০৯:৪০ পি.এম
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় দাফনের ২০ মাস পর প্রশাসন কর্তৃক দুই যুবকের মরদেহ উত্তোলন করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার সগুনা ইউনিয়নের হেমনগর গ্রামের পারিবারিক কবরস্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতদের মধ্যে রয়েছেন, আজিজ ফারুকীর ছেলে রোকুনুজ্জামান রোকন ফারুকী এবং প্রতিবেশী ভাতিজা নাসির উদ্দিন নান্টু।
আরও পড়ুন: রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পরপর দুই রাতে পেট্রলবোমা হামলা
মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৪ মার্চ পূর্ব শত্রুতার কারণে জমিজমা সংক্রান্ত মামলার হাজিরা দিতে যাওয়ার পথে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার হরিণচড়া বাজার এলাকায় তাদের মৃত্যু ঘটে। ওই সময় ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে হাটিকুমরুল হাইওয়ে থানায় অপমৃত্যু মামলায় রেকর্ড করা হয়। তবে নিহত রোকুনুজ্জামান রোকন ফারুকীর ছোট ভাই ফেরদৌস মামুন ওরফে শাওন ফারুকী দাবি করেন যে, দুজনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে তার চাচা আব্দুল ওয়াহাব, চাচাতো ভাই মোনায়েম হোসেন জেমস মিলে একটি হাইস গাড়ি দিয়ে চাপা দিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেছে। এই ঘটনার পর ফেরদৌস মামুন ওরফে শাওন ফারুকী গত ১০ সেপ্টেম্বর আদালতে ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে সলঙ্গা থানার ওসিকে তদন্তপূর্বক প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি কবর থেকে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন, হেমনগর গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে মোনায়েম হোসেন জেমস (৩৫), তার ছোট ভাই জাকির হোসেন (২৭), জেমসের বাবা আব্দুল ওয়াহাব (৫২), জেমসের সহযোগী মোহাম্মদ রাসেল সরকার (২২) এবং মোহাম্মদ শাকিল হোসেন ওরফে সুট্যার শাকিল (২২)।
সলঙ্গা থানার ওসি আলী আসলাম জানান, জেলা প্রশাসন কার্যালয়ের একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি এবং তাড়াশ ও সলঙ্গা থানার পুলিশের উপস্থিতিতে তাড়াশে কবর থেকে দুইটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন বাস্তবায়নে জোর দিলেন ভূমিমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন