০৮:২৩ এম
আম আদমি পার্টির দিল্লির এক এমএলএ প্রকাশ্যে অশোভন পোশাক পরার ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন। বিধানসভায় তার পদত্যাগের দাবি উঠেছে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার পক্ষ থেকে।
উত্তর-পশ্চিম দিল্লির কিরারির আম আদমি পার্টির এমএলএ অনিল ঝা ভাতসে বিধানসভায় বিরোধী দলের উপনেতার দায়িত্ব পালন করেন। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, অনিল ঝা তার কার্যালয়ে একটি চেয়ারে দুই পা আড়াআড়ি করে তুলে বসে আছেন। তাঁর পরনে ছিল একটি গেঞ্জি এবং শর্টস। তার কোলের কাছে একটি গেরুয়া রঙের কাপড় জড়ানো দেখা গেছে।
অনিল ঝার সামনে নারী-পুরুষের দীর্ঘ একটি লাইন ছিল। তিনি এই পোশাক পরে টেবিলে পা তুলে বসে নারী-পুরুষদের সরকারি সাহায্যের আবেদনে সই করছিলেন। ভিডিওটি ভাইরাল হলে তার বসার ভঙ্গি এবং পরিধেয় পোশাক নিয়ে তীব্র সমালোচনা সৃষ্টি হয়। বিশেষভাবে নারীদের সামনে এ ধরনের পোশাক পরা অশালীন বলে মন্তব্য করেছেন অনেকেই।
আরও পড়ুন: গাজার নাসের হাসপাতালে ইসরাইলি হামলায় নিহত ৪ ফিলিস্তিনি
সোমবার মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এমএলএর এই আপত্তিকর পোশাকের বিষয় নিয়ে বিধানসভায় অনিল ঝার তীব্র সমালোচনা করেন এবং তার কাজকে লজ্জাজনক বলে আখ্যা দেন। তিনি বলেন, ‘আপনার আচরণ লজ্জাজনক। নারীরা যখন আপনার কাছে কাগজপত্র সই করাতে আসেন, তখন অন্তত আপনার ঠিকমতো পোশাক পরা উচিত।’
নারীদের সামনে এমন আচরণের জন্য রেখা গুপ্তা অনিল ঝার বিধানসভা সদস্যপদ বাতিলেরও দাবি জানান। মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, ‘একজন এমএলএর কাছ থেকে এই ধরনের অশোভন আচরণ মেনে নেওয়া যায় না। তার বিধানসভা সদস্যপদ বাতিল করা উচিত।’ তিনি অনিল ঝার বিরুদ্ধে বিধানসভায় অশালীন অঙ্গভঙ্গির অভিযোগও করেন।
তবে এমএলএ অনিল ঝা ভাতসে মুখ্যমন্ত্রীর এই অভিযোগ অস্বীকার করেছেন এবং তার অশালীন অঙ্গভঙ্গির ভিডিও প্রমাণ দাবী করেছেন। তিনি বলেন, ‘আমি কোনো ভুল অঙ্গভঙ্গি করেছি এমন ভিডিও তার দেখানো উচিত। জনগণের সমস্যার কোনো উত্তর তার কাছে নেই, তাই তিনি এসব অভিযোগ তুলছেন।’
১ আগস্ট চালু হওয়া 'দিল্লি লক্ষ্মী যোজনা'-র আওতায় যোগ্য নারীদের প্রতি মাসে আড়াই হাজার রুপি করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। দিল্লি সরকারের তথ্য অনুযায়ী, চালুর সাত দিনের মধ্যে এই প্রকল্পে ৫ লাখ ১৪ হাজারেরও বেশি মানুষ নিবন্ধন করেছেন। এখনও পর্যন্ত ২ লাখ ১৮ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে। এই প্রকল্পের আবেদনেই সই করছিলেন অনিল ঝা ভাতসে।
আরও পড়ুন: বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্যাহত হলে কর্মকর্তাদের বরখাস্তের হুঁশিয়ারি মীর শাহে আলমের
মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এই প্রকল্পের প্রতি প্রতিক্রিয়াকে নজিরবিহীন বলে বর্ণনা করে, নিবন্ধনের এই সংখ্যা আর্থিক সহায়তা প্রদান এবং সঞ্চয়কে উৎসাহিত করার এই উদ্যোগের প্রতি নারীদের আস্থার প্রতিফলন বলে উল্লেখ করেন। তবে আম আদমি পার্টি এই প্রকল্পের জন্য সরকারের নির্ধারিত যোগ্যতার মানদণ্ডের বিষয়ে প্রশ্ন তুলেছে এবং বলা হয়েছে যে, অনেক দরিদ্র নারী এর বাইরে থেকে যাচ্ছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন