১০:১৭ এম
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধভাবে বালু উত্তোলন করা এবং কালভার্টের মুখ বন্ধ করে পানি নিষ্কাশনের পথে বাধা সৃষ্টির অভিযোগে অভিযুক্ত দেলওয়ার হোসেন দিপুকে (২৬) ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে, অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করে নিলামের মাধ্যমে ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
এই অভিযান রবিবার (২৮ জুন) সন্ধ্যায় উপজেলার আন্ধারিঝাড় ইউনিয়নের সড়ককাটা এলাকায় ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম মহাসড়কের পাশে এক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেবনাথ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিযুক্ত দেলোয়ার হোসেন দিপু (২৬) আন্ধারিঝাড় ইউনিয়নের নজরুল ইসলামের ছেলে। সে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিনের সাহায্যে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল এবং কালভার্টের মুখ বন্ধ করে পানি নিষ্কাশনের পথে বাধা সৃষ্টি করছিল।
আরও পড়ুন: বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান
স্থানীয়রা তার বিরুদ্ধে প্রতিবাদ জানান। এরপরও কিছু না হওয়ায় বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা প্রমাণিত করেন।
পরে অবৈধভাবে বালু উত্তোলনের জন্য অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে জব্দকৃত বালু নিলামের মাধ্যমে মজনু মিয়ার নিকট ২৫ হাজার টাকা নগদে বিক্রি করা হয়। এই সময় উপস্থিত ছিলেন আম্বারীঝাড় ইউপি চেয়ারম্যান জাবেদ আলী মন্ডল, ভূমি উপসহকারী কর্মকর্তা রোকনুজ্জামান ও থানার পুলিশের একটি দল।
উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: কাল ত্রিশালে ৩ দিনব্যাপী জাতীয় ইজতেমা শুরু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন