০৮:১২ এম
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান যে, ৬৫ হাজার শিক্ষক অবসর সুবিধার টাকা পাননি। এই বিষয়টি সামনে রেখে আমরা পদক্ষেপ নিয়েছি। ন্যূনতম এক লাখ টাকা এই বছরের জুলাইয়ে শিক্ষকদের দেওয়া শুরু করা হবে।
তিনি বলেন, শিক্ষকদের সব পাওনা পরিশোধের কাজ চলবে। থোক বরাদ্দ পাওয়ার পর আমরা এই যাত্রা শুরু করবো।
গতকাল শনিবার (১৩ জুন) নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের ৪-তলা বিশিষ্ট ভবনের উদ্বোধন অনুষ্ঠানে ড. মিলন আরও বলেন, শিক্ষকদের উৎসব ভাতা বর্তমানে ৫০ শতাংশ রয়েছে, সেটিকে শতভাগ করার প্রস্তাব রয়েছে আমাদের। ইতোমধ্যে ১০ শতাংশ চেয়েছিলাম। এটি আগামী দিনে শুরু হবে এবং বাজেট হওয়ার পরে ক্রমান্বয়ে শিক্ষকেরা শতভাগ উৎসব ভাতা পাবেন।
আরও পড়ুন: বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্যাহত হলে কর্মকর্তাদের বরখাস্তের হুঁশিয়ারি মীর শাহে আলমের
শিক্ষামন্ত্রী আরও জানান, প্রাথমিক স্কুলে হেডমাস্টারদের অভাব দেখা দিয়েছে। ৩২ হাজার ৫০০ হেডমাস্টার নিয়োগের বিষয়টি আদালতে স্থগিত থাকায় মামলাটি নিষ্পত্তির জন্য আমরা কাজ শুরু করেছি। বিভিন্ন কারণে মামলা জটিলতা থাকায় আমরা নিয়োগ দিতে পারছি না। সর্বমোট ৮৩ হাজার ৫০০ মামলা রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে। আমরা অ্যাটর্নি জেনারেল ও আইনমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে মামলাগুলি নিষ্পত্তির উদ্যোগ নিয়েছি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন