০৯:৫৭ এম
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ২০২৪ সালের জুলাই মাসে ঘটে যাওয়া গণঅভ্যুত্থান ছিল এক ঐতিহাসিক বিপ্লব। আমরা ফরাসি বিপ্লব, ইংল্যান্ডের গ্লোরিয়াস রেভল্যুশন এবং ১৯১৭ সালের রুশ বিপ্লবের কথা জানি। স্বাধীনতার যুদ্ধ এবং নব্বইয়ের গণঅভ্যুত্থানও আমাদের চোখের সামনে ছিল। কিন্তু ২০২৪ সালের জুলাইয়ে, যে রক্তঝরা বিপ্লব ঘটেছে, যার ফলাফল ৫ আগস্ট, তা বাংলাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী অধ্যায় হয়ে থাকবে।
তিনি আরো বলেন, মানুষের ভেতরের যে পারমাণবিক শক্তি থাকে, সেটি যদি বিস্ফোরিত হয়, তাহলে ফ্যাসিস্টদের ময়ূরের সিংহাসন জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এই শক্তির বিষয়টি স্বৈরাচার, ফ্যাসিস্ট এবং নিপীড়নকারীরা বারবার ভুলে যায়।
মঙ্গলবার (৪ আগস্ট) রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদল আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান: আত্মত্যাগ, সংগ্রাম ও বিজয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের অবদান’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেয়ার সময় তিনি এসব কথা বলেছেন।
আরও পড়ুন: বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্যাহত হলে কর্মকর্তাদের বরখাস্তের হুঁশিয়ারি মীর শাহে আলমের
রিজভী বলেন, আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, রিকশাচালক এবং শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাদের এই আত্মত্যাগ বিশ্বের সমস্ত স্বৈরাচার, অগণতান্ত্রিক শক্তি এবং নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
তিনি যোগ করেন, গত ১৭ বছরে বিএনপি এবং জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা অসংখ্য গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং নির্যাতনের শিকার হয়েছেন। সেই দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতাতেই জুলাই বিপ্লবের সফল পরিণতি এসেছে।
শেখ হাসিনার কঠোর সমালোচনা করে রিজভী বলেন, আমরা জানি হিটলার এবং মুসোলিনির মতো স্বৈরশাসকদের ইতিহাস। তবে তারা তাদের নিজস্ব দেশকে শক্তিশালী করতে চেয়েছিলেন। শেখ হাসিনা একদিকে ব্যাংক লুট করেছেন, শেয়ারবাজার ধ্বংস করেছেন, অর্থ আত্মসাৎ করেছেন এবং জমি দখল করেছেন। পৃথিবীর ইতিহাসে এত লোভী ও ভয়ংকর স্বৈরাচারের নজির পাওয়া যায় না।
তিনি বলেন, ১৭ বছর ধরে মানুষের রক্ত ঝরানোর পর জনগণই শেষ পর্যন্ত সেই ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। ৫ আগস্ট তারা জনগণের শক্তির কাছে শিমুল তুলার মতো উড়ে গেছে।
আরও পড়ুন: বিশ্বনেতারা তারেক রহমানকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে দেখছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
অনুষ্ঠানে ছাত্রদলের বিগত সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, বর্তমান কেন্দ্রীয় নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন