১০:০৭ এম
বাগেরহাট পৌরসভার উদ্যোগে একটি ব্যতিক্রমধর্মী পৌর কর মেলা শুরু হয়েছে। গতকাল রোববার সকালে শুরু হওয়া এই তিনদিনব্যাপী কাল অনুষ্ঠিত হবে মঙ্গলবার পর্যন্ত। কর আদায় বৃদ্ধি এবং নাগরিকদের কর পরিশোধে উৎসাহিত করার উদ্দেশ্যে এ উদ্যোগ গ্রহণ করেছে পৌর কর্তৃপক্ষ।
পৌরসভার তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭ কোটি ১৩ লাখ ৭২ হাজার ৮৯৪ টাকা। এই লক্ষ্যে করা মেলায় বিশেষ প্রণোদনার ব্যবস্থা রাখা হয়েছে। দীর্ঘ সময় ধরে বকেয়া কর পরিশোধ না করা করদাতাদের জন্য ১৫ শতাংশ এবং নিয়মিত কর পরিশোধকারী করদাতাদের জন্য ১০ শতাংশ কর মওকুফের সুযোগ রাখা হয়েছে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, সকাল থেকে পৌরবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেকেই এই বিশেষ সুযোগ কাজে লাগিয়ে তাদের বকেয়া ও নিয়মিত কর পরিশোধ করছেন।
আরও পড়ুন: বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান
কর পরিশোধ করতে আসা পৌরসভার বাসিন্দা মো. হাসিবুর রহমান বাসস’কে বলেন, ‘পৌর কর্তৃপক্ষ করদাতাদের জন্য যে বিশেষ সুযোগ দিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। আমার মতো অনেকেই এই সুযোগ গ্রহণ করে কর পরিশোধ করবেন বলে আমি বিশ্বাস করি। পৌরসভার উন্নয়নের স্বার্থে সকল নাগরিকেরই সময়মতো কর পরিশোধ করা উচিত।’
বাগেরহাট পৌরসভার প্রশাসক মো. মেজবাহ উদ্দিন বাসস’কে বলেন, ‘পৌরবাসীর ভালো সাড়া পাচ্ছি। ইতোমধ্যে আমরা প্রায় ৩৬ শতাংশ কর আদায় করতে সক্ষম হয়েছি। আমাদের লক্ষ্য শতভাগ কর আদায় নিশ্চিত করা। শতভাগ কর আদায় হলে পৌরসভার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়া সম্ভব হবে। একই সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতাও পরিশোধ করা যাবে।’
সচেতন মহল পৌর কর্তৃপক্ষের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, কর আদায় বৃদ্ধি পেলে পৌরসভার আর্থিক সক্ষমতা বাড়বে, উন্নয়ন কর্মকাণ্ড দ্রুততর হবে এবং নাগরিকদের প্রত্যাশিত সেবা নিশ্চিত করা সহজ হবে।
আনুষ্ঠানিকভাবে কর মেলার উদ্বোধন করেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও দায়িত্বপ্রাপ্ত পৌর প্রশাসক মেজবাহ উদ্দিন, উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুম, পৌরকর কর্মকর্তা আকুঞ্জি মিল্লাত হোসেন মিলুসহ অন্যান্য কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিপুল সংখ্যা পৌর করদাতা ও সাংবাদিকবৃন্দ।
আরও পড়ুন: কাল ত্রিশালে ৩ দিনব্যাপী জাতীয় ইজতেমা শুরু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন