০৯:০২ পি.এম
নারায়ণগঞ্জের ফতুল্লা বাজারে অভিযান চালিয়ে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট (ডব্লিউসিসিইউ) ১৭টি বন্যপাখি উদ্ধার করে অবমুক্ত করেছে।
শুক্রবার (৫ জুন) জেলার ফতুল্লা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে বিভিন্ন প্রজাতির মোট ১৭টি বন্যপাখি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া পাখিগুলোর মধ্যে ছিল কালিম, শালিক, টিয়া, ময়না ও ঘুঘু।
আরও পড়ুন: পার্বত্য চুক্তি বাতিল ও সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি
এসময় পাখিগুলোর স্বাস্থ্য ও উড়তে সক্ষমতা পরীক্ষা করা হয়, যেসব পাখি সুস্থ ও উড়তে সক্ষম ছিল, সেগুলোকে তাৎক্ষণিকভাবে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।
বন্যপ্রাণী পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এসব বন্যপাখি উদ্ধার করা হয়েছে। উদ্ধারপ্রাপ্ত পাখিগুলো সুস্থ থাকার কারণে সেগুলোকে তাৎক্ষণিকভাবে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের বন্যপ্রাণী, বিশেষ করে বন্যপাখি সংরক্ষণে গুরুত্ব দিয়ে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬ প্রণয়ন করেছে। নতুন আইনে অধিকাংশ বন্যপাখির ক্রয়-বিক্রয়, প্রদর্শন, দখল ও বাণিজ্যকে আমলযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে।
বন অধিদপ্তর জানায়, ভবিষ্যতে ফতুল্লা বাজারসহ অন্য কোনো স্থানে কেউ বন্যপাখি শিকার, বিক্রি, ক্রয়-বিক্রয় বা অবৈধভাবে দখলে রাখলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: নরসিংদীতে হাইভোল্টেজ লাইনের তার চুরি করতে গিয়ে যুবক নিহত
উল্লেখ্য, ফতুল্লার এই হাটে এর আগেও একাধিকবার বন্যপ্রাণী বিরোধী অভিযান চালানো হয়েছে। এ সময় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছিল। তবুও কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে বন্যপাখি ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যা দেশের প্রচলিত আইন লঙ্ঘন করছে।
বর্তমান সরকার দেশের বন্যপ্রাণী সংরক্ষণে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬ প্রণয়ন করেছে। নতুন আইনের আওতায় অধিকাংশ বন্যপাখির অবৈধ দখল, পরিবহন, ক্রয়-বিক্রয় ও বাণিজ্য আমলযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট সকল নাগরিককে বন্যপাখি ও অন্যান্য বন্যপ্রাণী ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকার এবং বন্যপ্রাণী সংরক্ষণে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে কবিদের সাহিত্য আড্ডা ও ‘উদয় কাব্যসন্ধ্যা’ অনুষ্ঠিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন