০৮:৪১ এম
বসন্তের উচ্ছ্বাস, বর্ষার উন্মাদনা কিংবা শীতের কাঁপুনি এখন নেই। অপেক্ষা ও প্রাপ্তির এক অনন্য সমন্বয় রয়েছে। প্রকৃতির সোনালি ঋতু হেমন্ত যেন শিল্পীর আঁকা জলরঙের ছবির মতো। ঋতুর পালাবদলে প্রকৃতি বিভিন্ন রূপে ধরা দেয়। হেমন্ত প্রকৃতির একটি পরিণত, স্নিগ্ধ ও নান্দনিক প্রকাশ। এই ঋতুর ছোঁয়ায় চারপাশ বদলে যায়, মানুষের যাপিত জীবনের ছন্দও পরিবর্তিত হয়।
হেমন্তের সৌন্দর্য শুধুমাত্র দৃশ্যপটেই সীমাবদ্ধ নয়। এ ঋতুর নিজস্ব সুর রয়েছে। ধানক্ষেতে বাতাসের মৃদু আওয়াজ, শুকনো পাতার মরমর শব্দ এবং নতুন ধান ঘরে তোলার ব্যস্ততা—সব মিলিয়ে তৈরি হয় এক ভিন্ন আবহ।
হেমন্তে দিনের আলো অন্যান্য সময়ের তুলনায় কিছুটা আগে বিদায় নেয়। দুপুরের রোদে তীব্রতা থাকে না, বিকেলের আলোতে মায়াবী সোনালি আভা ছড়িয়ে পড়ে। নদীর ঢেউয়ের সঙ্গে সেই আলো কখনো ভাঙে, কখনো মেলে। মনে হয়, নদীর বুকে কেউ সোনালি রঙের আলপনা এঁকে দিয়েছে। নদীর পাড় ধরে হাঁটলে কখনো পায়ের নিচে হালকা শিশির লাগে, কখনো বাতাসে ভেসে আসে কাশবন কিংবা বুনো ঘাসের গন্ধ।
আরও পড়ুন: কিডনি ভালো রাখতে সকালের নাশতায় যেসব খাবার খাওয়া কমাবেন
লেখক স্নিগ্ধা বাউল মন্তব্য করেন, ‘চারদিকে ফসলের একটা মৌ মৌ গন্ধ। যা সত্তার সঙ্গে মিশে আছে। হেমন্তে তা পরিপূর্ণ রূপ পায়।’
হেমন্তের সৌন্দর্য কবিদের কল্পনা ও কবিতার পঙ্ক্তিতে ভিন্ন মাত্রা পেয়েছে। জীবনানন্দের কবিতায় হেমন্ত এসেছে বিষণ্নতায়, রবীন্দ্রনাথের লেখায় স্নিগ্ধতায়, নজরুলের কবিতায় নবান্নের প্রাচুর্যে এবং জসীমউদ্দীনের চিত্রকল্পে গ্রামবাংলার রূপ ফুটে উঠেছে। কবি সাকিরা পারভীন বলেন, ‘হেমন্ত হচ্ছে সহজ, সরল, নির্জন। কিন্তু এর গভীরতা অনেক বেশি।’
প্রকৃতি কখনো রঙের উৎসবে মাতে, কখনো বৃষ্টির ছন্দে। ষড়ঋতুর এ দেশে প্রতিটি ঋতুর আলাদা রূপ ও সৌন্দর্য রয়েছে। ঋতুচক্রের বৈচিত্র্যে হেমন্ত একটি অনন্য নাম। শান্ত, সোনালি বিষণ্নতায় নিজেকে সাজায় এ ঋতু।
তবে পরিকল্পিত নগরায়নের অভাবে হেমন্তের চিরচেনা প্রাকৃতিক সৌন্দর্য নগরজীবনে ক্রমেই মলিন হচ্ছে। প্রকৃতি ও পরিবেশবিদ মোকারম হোসেন বলেন, ‘ছয় ঋতুকে প্রাধান্য দিয়ে যদি রাজধানী শহরকে গড়ে তুলতে চাই, তাহলে সব ঋতুর অনুষঙ্গগুলো রাখতে হবে।’
আরও পড়ুন: সকালে ইসবগুল খাওয়ার উপকারিতা ও গ্রহণের সঠিক নিয়ম জানুন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন