০৭:০৭ এম
কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) দুটি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি, দেশীয় ধারালো অস্ত্র ও গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করেছে।
রোববার (৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে ক্যাম্পের এইচ ব্লকে কথিত ডাকাত সানাউল্লাহর বসতঘরে অভিযানটি সম্পন্ন হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ক্যাম্পের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণ এবং অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) যৌথভাবে গোপন সংবাদের ভিত্তিতে সানাউল্লাহর বসতঘরে অভিযান পরিচালনা করে।
আরও পড়ুন: সেন্ট মার্টিন থেকে ফিরলেন ৩৮০ পর্যটক ও স্থানীয় বাসিন্দা
অভিযান চলাকালে বসতঘরের বিভিন্ন স্থানে তল্লাশি করে দুটি নম্বরবিহীন ৭.৬৫ বোরের পিস্তল, দুটি খালি ম্যাগাজিন, চার রাউন্ড তাজা গুলি, একটি স্টিলের চাকু, একটি লোহার দা এবং একটি সবুজ রঙের হেক্সো ব্লেড উদ্ধার করা হয়।
এছাড়া উদ্ধার করা আলামতের মধ্যে ভারতীয় ১০ রুপির একটি পুরোনো নোট, সিমবিহীন সিম কার্ডের আটটি কাভার, বাংলাদেশি জাতীয় পরিচয়পত্রের দুটি ফটোকপি, ইউএনএইচসিআরের দুটি রোহিঙ্গা শরণার্থী কার্ড, বাংলাদেশি জন্মনিবন্ধন সনদের একটি ফটোকপি এবং এক জোড়া পুরোনো কালো রঙের বুটও অন্তর্ভুক্ত রয়েছে।
উদ্ধার করা চার রাউন্ড গুলির মধ্যে ৭.৬৫ বোরের পিস্তলের তিন রাউন্ড এবং একনলা বন্দুকের এক রাউন্ড গুলি রয়েছে।
যদিও যৌথ বাহিনীর এ অভিযান চলাকালীন ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ ২৮৮ জন আটক
পরে উদ্ধার করা অস্ত্র ও আলামতগুলোর বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রোববার (৯ নভেম্বর) রাত ১২টা ৩০ মিনিটে টেকনাফ ১৬ এপিবিএনের অধিনায়ক ও অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) কাউছার সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সন্ত্রাসী তৎপরতা, অবৈধ অস্ত্রের বিস্তার, ডাকাতি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন