০২:১১ পি.এম
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী আশ্রমে বুধবার (৩ জুন) থেকে উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক সাধক লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব শুরু হয়েছে।
এই উৎসব উপলক্ষে আশ্রম কর্তৃপক্ষ তিন দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করেছে। উৎসবে অংশ নিতে দেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারতসহ বিভিন্ন বিদেশি স্থান থেকে হাজারো ভক্ত বারদীতে সমবেত হয়েছেন।
আরও পড়ুন: নরসিংদীর ইউনিয়ন ভূমি অফিসে বহিরাগতদের দৌরাত্ম্য ও দুর্নীতি
বুধবার সকালে পূজা-অর্চনার মাধ্যমে আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়। আশ্রম প্রাঙ্গণ এবং বিভিন্ন স্থাপনা আলোকসজ্জা ও বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে।
তিরোধান উৎসব উপলক্ষে বারদী এলাকায় সাত দিনব্যাপী মেলাও বসেছে। ভক্তদের আবাসন, খাবার ও ধর্মীয় কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য গ্রহণ করা হয়েছে বিশেষ প্রস্তুতি। আশ্রমের তীর্থ নিবাসসহ বিভিন্ন স্থানে ভক্তদের থাকার ব্যবস্থা করা হয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, উৎসবে আগত ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।
বারদী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শংকর কুমার দে জানান, উৎসবের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে পূজা-অর্চনা, ঊষাকীর্তন, গীতা পাঠ, বাল্যভোগ ও রাজভোগ বিতরণ, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা এবং সন্ধ্যাকালীন কীর্তন।
আরও পড়ুন: ফেনীর বেদেপল্লীতে অভিযান, ১৩ লাখ টাকা ও মাদকসহ ১৩ গ্রেপ্তার
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত জানান, উৎসবকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ভক্তরা যাতে নির্বিঘ্নে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেন, তার জন্য সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।
হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, লোকনাথ ব্রহ্মচারী ১৭৩০ খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবাংলার কচুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। দীর্ঘ সাধনা ও মানবসেবার মাধ্যমে তিনি আধ্যাত্মিক মহাপুরুষ হিসেবে পরিচিতি লাভ করেন। জীবনের শেষ ২৬ বছর তিনি সোনারগাঁয়ের বারদীতে অবস্থান করেন। বাংলা ১২৯৭ সালের ১৯ জ্যৈষ্ঠ বারদী আশ্রমে তাঁর মৃত্যু হয়। সেই স্মরণে প্রতিবছর ১৯ জ্যৈষ্ঠ তার তিরোধান উৎসব পালিত হয়ে আসছে।
আরও পড়ুন: কুষ্টিয়ার দৌলতপুরে দুই বাড়িতে কাফনের কাপড় ও মৃত্যুর হুমকি চিরকুট
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন