নির্দিষ্ট স্থানে ফেলে হাত পরিষ্কার করতে হবে। যদি টিস্যু না থাকে, তবে হাতের তালুর পরিবর্তে কনুইয়ের ভাঁজে হাঁচি-কাশি দেওয়া উচিত। এতে জীবাণু ছড়িয়ে পড়ার ঝুঁকি কমে।

৩. খাবারে নিশ্চিত করুন ভিটামিন ও খনিজ

শরীরের রোগ প্রতিরোধক্ষমতা ঠিক রাখতে ভিটামিন ও খনিজের প্রয়োজন। তাই শিশুদের প্রতিদিনের খাবারে পুষ্টিকর খাবার রাখতে হবে। চিকিৎসক ব্রুকসের মতে, খাবারের মাধ্যমেই প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ গ্রহণ সবচেয়ে ভালো। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে মাল্টিভিটামিন নেওয়া যেতে পারে। পাশাপাশি শিশুদের পর্যাপ্ত পানি পান নিশ্চিত করতে হবে।

৪. সুযোগ পেলেই বাইরে সময় কাটান

শীতের সময় ঘরের ভেতরে থাকতে ভালো লাগলেও আবহাওয়া অনুকূলে থাকলে কিছু সময় বাইরে কাটানো উপকারী। ঘরের জানালা খুলে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে। এতে ঘরের বায়ু চলাচল বাড়ে এবং বদ্ধ পরিবেশে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি কমাতে সহায়তা করে।

৫. ফ্লুর টিকা নিতে ভুলবেন না

ফ্লু থেকে সুরক্ষায় শিশুদের টিকা গুরুত্বপূর্ণ। যুক্তরাজ্যে প্রতি বছর শরৎ কিংবা শীতের শুরুতে এনএইচএসের মাধ্যমে শিশুদের ফ্লুর টিকা দেওয়া হয়। দুই থেকে তিন বছর বয়সি শিশু, স্কুলপড়ুয়া শিশু এবং দীর্ঘমেয়াদি কিছু স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত শিশুদের এ টিকা দেওয়ার সুপারিশ করা হয়। সাধারণত ছোট শিশুদের চিকিৎসকের মাধ্যমে এবং স্কুলপড়ুয়াদের শিক্ষাপ্রতিষ্ঠানে টিকা দেওয়া হয়।

চিকিৎসক ব্রুকস বলেন, শিশুরা ফ্লুতে গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারে। আবার হালকা উপসর্গ থাকলেও তাদের মাধ্যমে পরিবারের বয়স্ক ও ঝুঁকিপূর্ণ সদস্যদের মধ্যে সংক্রমণ ছড়াতে পারে। তাই শিশুদের ফ্লুর টিকা নেওয়ার পরামর্শ দেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%