ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

মিয়ানমারের সঙ্গে ভূখণ্ড বিনিময় নিয়ে ভাবছে ভারত


মিয়ানমারের সঙ্গে ভূখণ্ড বিনিময় নিয়ে ভাবছে ভারত

মিয়ানমারের সঙ্গে ভূখণ্ড বিনিময়ের কথাবার্তা ভাবছে ভারত।

 

মঙ্গলবার সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন।

আরও পড়ুন: বাংলাদেশের ২৬ ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান

ভারত ও মিয়ানমারের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত সীমান্ত নির্ধারণের অংশ হিসেবে দুই দেশ সম্ভাব্য ভূখণ্ড বিনিময় নিয়ে আলোচনা করছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও সিদ্ধান্ত হয়নি, তবে সীমান্তের যেসব অংশ এখনও চূড়ান্তভাবে নির্ধারণ করা যায়নি, সেগুলো নিয়ে আলোচনা চলছে বলেও নিশ্চিত করেছে নয়াদিল্লি।

মঙ্গলবার রাজধানী নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “সীমান্তের কিছু অংশ এখনও চূড়ান্তভাবে নির্ধারণ করা হয়নি। এসব এলাকা নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।”

মণিপুর সীমান্তে মিয়ানমারের সঙ্গে ভূমি বিনিময়ের সম্ভাবনা সম্পর্কে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তবে তিনি সরাসরি ভূখণ্ড বিনিময়ের খবর নিশ্চিত বা অস্বীকার করেননি।

২০২৩ সালের ১৭ জুলাই মার্কিন সাময়িকী দ্য ডিপ্লোম্যাট প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করেছে, ভারত সরকার মণিপুর সীমান্তে প্রায় ১ দশমিক ৪ বর্গমাইল (প্রায় ৩ দশমিক ৬ বর্গকিলোমিটার) এলাকার বিনিময়ের একটি প্রস্তাব বিবেচনা করছে।

আরও পড়ুন: বিদেশি অপপ্রচার ও গুজব রোধে পিআইডির বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ

প্রতিবেদনটি একটি সরকারি নথির বরাত দিয়ে জানায়, সীমান্তের ৬৫ থেকে ৬৮ নম্বর সীমান্তস্তম্ভের মধ্যবর্তী প্রায় ২ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ অমীমাংসিত অংশের সীমানা নির্ধারণের জন্য এই প্রস্তাব নিয়ে কাজ চলছে।

নথিটি ২০২৬ সালের ২৬ মে তারিখের বলে উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়, তিন মাসের মধ্যে সীমান্ত চিহ্নিতকরণের কাজ শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছিল।

প্রস্তাবিত এলাকা ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলা এবং মিয়ানমারের সাগাইং অঞ্চলের কাবাও উপত্যকার সংলগ্ন এলাকায় অবস্থিত।

বিশ্লেষকদের মতে, সীমান্তের অমীমাংসিত অংশ দ্রুত নির্ধারণ করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

আরও পড়ুন: জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ারের সঙ্গে প্রতিরক্ষা উপদেষ্টার সাক্ষাৎ

সীমানা চূড়ান্ত হলে ভারত পুরো ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে। এর মাধ্যমে অবৈধ অনুপ্রবেশ, বিদ্রোহী গোষ্ঠীর চলাচল এবং সীমান্তপারের বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে আনা সহজ হবে বলে দাবি করছে নয়াদিল্লি।

২০২৪ সালে ভারত সরকার ১ হাজার ৬৪৩ কিলোমিটার দীর্ঘ ভারত-মিয়ানমার আন্তর্জাতিক সীমান্তজুড়ে বেড়া নির্মাণের পরিকল্পনা ঘোষণা করে।

একই সঙ্গে ২০১৮ সাল থেকে চালু থাকা ফ্রি মুভমেন্ট রেজিম বাতিলের সিদ্ধান্তও নেয় ভারত। ওই ব্যবস্থার আওতায় সীমান্তবর্তী উপজাতীয় জনগোষ্ঠী বিশেষ সীমান্ত পাস ব্যবহার করে ভিসা ছাড়াই একে অপরের ভূখণ্ডে সর্বাধিক ১৬ কিলোমিটার পর্যন্ত যাতায়াত করতে পারত।

বর্তমানের হিসাবে, এখনও অমীমাংসিত ১৭১ কিলোমিটার সীমান্ত রয়েছে। ভারতের এবং মিয়ানমারের মধ্যে ১ হাজার ৬৪৩ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, যা অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর ও মিজোরাম অতিক্রম করে মিয়ানমারের সাগাইং অঞ্চল ও চিন রাজ্যে প্রবেশ করেছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, তদন্তে পাঁচটি ত্রুটির প্রমাণ মিলেছে

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, এ পর্যন্ত প্রায় ১ হাজার ৪৭২ কিলোমিটার সীমান্তে সীমান্তস্তম্ভ স্থাপন করে সীমানা নির্ধারণ করা হয়েছে। তবুও, প্রায় ১৭১ কিলোমিটার সীমান্ত এখনও অমীমাংসিত রয়েছে। এর বেশিরভাগ অংশ অরুণাচল প্রদেশের লোহিত সেক্টর এবং মণিপুরের কাবাও উপত্যকা এলাকায় অবস্থিত।

বর্তমান ভারত-মিয়ানমার সীমান্ত ১৯৬৭ সালের দ্বিপক্ষীয় চুক্তির ভিত্তিতে নির্ধারণ করা হলেও বেশ কিছু অংশে এখনও সীমানা চূড়ান্ত হয়নি। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য, দুই দেশের মধ্যে কোনও বৃহত্তর সীমান্ত বিরোধ নেই; কেবল নয়টি সীমান্তস্তম্ভের অবস্থান এখনও চূড়ান্ত করা বাকি রয়েছে এবং সেগুলো দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমেই নির্ধারণ করা হচ্ছে।

মণিপুরের সবচেয়ে সংবেদনশীল সীমান্ত অংশগুলোর মধ্যে রয়েছে -

•  মলচাম সেক্টর (সীমান্তস্তম্ভ ৬৪-৬৮)

আরও পড়ুন: এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং পদত্যাগ, গুপ্তচরবৃত্তির অভিযোগের প্রেক্ষিতে

•  মোরেহ সেক্টর (সীমান্তস্তম্ভ ৭৫-৭৯)

•  চোরো খুনৌ সেক্টর (সীমান্তস্তম্ভ ৮৮-৯৫)

দ্য ডিপ্লোম্যাটের দাবি, গত মাসে মিয়ানমারের সামরিক নেতা মিন অং হ্লাইংয়ের ভারত সফরের সময়ও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, দুই দেশ মলচাম এলাকায় নতুন ও সহায়ক সীমান্তস্তম্ভ স্থাপনের সম্ভাবনা এবং ২০১৭ সালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া সীমান্ত পুনর্নির্ধারণের একটি প্রস্তাবও পর্যালোচনা করেছে।

আরও পড়ুন: চলতি অর্থবছরে বিসিক শিল্পনগরীর অবকাঠামো সংস্কার শুরু হবে: শিল্পমন্ত্রী

ভারত সরকার প্রতিবেশী দেশের সঙ্গে ভূখণ্ড বিনিময়ের নজির নতুন নয়।

২০১৫ সালে ভারত ও বাংলাদেশ স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়ন করে। ওই চুক্তির আওতায় ভারত তার ভূখণ্ডে থাকা ১১১টি বাংলাদেশি ছিটমহল বাংলাদেশের কাছে হস্তান্তর করে। বিনিময়ে বাংলাদেশ থেকে ৫১টি ভারতীয় ছিটমহল গ্রহণ করে ভারত।

এটি দুই দেশের মধ্যে প্রায় ৪১ বছর ধরে চলা সীমান্তসংক্রান্ত জটিলতার অবসান ঘটায়।

সম্ভাব্য ভূখণ্ড বিনিময়ের খবর প্রকাশের পর থেকেই মণিপুরে এর বিরোধিতা শুরু হয়েছে।

মণিপুরের বিভিন্ন সামাজিক সংগঠনের সমন্বয়ে গঠিত কো-অর্ডিনেটিং কমিটি অন মণিপুর ইন্টেগ্রিটি কেন্দ্রীয় সরকারকে এ ধরনের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছে।

সংগঠনটি সতর্ক করে বলেছে, মণিপুরের ভূখণ্ডের সামান্য অংশও যদি মিয়ানমারের কাছে হস্তান্তর করা হয়, তাহলে তারা ব্যাপক গণআন্দোলন গড়ে তুলবে।

গত ২৭ জুলাই সংগঠনটি এক বিবৃতিতে জানায়, “যদি প্রতিবেদনে প্রকাশিত তথ্য সত্য হয় এবং সেই প্রস্তাব বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়, তাহলে কো-অর্ডিনেটিং কমিটি অন মণিপুর ইন্টেগ্রিটি কোনওভাবেই নীরব দর্শক হয়ে থাকবে না।”

সংগঠনটির দাবি, মণিপুরের ভৌগোলিক অখণ্ডতা কোনওভাবেই আপসযোগ্য নয়। তাদের ভাষ্য, ১৯৪৯ সালে ভারতের সঙ্গে একীভূত হওয়ার পর রাজ্যটি ইতোমধ্যেই ঐতিহাসিকভাবে কিছু ভূখণ্ড হারিয়েছে। তাই ভবিষ্যতে রাজ্যের সীমানা আরও ছোট করার যেকোনও উদ্যোগ গ্রহণযোগ্য হবে না।

এছাড়া মণিপুরের জনগণের মতামত ছাড়া রাজ্যের ভৌগোলিক অখণ্ডতায় প্রভাব ফেলতে পারে- এমন কোনও সিদ্ধান্ত না নেওয়ার জন্যও কেন্দ্রীয় সরকারকে সতর্ক করেছে সংগঠনটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রেমের টানে কেরানীগঞ্জে চীনা যুবক, ধর্ম পরিবর্তন করে বিয়ে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১০ পি.এম


প্রেমের টানে কেরানীগঞ্জে চীনা যুবক, ধর্ম পরিবর্তন করে বিয়ে

 

হাজার হাজার কিলোমিটারের দূরত্ব, ভাষা ও সংস্কৃতির ভিন্নতা—কোনো কিছুই যেন ভালোবাসার কাছে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের পর প্রেমের টানে চীন থেকে বাংলাদেশে এসেছেন চীনা নাগরিক ওয়াং জিয়াওপাং।

ইসলাম ধর্ম গ্রহণ করার পর কেরানীগঞ্জের এক তরুণীকে বিয়ে করেছেন। তার নতুন নাম রাখা হয়েছে শুভ ইসলাম।

প্রেমিকা সানজিদা আক্তার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের হাজীনগর এলাকার মৃত কবির হোসেনের মেয়ে। পরিবার জানায়, পরিচয়ের পর অল্প সময়ের মধ্যে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে।

পরে বাংলাদেশে এসে গত ২৭ জুলাই মেয়ের পরিবারের সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।

সানজিদা আক্তার জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের পরে তাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া তৈরি হয়। এরপর তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। বাংলাদেশে আসার পর ইসলাম ধর্ম গ্রহণ করার পর শুভ ইসলামকে বিয়ে করেন তিনি।

ভবিষ্যতে পারস্পরিক বিশ্বাস ও ভালোবাসার ভিত্তিতে সংসার গড়ে তোলার প্রত্যাশার কথাও জানিয়েছেন তিনি।

শুভ ইসলাম জানিয়েছেন, বাংলাদেশে এসে তিনি আন্তরিকতা ও পারিবারিক উষ্ণতায় মুগ্ধ হয়েছেন। ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত তিনি স্বেচ্ছায় নিয়েছেন। স্ত্রীকে নিয়ে সুখী জীবন গড়তে চান।

এদিকে, এই ব্যতিক্রমী বিয়ে ঘিরে এলাকায় ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে কেউ বিষয়টিকে ভালোবাসার অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন, আবার কেউ ভিন্ন সংস্কৃতির দুই মানুষের সংসারজীবন নিয়ে নানা ধরনের মন্তব্য করছেন।

সানজিদার মা নাসীমা বেগম বলেন, ‘মেয়ের সুখের কথা বিবেচনা করেই তারা বিয়েতে সম্মতি দিয়েছেন। তার বিশ্বাস, পারস্পরিক সহযোগিতায় তাদের সংসার সুন্দরভাবে এগিয়ে যাবে।’

সানজিদার ফুফু শাহীনুর বেগমও বলেছেন, ‘শুরুতে কিছুটা সংশয় থাকলেও ছেলেটির আচরণ ও আন্তরিকতায় পরিবারের সদস্যরা সন্তুষ্ট। তারা নবদম্পতির সুখী দাম্পত্য জীবন কামনা করেন।’

পরিবারের সদস্যরা জানান, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর শুভ ইসলাম পরিকল্পনা করছেন সানজিদাকে চীনে নিয়ে যাওয়ার। তাদের প্রত্যাশা, ভিন্ন দুই দেশের এই সম্পর্ক ভালোবাসা, বিশ্বাস ও পারস্পরিক শ্রদ্ধার বন্ধনে দীর্ঘস্থায়ী হবে।

এদিকে বিদেশি জামাইয়ের আগমনকে কেন্দ্র করে কেরানীগঞ্জে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। চীনা যুবককে একনজর দেখতে এবং তার সঙ্গে ছবি তুলে ফেসবুকে শেয়ার করতে স্থানীয় উৎসুক জনতা প্রতিনিয়ত কনের বাড়িতে ভিড় জমাচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেন যুদ্ধের পাঁচ বছর পর নতুন বাহিনী গঠন করলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১২ পি.এম


ইউক্রেন যুদ্ধের পাঁচ বছর পর নতুন বাহিনী গঠন করলেন পুতিন

ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের ৫ বছরের মাঝপথে রাশিয়া সামরিক কাঠামোর ‘সংস্কার’ করেছে।

এই সংস্কার কর্মসূচির অংশ হিসেবে নতুন করে চালকবিহীন যান বাহিনী বা আনম্যানড সিস্টেম ফোর্সেস গঠিত হয়েছে।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন এই বাহিনীর প্রধান হিসেবে ডেনিস লিয়ামিনকে নিয়োগ দিয়েছেন।

দেশটির সামরিক বাহিনীর এই নতুন শাখা আগামীতে ড্রোনযুদ্ধের দায়িত্বে থাকবে। বুধবার এই ঘোষণা দেয়া হয়, যা খবরের সংস্থা রয়টার্স জানায়।

বর্তমান যুদ্ধে ড্রোনের ব্যবহার এতটাই বেড়ে গেছে যে, দুই পক্ষই ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ যুদ্ধক্ষেত্র ছাড়িয়ে সমুদ্রপথে ও শত্রুর ভূখণ্ডের গভীরে থাকা জ্বালানি স্থাপনা এবং পণ্যাগারের মতো লক্ষ্যবস্তুতে হামলা চালাতে ড্রোন ব্যবহার করছে।

ইউক্রেনও গত মাসে তার নিজস্ব ‘দূরপাল্লার আঘাত হানার’ কমান্ড গঠনের ঘোষণা দিয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধানদের সঙ্গে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক বৈঠকে, পুতিন লিয়ামিনকে সরাসরি সম্বোধন করে বলেন, ‘নতুন এই ড্রোন বাহিনীর দায়িত্ব নেয়ার জন্য তিনি অন্যতম যোগ্য বিশেষজ্ঞ।’ পুতিন লিয়ামিনকে দ্রুত বাহিনী গঠনের কাজ সমাপ্ত করে দায়িত্ব বুঝে নেয়ার নির্দেশ দেন।

লিয়ামিন আগে ইউক্রেন যুদ্ধরত রাশিয়ার ‘সেন্টার’ গ্রুপ অব ফোর্সেসের চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার পড়াশোনা ট্যাংক কমান্ড স্কুলে এবং তিনি স্থল বাহিনী থেকে উঠে এসেছেন।

পুতিন জানান, দোনেৎস্ক অঞ্চল পুরোপুরি দখল করার লক্ষ্যে ‘সেন্টার’ গ্রুপটি মস্কোর জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

একই বৈঠকে ঘোষিত রদবদলের ফলস্বরূপ ‘সেন্টার’ গ্রুপের সাবেক কমান্ডার ভ্যালেরি সলোদচুককে সামরিক বাহিনীর সম্পূর্ণ রসদ সরবরাহের দায়িত্ব দেয়া হয়েছে। তার শূন্যস্থানে দায়িত্ব নেবেন আন্দ্রেই ইভানায়েভ, যিনি এতদিন ‘ইস্টার্ন’ গ্রুপ অব ফোর্সেসের দায়িত্বে ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক মাস ধরে প্রশাসক নেই, চরম ভোগান্তিতে শমশেরনগরের মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১৫ পি.এম


এক মাস ধরে প্রশাসক নেই, চরম ভোগান্তিতে শমশেরনগরের মানুষ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা না থাকায় এক মাসেরও বেশি সময় ধরে নাগরিক সেবা কার্যত বন্ধ রয়েছে। এতে জন্ম ও মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ, বিভিন্ন প্রত্যয়নপত্রসহ জরুরি সেবা না পেয়ে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, গত ৯ জুলাই থেকে ইউনিয়ন পরিষদে কার্যকর কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নেই। জন্ম নিবন্ধন কার্যক্রমের জন্য প্রয়োজনীয় রেজিস্টার আইডিও সচল না থাকায় নতুন ও সংশোধিত জন্ম নিবন্ধনসহ অধিকাংশ সেবা বন্ধ হয়ে গেছে। প্রতিদিন সেবাপ্রত্যাশীরা ইউনিয়ন পরিষদে এসে ফিরে যাচ্ছেন।

স্থানীয় সরকার বিভাগের আইন-১ শাখার এক আদেশ অনুযায়ী জানা যায়, চেয়ারম্যান জুয়েল আহমদ দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকায় ২০২৫ সালে উপজেলা আইসিটি কর্মকর্তাকে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব দেওয়া হয়েছিল।

কিন্তু চেয়ারম্যান জুয়েল আহমদ হাইকোর্টে রিট আবেদন করলে গত ২৭ এপ্রিল আদালত ওই আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেন। এরপর নতুন করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ না হওয়ায় প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছে।

চেয়ারম্যান জুয়েল আহমদ জানান, আদালতের আদেশে তার চেয়ারম্যান পদ বহাল রয়েছে। দায়িত্ব গ্রহণের জন্য চিঠি পেলেও পরে তার স্বাক্ষর ছাড়া পরিষদের কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানতে পেরেছেন।

জনদুর্ভোগ নিরসনে তিনি দ্রুত আইনানুগ সমাধান চান।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেছেন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রাখতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। জন্ম নিবন্ধনসহ সব ধরনের নাগরিক সেবা দ্রুত চালুর চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ ইস্যুতে সমঝোতার আভাস, তবে ট্রাম্পের জন্য সুখবর নয়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১৬ পি.এম


হরমুজ ইস্যুতে সমঝোতার আভাস, তবে ট্রাম্পের জন্য সুখবর নয়

হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়ে ইরান ও ওমানের মধ্যস্থতায় চলমান আলোচনা নতুন মোড় নিয়ে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহেই একটি সমঝোতা হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে, আলোচনায় অগ্রগতি হলেও এখনও চূড়ান্ত চুক্তি অনেকটাই অনিশ্চিত হয়ে রয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন হলো—হরমুজ প্রণালির ওপর কতটা নিয়ন্ত্রণ ইরান ধরে রাখতে সক্ষম হবে এবং সেই শর্ত যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা মেনে নেবে কি না।

ট্রাম্প মঙ্গলবার সাংবাদিকদের বলেন, “সমঝোতা হতে পারে। আগামীকাল কিংবা তার পরের দিনই হতে পারে। অনেক অগ্রগতি হয়েছে। তারা আমাকে ফোন করে বলেছে- চলুন, আলোচনা করি।” তবে তিনি একবারে একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে উল্লেখ করেন, সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আবারও সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত।

আলোচনার প্রকৃতি নিয়েও বিভ্রান্তি রয়েছে। ইরান শুরু থেকেই দাবি করে আসছে যে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনও আলোচনা করছে না। তেহরানের ভাষ্য, কেবল ওমানের মধ্যস্থতায় হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য একটি অস্থায়ী ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে। অন্যদিকে আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক জ্যেষ্ঠ উপসাগরীয় কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবারের মধ্যে সমঝোতা হওয়ার সম্ভাবনা ‘৫০-৫০’ হিসাব করা হচ্ছে। তার মতে, সবচেয়ে বড় জটিলতা হলো—ইরানের প্রতিনিধি দলে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কোনও প্রতিনিধি নেই। অথচ সম্ভাব্য চুক্তি কার্যকর করতে আইআরজিসির সম্মতি অপরিহার্য।

হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে সমঝোতা বিলম্বিত হওয়ার প্রধান কারণ যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সামরিক হুমকি। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এক অবগত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে। আরেক আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজও একই ধরনের দাবি করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কিছু কর্মকর্তা এবং আঞ্চলিক কয়েকটি দেশ আলোচনায় ‘মিশ্র বার্তা’ দিচ্ছে, যা সমঝোতার পথে বাধা তৈরি করছে। ফার্সের দাবি, ইরান কেবল ওমানের সঙ্গেই আলোচনা করছে এবং সেই আলোচনার লক্ষ্য এমন একটি মধ্যবর্তী নৌপথ নির্ধারণ করা, যা একটি দিকে ইরানের অধিকার নিশ্চিত করবে, অন্যদিকে ওমানের উদ্বেগও বিবেচনায় নেবে।

ইরানের আলোচক কমিটির সদস্য সাঈদ আজোরলু জানিয়েছেন, প্রস্তাবিত ব্যবস্থায় প্রণালির নিরাপত্তা, মাইন অপসারণ এবং নৌসেবা পরিচালনায় ইরানের ভূমিকা বজায় রাখতে হবে। তিনি রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবিকে বলেন, ইরানের লক্ষ্য এক থেকে তিন মাসের জন্য এমন একটি অন্তর্বর্তী ব্যবস্থা চালু করা, যেখানে প্রণালিতে ইরানের প্রাধান্য থাকবে।

বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দু হলো ওমানের জলসীমা দিয়ে চলা দক্ষিণাঞ্চলীয় নৌপথ এবং ইরানের জলসীমার উত্তরাঞ্চলীয় নৌপথকে একীভূত করে উভয় দেশের স্বার্থ রক্ষাকারী একটি যৌথ করিডর তৈরি করা। তিনি বলেন, “আমরা এখন এমন একটি দ্বিমুখী করিডর নিয়ে আলোচনা করছি, যেখানে আলাদা দুই বা তিনটি নৌপথ থাকবে না।”

ইরানের কর্মকর্তারা স্পষ্ট করে জানিয়েছেন, যুদ্ধের আগে যে ব্যবস্থায় কোনও রাষ্ট্র হরমুজ প্রণালির জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করত না, সেই অবস্থায় আর ফিরে যেতে তারা রাজি নয়। তাদের মতে, হরমুজে প্রভাব বজায় রাখা এখন ইরানের জন্য পারমাণবিক কর্মসূচিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকারের মতোই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

অন্যদিকে ওয়াশিংটনের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বারবার বলেছেন, কোনও রাষ্ট্র আন্তর্জাতিক জলপথের ওপর একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে না। তার ভাষায়, “যদি আমরা এমন নজির তৈরি করি যে কোনও দেশ আন্তর্জাতিক জলপথ নিয়ন্ত্রণ করবে, টোল আদায় করবে এবং অর্থ না দিলে জাহাজে হামলা করবে, তাহলে তা বিশ্বের অন্য অঞ্চলেও বিপজ্জনক দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে।” এই কারণে হরমুজে ইরানের দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের প্রস্তাব যুক্তরাষ্ট্রের পাশাপাশি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতও গ্রহণযোগ্য মনে করছে না।

বিশ্লেষকদের মতে, সম্ভাব্য সমঝোতার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পাওয়া প্রয়োজন। এর মধ্যে রয়েছে—আইআরজিসি কি হরমুজে তাদের নিয়ন্ত্রণ সীমিত করতে রাজি হবে? বিদেশি, বিশেষ করে মার্কিন যুদ্ধজাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে কি না? জাহাজের পণ্য ও গন্তব্য সম্পর্কে কতটা তথ্য ইরান জানতে চাইবে? ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ শিথিল হবে কি না? ইরানের তেল রফতানির ওপর আরোপিত নিষেধাজ্ঞায় কোনও ছাড় দেওয়া হবে কি না? গত জুনে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের স্থগিত অংশগুলো পুনরায় কার্যকর হবে কি না?

যুক্তরাষ্ট্রভিত্তিক কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপনসিবল স্টেটক্রাফট-এর ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পার্সি মনে করেন, ইরানের মূল লক্ষ্য কেবল হরমুজে টোল আদায় নয়। তার মতে, যুদ্ধের সময় অর্জিত কৌশলগত প্রভাবকে দীর্ঘমেয়াদি রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই তেহরানের উদ্দেশ্য। একই ধরনের মূল্যায়ন করেছেন ইসরায়েলি নিরাপত্তা বিশ্লেষক ড্যানি সিট্রিনোভিচ। তার মতে, হরমুজকে যুদ্ধ-পূর্ব অবস্থায় ফিরিয়ে নিতে হলে হয় ইরানে সরকার পরিবর্তন, নয়তো দীর্ঘমেয়াদি সামরিক নিয়ন্ত্রণ প্রয়োজন হবে—যা যুক্তরাষ্ট্রের জন্য রাজনৈতিক ও কৌশলগতভাবে অত্যন্ত ব্যয়বহুল হবে।

সমঝোতা বিলম্বিত হওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারেও অনিশ্চয়তা বাড়ছে। বিশ্বের বৃহত্তম তেল উৎপাদক প্রতিষ্ঠান সৌদি আরামকো’র প্রধান নির্বাহী আমিন নাসের জানিয়েছেন, আজই যদি হরমুজ প্রণালি পুরোপুরি খুলেও দেওয়া হয়, তথাপি বৈশ্বিক তেলের মজুত স্বাভাবিক পর্যায়ে ফিরতে প্রায় ১৮ মাস সময় লাগতে পারে। বিশ্লেষকদের হিসাবে, হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন প্রায় ১ কোটি ৫০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বিশ্ববাজারে পরিবাহিত হয়। ফলে সমঝোতা বিলম্বিত হওয়ার প্রতিটি দিন আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বাজারে নতুন চাপ সৃষ্টি করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%