সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৩:২৫ পি.এম
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা, ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি করেছে।
সোমবার (২৩ নভেম্বর) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণের সময় আগামী ২৮ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এছাড়া, বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৯ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, পরীক্ষার্থীপ্রতি ১০০ টাকা হারে বিলম্ব ফিসহ ৩০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে। বিলম্ব ফিসহ অনলাইনে ফি জমা দেওয়ার শেষ সময় ৬ ডিসেম্বর নির্ধারিত হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সংশ্লিষ্ট সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে শিক্ষার্থীদের ফরম পূরণের কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ছয় দশকের সংগীতজীবন। তবে কণ্ঠে এখনো সেই মাধুর্য, পরিবেশনায় প্রাণবন্ত উপস্থিতি। উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার অনবদ্য পরিবেশনার সাক্ষী হয়ে উঠেছেন অভিনেতা তারিক আনাম খান। প্রিয় শিল্পীর সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে, কথা বলে, গান শুনে, এমনকি তার কাছ থেকে নাচ শেখার অভিজ্ঞতা—সব মিলিয়ে গত শুক্রবারের সন্ধ্যাটি অভিনেতার জন্য বিশেষ স্মৃতি হয়ে রইল।
তারিক আনাম খান সামাজিক যোগাযোগ মাধ্যমে রুনা লায়লার সঙ্গে কাটানো মুহূর্তগুলো তুলে ধরেছেন। শুধুমাত্র গানের জন্য নয়, শিল্পীর রসবোধ ও উপস্থিত বুদ্ধির প্রতি তার মুগ্ধতার কথাও জানিয়েছেন অভিনেতা।
সোমবার দুপুরে নিজের ফেসবুক স্ট্যাটাসে তারিক আনাম লেখেন, "গত শুক্রবার জীবনের একটি স্মরণীয় সন্ধ্যা কাটালাম। ভাবিনি কোনো দিন তার সঙ্গে একই মঞ্চে দাঁড়াব, কথা বলব, তাকে প্রশ্ন করব।" তিনি উল্লেখ করেন, "তার গানের ভক্ত এই উপমহাদেশজুড়ে অনেক, আমিও। কিন্তু তার ‘উইট’ আর ‘সেন্স অব হিউমার’-এর বিশাল ভক্ত আমি।" অনুষ্ঠানের আগে তিনি রুনা লায়লাকে বলেছিলেন, "আমি কিন্তু আপনার মজার কথা শুনতে চাই মঞ্চে।"
সেই সন্ধ্যায় রুনা লায়লার গান ও জীবনের নানা গল্প শোনার পাশাপাশি তার রসবোধে মুগ্ধ হয়েছেন তারিক আনাম। কিংবদন্তি এই শিল্পী মঞ্চে তাকে নাচও শিখিয়েছেন। অভিনেতা জানান, "তার গান শুনেছি, জীবনের গল্প শুনেছি, মজার কথা শুনেছি; এমনকি তিনি আমাকে মঞ্চে নাচও শিখিয়েছেন।"
রুনা লায়লার সংগীতপ্রতিভা ও প্রাণশক্তির প্রশংসা করে পোস্টের শেষাংশে তারিক আনাম লেখেন, "গানে তিনি আজও অনবদ্য, হিউমারও অনন্য সাধারণ। তিনি রুনা লায়লা।" ছয় দশক ধরে গান গেয়ে চলেছেন, আজও ক্লান্তিহীন। প্রায় আড়াই ঘণ্টা একাই গাইলেন, মাতিয়ে রাখলেন দর্শককে। "সালাম রুনা আপা। আরও ছয় দশক কাটুক এমনই করে।"
প্রিয় শিল্পীর ছয় দশকের সংগীতযাত্রা উদ্যাপনের অংশ হতে পেরে নিজের গর্বের কথাও জানিয়েছেন তারিক আনাম।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত জানিয়েছেন যে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।
তিনি উল্লেখ করেন, দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে প্রতি বছর সোয়া লাখ মানুষ মৃত্যুবরণ করেন। এর চেয়ে বেশি সংখ্যক রোগীকে দীর্ঘ সময় হাসপাতালে থাকতে হয় এবং চিকিৎসা ব্যয় বৃদ্ধি পায়।
আজ সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর বনানীর হোটেল সারিনায় আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য তুলে ধরেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে চিকিৎসা, ফার্মেসি এবং নার্সিং শিক্ষার পাঠ্যক্রম পর্যালোচনা বিষয়ক এই কর্মশালার আয়োজন করা হয়েছে।
সেন্টার ফর মেডিকেল এডুকেশন (সিএমই), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর (ডিজিএমই) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যৌথভাবে এই কর্মশালাটি বাস্তবায়িত করছে।
এম এ মুহিত বলেন, চিকিৎসক ও রোগীদের আচরণগত পরিবর্তন না আনলে, কেবলমাত্র জ্ঞান বা সচেতনতা দিয়ে এই সংকট মোকাবিলা করা সম্ভব নয়। তিনি বলেন, ব্যবস্থাপত্র ছাড়া বা ‘ওভার দ্য কাউন্টার’ অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন এবং তার কঠোর বাস্তবায়ন অত্যন্ত জরুরি।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার রোধে সরকার ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা বা ই-হেলথ চালু করছে। এর আওতায় ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড এবং ইলেকট্রনিক প্রেসক্রিপশন ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকবে। ফলে সবকিছু ডিজিটাল নজরদারির আওতায় আসবে।
তিনি আরও বলেন, দেশব্যাপী সরকারি হাসপাতালের ফার্মেসিগুলোকে একটি সমন্বিত নেটওয়ার্কের আওতায় আনা হবে। এতে বিনামূল্যের ওষুধের অপচয় রোধের পাশাপাশি সঠিক রোগীর কাছে মানসম্মত ওষুধ পৌঁছানো নিশ্চিত হবে। চিকিৎসা, নার্সিং, মিডওয়াইফারি ও ফার্মেসি শিক্ষার পাঠ্যক্রমে আধুনিক তথ্য ও আন্তর্জাতিক মানদণ্ড যুক্ত করার উদ্যোগকে তিনি স্বাগত জানান।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. নাজমুল হোসেন বলেন, দেশে কোন রোগে কোন অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট প্রটোকল থাকলেও আমাদের অনেক শীর্ষস্থানীয় চিকিৎসক ও মেডিসিনের অধ্যাপকরাই সে সম্পর্কে অবগত নন। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের বিরুদ্ধে লড়াই জোরদার করতে হলে চিকিৎসা শিক্ষার পাঠ্যক্রমে এই ঘাটতিগুলো চিহ্নিত করে তা পূরণ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর মেডিকেল এডুকেশনের (সিএমই) পরিচালক অধ্যাপক ডা. শামীমা রহমান।
আরো বক্তব্য রাখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের সিনিয়র হেলথ পলিসি অ্যাডভাইজর সাংগে ওয়াংমো, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব শবনম মুস্তারি, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম। এর আগে স্বাগত বক্তব্য দেন সিএমইর অধ্যাপক ডা. দিলারা আলো।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দিনাজপুরের নবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে একজন হলেন উপজেলার হরিল্লাখুর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে সলিমুল্লাহ (৫২)। অন্যজন হলেন রঘুনাথপুর (আকন্দপাড়া) গ্রামের অহিদুল হকের ছেলে হাদিউজ্জামান, যিনি বাবু নামেও পরিচিত (৩৯)।
সোমবার (২৩ নভেম্বর) সকালে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। সলিমুল্লাহ নবাবগঞ্জ উপজেলা শাখার নিষিদ্ধ আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য। তিনি গোলাপগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্যও ছিলেন।
পুলিশের সূত্রে জানা যায়, সলিমুল্লাহকে তার লিজ নেওয়া একটি পুকুরের পাড় থেকে গ্রেফতার করা হয়। অপরদিকে, হাদিউজ্জামান, যিনি বাবু নামে পরিচিত, তিনি নিষিদ্ধ যুবলীগের ৩ নম্বর গোলাপগঞ্জ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক।
ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
থাইল্যান্ডে রাজতন্ত্রকে অপমানের অভিযোগে বিরোধী দলের এক আইনপ্রণেতার ছয় বছরের কারাদণ্ড আপিল আদালত তিন বছরে কমিয়ে দিয়েছে। সোমবার আদালত এই রায় প্রদান করে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার কারণে তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল।
রাজতন্ত্রের অবমাননা ঠেকাতে থাইল্যান্ডে কঠোর আইন বিদ্যমান। দেশের আইন অনুযায়ী, রাজা, রানি, সিংহাসনের উত্তরাধিকারী বা রাজপ্রতিনিধিকে অপমান, মানহানি কিংবা হুমকি দিলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। দণ্ডপ্রাপ্ত আইনপ্রণেতার নাম রুকচানক শ্রিনরক, যিনি বিরোধী দল পিপলস পার্টির সদস্য। তিনি পূর্বে আন্দোলনকর্মী ছিলেন এবং স্থানীয়ভাবে ‘আইস’ নামে পরিচিত।
২০২১ সালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের একটি পোস্ট দেওয়া এবং অন্য একজনের পোস্ট শেয়ার করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। রাজতন্ত্র অবমাননা এবং কম্পিউটার অপরাধ আইনের অধীনে নিম্ন আদালত তাকে দোষী সাব্যস্ত করেন। ২০২৩ সালে আদালত তাকে ছয় বছরের কারাদণ্ড দেন।
সোমবার আপিল আদালত অন্যের পোস্ট শেয়ার করার অভিযোগ থেকে তাকে খালাস দেন। একই সঙ্গে তার কারাদণ্ডের মেয়াদ ছয় বছর থেকে কমিয়ে তিন বছর করেন। আপিলের রায়ের অপেক্ষায় থাকলেও সংসদ সদস্য পদে রুকচানক বহাল ছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে তিনি আবার নির্বাচিত হন। তার বিরুদ্ধে আনা অভিযোগ তিনি অস্বীকার করেছেন।
পিপলস পার্টির নেতা নাত্তাফং রুয়েংপানিয়াওয়াত সাংবাদিকদের জানান, রুকচানক জামিনের আবেদন করছেন। পাশাপাশি সুপ্রিম কোর্টে আপিল করার প্রস্তুতিও চলছে। মানবাধিকার সংগঠন থাই লইয়ার্স ফর হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী, ২০১৪ সালের মে থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত থাইল্যান্ডে রাজতন্ত্র অবমাননার অভিযোগে অন্তত ১৯৯ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
থাইল্যান্ডের সংবিধান অনুযায়ী, সর্বোচ্চ আদালতের চূড়ান্ত রায়ে কারাদণ্ড হলে কোনো আইনপ্রণেতা তার সংসদ সদস্য পদ হারাতে পারেন। তবে এ ক্ষেত্রে কিছু ব্যতিক্রম রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ