০৮:৩২ এম
আন্তর্জাতিক বিরতি শেষে মাঠে ফিরে জার্মানির ঐতিহ্যবাহী ক্লাব বায়ার্ন মিউনিখ একটি চরম দুঃস্বপ্নের সম্মুখীন হয়। গোল কিক থেকে খেলা শুরু হওয়ার মাত্র ৮ সেকেন্ডের মধ্যে গোল হজম করে বসে দলটি। এই অবিশ্বাস্য গোলের পেছনে দায়ী বায়ার্নের কিংবদন্তি গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারের একটি অনাকাঙ্ক্ষিত ভুল।
শনিবার অগসবার্গের বিরুদ্ধে অনুষ্ঠিত ম্যাচে এই দ্রুততম গোলের মাধ্যমে জার্মান বুন্দেসলিগার ইতিহাস নতুনভাবে লেখা হয় রবিন ফেলহাউয়ারের দ্বারা।
ঘটনাটি ঘটেছিল ম্যাচের শুরুতেই। লুইস দিয়াজের দেওয়া ব্যাকপাস থেকে বল নিয়ন্ত্রণে নেন বায়ার্নের ৪০ বছর বয়সী গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। পরিস্থিতি তখন মোটেও সংকটজনক মনে হচ্ছিল না। কিন্তু নয়্যার বল ক্লিয়ার করতে গিয়ে একটু বেশি দূরত্বে ঠেলে দেন।
আরও পড়ুন: ২০৩০ বিশ্বকাপের ফাইনাল স্পেনে হবে: ফুটবল ফেডারেশন প্রধান
ঠিক সেই মুহূর্তে দ্রুত গতিতে সামনে এগিয়ে আসেন অগসবার্গের স্ট্রাইকার ফেলহাউয়ার। নয়্যার তাকে ফাঁকি দিয়ে চিপ করে বল পার করার চেষ্টা করেন। কিন্তু নয়্যারের সেই চিপ সরাসরি গিয়ে লাগে ফেলহাউয়ারের পিঠে। এরপর রিবাউন্ড হয়ে আসা বল ফাঁকা জালে জড়িয়ে দিতে কোনো ভুল করেননি অগসবার্গের এই ফুটবলার।
যখন বল জালে প্রবেশ করে, তখন ঘড়ির কাঁটায় অতিক্রান্ত হয়েছে মাত্র ৮ সেকেন্ড। জার্মানির জনপ্রিয় সংবাদমাধ্যম ‘বিল্ড’-এর সময়গণনা অনুযায়ী, গোলটি সম্পন্ন হতে ৮.৪ সেকেন্ড সময় লেগেছে।
এই এক গোলের মাধ্যমে বুন্দেসলিগার ইতিহাসের দ্রুততম গোলদাতার খেতাব নিজের নামে করে নেন ফেলহাউয়ার। এতদিন এই ঐতিহাসিক রেকর্ডটি যৌথভাবে দখলে রেখেছিলেন বায়ার লেভারকুসেনের করিম বেলারাবি এবং হফেনহাইমের কেভিন ফলান্ড। তারা দুজনেই ৯ সেকেন্ডে গোল করার কীর্তি গড়েছিলেন।
আরও পড়ুন: ইনফান্তিনোর বিরুদ্ধে লড়াইয়ে নামছেন না আর্সেন ওয়েঙ্গার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন