০৯:৩৫ পি.এম
পশ্চিমবঙ্গের সব সরকার-স্বীকৃত মাদরাসায় শুক্রবারের সাপ্তাহিক ছুটি বাতিল করে কেবল রবিবার ছুটি রাখার নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ মাদরাসা শিক্ষা পর্ষদ। এই নির্দেশ অবিলম্বে কার্যকর করার কথা জানানো হয়েছে। রাজ্যটিতে বিজেপি সরকারের ক্ষমতায় আসার পর সংখ্যালঘুদের টার্গেট করে একের পর এক নিপীড়ন ও বৈষম্যমূলক আইন ও নিয়ম কানুন চালুর অংশ হিসেবে এই পদক্ষেপকে দেখা হচ্ছে।
গতকাল ২৭ নভেম্বর জারি করা এবং শনিবার (২৮ নভেম্বর) পর্ষদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ‘রবিবার ব্যতীত অন্যান্য কর্মদিবসে সাপ্তাহিক ছুটি বাতিল’-এর এই ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে রাজ্যের সব স্বীকৃত মাদরাসার প্রধানদের অবিলম্বে নতুন এই নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “নির্দেশ অনুযায়ী, রাজ্যের সব মাদরাসার দৈনন্দিন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে ২০২৬ সালের শিক্ষাপঞ্জি বাস্তবায়নের জন্য স্বীকৃত মাদরাসাগুলোর প্রধানদের নির্দেশ দেওয়া হলো। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১-এর ২৫ নম্বর ধারা এবং পর্ষদের ২০২৫ সালের ২৪ ডিসেম্বরের পূর্ববর্তী একটি বিজ্ঞপ্তির বিধান অনুযায়ী, এই পর্ষদের অধীনস্থ সব স্বীকৃত মাদরাসা কেবল রবিবারকেই একমাত্র সাপ্তাহিক ছুটি হিসেবে পালন করবে।”
আরও পড়ুন: গাজার দায়িত্ব ফিরিয়ে দেওয়ার জন্য নেতানিয়াহুকে বোর্ড অব পিসের কড়া হুঁশিয়ারি
এতে আরও বলা হয়, পর্ষদের অধীনস্থ সব স্বীকৃত মাদরাসাকে রবিবার ছাড়া সপ্তাহের অন্য কোনো দিনে অতিরিক্ত কোনো নিয়মিত সাপ্তাহিক ছুটি পালন অবিলম্বে বন্ধ করতে হবে।
পাঠ্যক্রম সংস্কার, স্কুলের বেতন কাঠামো পুনর্নির্ধারণ, শিক্ষার্থীদের পোশাকবিধি এবং বায়োমেট্রিক হাজিরা চালুর মতো শিক্ষাব্যবস্থায় রাজ্য সরকারের নেওয়া একগুচ্ছ সংস্কারমূলক পদক্ষেপের মধ্যেই এই সিদ্ধান্ত এলো।
দশকের পর দশক ধরে পশ্চিমবঙ্গের বেশ কিছু মাদরাসা জুমার নামাজে অংশগ্রহণের সুবিধার্থে ঐতিহ্যগতভাবে শুক্রবার সাপ্তাহিক ছুটি পালন করে আসছিল এবং ওই দিনের পড়াশোনার ঘাটতি পুষিয়ে নিতে রবিবার খোলা থাকত। নতুন এই নির্দেশনা দীর্ঘদিনের সেই প্রথায় পরিবর্তন আনল এবং রাজ্যের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে স্বীকৃত মাদরাসাগুলোর সাপ্তাহিক ছুটির তালিকায় সামঞ্জস্য তৈরি করল।
পর্ষদ স্পষ্ট করে জানিয়েছে যে, রবিবার ছাড়া অন্য কোনো সাপ্তাহিক ছুটির অনুমতি দেওয়া হবে না; তবে শিক্ষাপঞ্জি অনুযায়ী ধর্মীয় উৎসব এবং সরকার ঘোষিত ছুটির দিনগুলোতে প্রতিষ্ঠান বন্ধ থাকতে পারবে।
আরও পড়ুন: সোমালিয়ার জলদস্যুরা আমিরাতের জাহাজ ছিনতাই, ২২ জন ক্রু বন্দি
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, “পশ্চিমবঙ্গ সরকার/পশ্চিমবঙ্গ মাদরাসা শিক্ষা পর্ষদ বা অন্যান্য উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রযোজ্য ক্ষেত্রে জনসমাগমমূলক অনুষ্ঠান, ধর্মীয় উৎসব, জাতীয় দিবস বা অন্য কোনো বিশেষ কারণে ঘোষিত ছুটির ওপর এই নির্দেশনার কোনো প্রভাব পড়বে না।”
এর আগে ২০২৬ সালের অক্টোবরে ভারতের উত্তরাখণ্ড সরকার তাদের রাজ্যের ২০৬টি স্বীকৃত মাদরাসায় শুক্রবারের ছুটি বাতিল করেছিল; সেই ঘটনার পরপরই পশ্চিমবঙ্গে এই সিদ্ধান্ত নেওয়া হলো। সাম্প্রতিক মাসগুলোতে মাদরাসা প্রতিষ্ঠানগুলোর ওপর নজরদারিও বাড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
উল্লেখ্য, ২০২৬ সালের সেপ্টেম্বরে পর্যাপ্ত নথিপত্রের অভাব, অবকাঠামোগত ঘাটতি, শিক্ষক ও শিক্ষার্থীর অপর্যাপ্ততা এবং অর্থায়নের উৎসে অসংগতিসহ নির্ধারিত নিয়মাবলি লঙ্ঘনের অভিযোগে রাজ্যের ২২টি জেলার ২৫২টি অননুমোদিত মাদরাসা বন্ধের নির্দেশ দিয়েছিল হিন্দুত্ববাদী নতুন প্রশাসন।
আরও পড়ুন: গাজায় ৪৮ ঘণ্টায় ইসরাইলি হামলায় ১৮ জন নিহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন