সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৬:৩৬ পি.এম
নারীদের দক্ষতা উন্নয়ন, আত্মনির্ভরশীলতা এবং বৈশ্বিক কর্মক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি করার লক্ষ্যে ‘শী-স্কিলস’ (SheSkills) কর্মসূচির উদ্বোধন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ।
২৩ নভেম্বর সোমবার, রাজধানীর লালমাটিয়া সরকারি মহিলা কলেজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন। কর্মসূচির মূল প্রতিপাদ্য হলো ‘এমপাওয়ারিং উইমেন উইথ স্কিলস ফর এ গ্লোবাল ফিউচার’।
অনুষ্ঠানে উপাচার্য মন্তব্য করেন, বর্তমান যুগে শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা যথেষ্ট নয়, বরং কর্মক্ষেত্রে প্রবেশের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করাও অত্যাবশ্যক। বিশেষ করে নারীদের দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টি হলে তারা কর্মসংস্থানের পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সক্ষম হবেন।
তিনি আরও বলেন, শী-স্কিলস কর্মসূচির আওতায় নারীরা ফ্রিল্যান্সিং, যোগাযোগ দক্ষতা সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। এর ফলে প্রচলিত কর্মক্ষেত্রের পাশাপাশি অনলাইন ও বৈশ্বিক শ্রমবাজারে নারীদের কাজের সুযোগ সৃষ্টি হবে।
উপাচার্য আরো উল্লেখ করেন, নারীদের দক্ষতা অর্জন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। এতে করে নারীরা নিজেদের সক্ষমতা উন্নয়নের পাশাপাশি পরিবার, সমাজ এবং দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবেন।
অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশনস এক্সপার্ট গৌতম বড়ুয়া, মাল্টি ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউটের সমন্বয়ক মো. সাইফুল ইসলাম শাহীন, উপায়ের মানবসম্পদ বিভাগের প্রধান আলেয়া ফেরদৌসী এবং এডফিনিক্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা লুৎফি চৌধুরী।
লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুলতানা মাহমুদা ইয়াসমিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হবিগঞ্জের মাধবপুরে স্বামী আল মামুন মিয়াকে (৩২) পাথরের শিল দিয়ে মাথা ও মুখমণ্ডলে আঘাত করার ঘটনায় ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর তিনি মারা যান। সোমবার (২৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এই ঘটনায় তাঁর স্ত্রী মমতা বেগম (২৫) গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন।
এর আগে শনিবার বিকালে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগে জবানবন্দি দেন মমতা বেগম। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস তাঁকে প্রথম শ্রেণির বিচারিক হাকিম তামান্না রহমান তানিয়ার আদালতে হাজির করেন। জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জবানবন্দিতে মমতা স্বীকার করেন যে, স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে তিনি পাথরের শিল দিয়ে আল মামুনের শরীরের বিভিন্ন স্থানে চারটি আঘাত করেন। তাঁর দাবি, বিয়ের পর থেকেই আল মামুন তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। প্রতিবাদ করলে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিতেন। এমনকি তাঁদের শিশুসন্তানকেও হত্যার হুমকি দিতেন বলে অভিযোগ করেন তিনি।
গত বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে এই ঘটনা ঘটে। আল মামুনের পরিবারের অভিযোগ, ঘটনার দিন খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ানোর পর তিনি ঘুমিয়ে পড়লে মমতা পাথরের শিল দিয়ে তাঁর মাথার পেছনে ও মুখমণ্ডলে উপর্যুপরি আঘাত করেন। পরে তাঁকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যান।
গুরুতর আহত আল মামুনকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ছয় দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর তাঁর মৃত্যু হয়।
আল মামুন ওই গ্রামের কাউছার আহমেদের ছেলে। তাঁর স্ত্রী মমতা বেগম উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের শফিক মিয়ার মেয়ে। প্রায় ছয় বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে তাঁদের বিয়ে হয়। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
মাধবপুর থানার ওসি মো. সোহেল রানা জানান, এ ঘটনায় আল মামুনের মা তাসলিমা বেগম বাদী হয়ে মামুনের স্ত্রী মমতা বেগমকে আসামী করে ২০ নভেম্বর থানায় মামলা করেন। আল মামুনের স্ত্রীকে একই দিন গ্রেফতার করা হয়। আদালতে হাজির করা হলে ১৬৪ ধারায় ঘটনার বিবরণ দিয়ে জবানবন্দি দেন। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। মাধবপুর থানার ওসি মোঃ সোহেল রানা বলেন, মামলাটির ধারা পরিবর্তন হয়ে হত্যা মামলা হবে। দম্পতির দুটি শিশু সন্তান রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লায় পিকআপের ধাক্কায় সিএনজির চালকসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার কালিশ্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামের সফিক মিয়ার ছেলে সিএনজিচালক মো. আব্দুল মতিন (৩৫) এবং একই উপজেলার হিঙ্গুলা গ্রামের আহসান উল্লাহর ছেলে মো. আরিফ (৩০)।
মিয়াবাজার হাইওয়ে থানার ওসি নিরঞ্জন কুমার জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালিশ্বর এলাকায় ঢাকামুখী লেন দিয়ে একটি সিএনজি মিয়ারবাজারের দিকে যাচ্ছিল। এ সময় পেছন দিক থেকে দ্রুতগামী একটি পিকআপ ওই সিএনজিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চালকসহ পাঁচজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় নিহতদের মরদেহ হাসপাতাল থেকে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। ওসি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন যে, ড্রোন হামলা চালিয়ে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, একই হামলায় অস্ত্র পরিবহনে ব্যবহৃত আরেকটি রুশ জাহাজও ক্ষতিগ্রস্ত হয়েছে।
জেলেনস্কি জানান, গত রবিবার লিবিয়ার একটি বন্দরে ওই হামলা পরিচালিত হয়।
পূর্ব লিবিয়া নিয়ন্ত্রণকারী সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে যে, রাশিয়ার একটি জাহাজ ‘জ্বালানি ও রসদ সংগ্রহের জন্য’ বেনগাজি বন্দরে নোঙর করার পর সেখানে বিস্ফোরণ ঘটেছে।
তবে, এটি নিশ্চিত হওয়া যায়নি যে, ওই জাহাজটি ইউক্রেনের হামলার শিকার হয়েছে কিনা। মস্কো ইউক্রেনের দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বলিউড এবং ক্রিকেটের তারকাদের মধ্যে প্রেম ও বিয়ের সম্পর্ক নতুন কিছু নয়। দুই অঙ্গনের তারকাদের সম্পর্ক নিয়ে চর্চা প্রায়ই হয়ে থাকে। সম্প্রতি ক্রিকেট কিংবদন্তি সচিন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকার এবং বলিউড অভিনেতা সানি দেওলের পুত্র রাজবীর দেওলের নাম আলোচনায় এসেছে। গুঞ্জন রয়েছে, তারা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। তবে সারা ও রাজবীরের ঘনিষ্ঠ একটি সূত্র এই খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমকে ওই সূত্র জানায়, সারা ও রাজবীরের মধ্যে কোনো সম্পর্ক নেই। এমনকি তাদের কখনো দেখা হয়নি। সূত্রটির ভাষ্য, "এই গুজবের কোনও ভিত্তি নেই। কোনও সত্যতা নেই। সারা ও রাজবীর কখনও পরস্পরের সঙ্গে দেখাও করেননি। সারা একাকীই আছে এবং কাজের দিকেই ওর এখন মন। এই জল্পনাগুলো খুবই অপ্রয়োজনীয়। সারা যদিও এই সব গুজব নিয়ে কোনও কিছুই বলবে না। ও মাথা উঁচু করে মাধুর্য বজায় রেখে চলতে চায়।"
এক সাক্ষাৎকারে সারা নিজের বিয়ে নিয়ে ভাবনার কথা জানিয়ে ছিলেন। ভাই অর্জুনের বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়ে কী উপলব্ধি হয়েছিল, সে প্রসঙ্গে তিনি কথা বলেন। সারার মতে, "অর্জুনের বিয়ের অনুষ্ঠান থেকে আমি অনেক কিছু শিখেছি। আমি জানি, আমি ঠিক কোনটা চাই আর কোনটা চাই না।"
বিয়ের সাজ নিয়েও একসময় নিজের পছন্দের কথা জানিয়েছিলেন সচিনকন্যা। ছোটবেলা থেকেই হালকা প্যাস্টেল রঙের পোশাকে নিজেকে কনে হিসেবে কল্পনা করতেন তিনি। বিয়েতে বড় আয়োজনের স্বপ্ন ছিল তার। তবে সময়ের সঙ্গে সেই ভাবনা বদলেছে। এখন বরং ঘরোয়া ও একান্ত আয়োজনেই বিয়ে করতে চান সারা। কনের সাজে লাল রঙের প্রতি তার ঝোঁকও রয়েছে।
তবে নিজের সিদ্ধান্তহীনতার কথাও মজার ছলে তুলে ধরেছিলেন সারা। তিনি বলেছিলেন, "আমার তুলা রাশি। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা খুব কম। তাই জানি না, হয়তো সবুজ রংও বেছে নিতে পারি বিয়ের জন্য।"
এর আগে ভারতীয় ক্রিকেটার শুভমান গিলের সঙ্গেও সারার প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। যদিও সেই আলোচনা বেশিদূর এগোয়নি। এবার রাজবীর দেওলের সঙ্গে তার বিয়ের খবর ছড়ালেও ঘনিষ্ঠ সূত্রের বক্তব্যে স্পষ্ট, এ জল্পনার কোনো ভিত্তি নেই।
তালাশ বিডি/মিডিয়া লিঃ