০১:০৬ পি.এম
জুলাই আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় মো. হোসেন নামে এক ট্রাকচালক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জগঠনের শুনানির তারিখ আগামী ১৩ আগস্ট নির্ধারণ করা হয়েছে।
গত রবিবার (২৬ জুলাই) শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালত এই তারিখ নির্ধারণ করেন।
আসামির পক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই মামলায় গ্রেপ্তার আসামিদের মধ্যে ফোরকান নামে এক আসামি আদালতে উপস্থিত না থাকায় রাষ্ট্রপক্ষ থেকে চার্জগঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। একই সঙ্গে আসামি পক্ষ থেকেও আইনজীবীরা সময়ের আবেদন করেন। আদালতে আবেদনের প্রেক্ষিতে বিচারক আগামী ১৩ আগস্ট তারিখ নির্ধারণ করেছেন।
আরও পড়ুন: রেলের ১৬৪ মিটার গেজ ইঞ্জিনের ১১৫টি মেয়াদোত্তীর্ণ
তিনি আরো জানান, মামলায় মোট ৩৪ জন আসামির মধ্যে আজকে ৪ জনকে কারাগারে থেকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা ৮ জনও আদালতে উপস্থিত ছিলেন। অন্যান্য আসামিরা পলাতক রয়েছেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন মো. হোসেন। তিনি সেদিন গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফিরছিলেন, সেই সময়ে চাঁদ উদ্যান এলাকায় তিনি গুলি নিহত হন। তাঁর মৃত্যুর ঘটনায় ২০২৪ সালের ৩১ আগস্ট নিহত ব্যক্তির মা রীনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।
২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক আকরামুজ্জামান আদালতে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সাদেক খান এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। অন্যান্য আসামির মধ্যে আছেন আসিফ আহম্মেদ, তারেকুজ্জামান রাজিব, শেখ বজলুর রহমান, নুর মোহাম্মদ সেন্টু, তোফায়েল সিদ্দিক ওরফে তুহিন, রহমান মিয়া ওরফে এ কে এম অহিদুর রহমান, পলাশ, ওলিউর রহমান, খলিলুর রহমান, ইমন, এস এম রিয়াজুল হক তামিম, মাসুদুর রহমান বিপ্লব, আব্দুস সাত্তার ভূইয়া ওরফে এম এ সাত্তার, পারভেজ ওরফে গোল্ডেন পারভেজ, সুমন মিয়া ওরফে কাইল্লা সুমন, মিলন হোসেন, সোহেল ওরফে ভূইয়া সোহেল ওরফে বুনিয়া সোহেল, সলিম উল্লাহ সলু, ইরফান, মুহাম্মদ বদিউল আলম ওরফে বদিউজ্জামান, ফুরকান হোসেন, শাহজাহান খান, সাজ্জাদ হোসেন এবং ফারুক হোসেন অভি।
আরও পড়ুন: মোটরসাইকেলচালকদের জন্য নম্বরপ্লেট লাগানোর সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়াল বিআরটিএ
আসামিদের মধ্যে পলক, সাদেক, ফুরকান এবং শাহজাহান এখন কারাগারে আটক রয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন