০৪:৩১ পি.এম
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলায় দেশটির বন্দরনগরী হোদেইদার দক্ষিণে ১৪ জন সরকারি সেনা নিহত হয়েছেন। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সঙ্গে যুক্ত একটি সামরিক কর্মকর্তা রোববার এএফপিকে এ তথ্য জানান।
কর্মকর্তা বলছেন, হোদেইদার দক্ষিণে হায়স জেলায় শনিবার ভোরে কয়েক ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষের পর সরকারপন্থী বাহিনী হুথিদের হামলা প্রতিহত করেছে।
এডেন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
আরও পড়ুন: ইরান যুদ্ধ বন্ধে কংগ্রেসের পদক্ষেপ চান ৭১% মার্কিন নাগরিক: জরিপ
তিনি আরও জানন, 'এই সংঘর্ষে হুথিদের পক্ষ থেকেও নিহত ও আহত হয়েছে।' কিন্তু বিদ্রোহী বাহিনীর কতজন নিহত হয়েছে, সে সম্পর্কে তিনি সর্বশেষ সংখ্যা উল্লেখ করেননি।
২০১৫ সাল থেকে হুথি বিদ্রোহীরা ইয়েমেন সরকারের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আসছে। দীর্ঘ এই সংঘাতে কয়েক লাখ মানুষের প্রাণহানি ঘটেছে। এর ফলে দেশটিতে ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি হয়েছে।
হুথিরা ইয়েমেনের রাজধানী সানা ও দেশের উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণ করছে। এর মধ্যে লোহিত সাগর উপকূলে অবস্থিত হোদেইদাও অন্তর্ভুক্ত। অন্যদিকে দেশের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার দক্ষিণাঞ্চলের বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণ করছে।
২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির পর দু’পক্ষের মধ্যে বড় ধরণের সংঘর্ষের ঘটনা কমে এসেছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী এরদোয়ান ও তারেক রহমানের বৈঠকে গুরুত্ব পেল যেসব বিষয়
তবে শুক্রবার হুথিরা ইয়েমেনের এডেনভিত্তিক সরকারের প্রধান সমর্থক সৌদি আরবের বিমানবন্দর ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকি দিয়েছে।
ইসরাইল ও যুক্তরাষ্ট্রবিরোধী ইরানের তথাকথিত 'অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স'-এর অংশ হিসাবে হুথি গোষ্ঠীর অভিযোগ যে, সৌদি আরব একটি ইরানি বিমানকে অবতরণ করতে বাধা দেওয়ার চেষ্টা করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন