০৫:২১ পি.এম
মহাবিপন্ন প্রাণী শকুনের সুরক্ষা ও বংশ বৃদ্ধির উদ্দেশ্যে সুন্দরবনে একটি দুই দিনব্যাপী আন্তর্জাতিক সভা শুরু হয়েছে। বাংলাদেশ বন বিভাগ বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় সুন্দরবনের পশুর নদে একটি ভ্যাসেল জাহাজে এই সভার আয়োজন করে। এতে এশিয়ার ছয়টি দেশসহ বিশ্বের ১০টি দেশের ৪৫ জন গবেষক, বিজ্ঞানী, আন্তর্জাতিক সংরক্ষণ সংস্থার প্রতিনিধিরা এবং বাংলাদেশের শীর্ষ বন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
বন বিভাগের প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী সভায় বক্তব্য রাখার সময় জানান, সুন্দরবনে মহাবিপন্ন শকুনের সংখ্যা বর্তমানে মাত্র ২৪৮টি। চার দশক পূর্বে এই সংখ্যা ছিল প্রায় অর্ধলক্ষ। মহাবিপন্ন এই প্রাণীটির বিলুপ্তি রোধে এশিয়াস ভলচার্স ফ্রম একটিংশন ২০১১ সাল থেকে কাজ করছে। উল্লেখ্য, ২০০৫ সালে কম্বোডিয়ায় এ সংস্থার বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছিল।
এবার বাংলাদেশে শকুন রক্ষায় প্রথমবারের মতো আন্তর্জাতিক সভা অনুষ্ঠিত হচ্ছে। সভা থেকে শকুনের সম্পূরক খাদ্য সরবরাহ, শকুনের সংখ্যা পর্যবেক্ষণ, স্যাটেলাইট ট্র্যাকিং, উদ্ধার ও পুনর্বাসন কর্মসূচি এবং জাতীয় শকুন সংরক্ষণ কর্মপরিকল্পনার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ ছাড়া প্রাণীটির দীর্ঘমেয়াদী টিকে থাকার জন্য আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক অংশীদারিত্বকে জোরদার করার পাশাপাশি অভিন্ন সংরক্ষণ অগ্রাধিকারগুলো চিহ্নিত করার কাজ চলছে।
আরও পড়ুন: ইন্দোনেশিয়ার স্বর্ণখনিতে আটকা ২৬ শ্রমিককে উদ্ধারে অভিযান চলছে
প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী উল্লেখ করেন, এশিয়ার শকুনদের বিলুপ্তি রোধে সম্মিলিত পদক্ষেপকে ত্বরান্বিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরির কাজও চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন