০৯:১৫ পি.এম
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা না থাকায় এক মাসেরও বেশি সময় ধরে নাগরিক সেবা কার্যত বন্ধ রয়েছে। এতে জন্ম ও মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ, বিভিন্ন প্রত্যয়নপত্রসহ জরুরি সেবা না পেয়ে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, গত ৯ জুলাই থেকে ইউনিয়ন পরিষদে কার্যকর কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নেই। জন্ম নিবন্ধন কার্যক্রমের জন্য প্রয়োজনীয় রেজিস্টার আইডিও সচল না থাকায় নতুন ও সংশোধিত জন্ম নিবন্ধনসহ অধিকাংশ সেবা বন্ধ হয়ে গেছে। প্রতিদিন সেবাপ্রত্যাশীরা ইউনিয়ন পরিষদে এসে ফিরে যাচ্ছেন।
স্থানীয় সরকার বিভাগের আইন-১ শাখার এক আদেশ অনুযায়ী জানা যায়, চেয়ারম্যান জুয়েল আহমদ দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকায় ২০২৫ সালে উপজেলা আইসিটি কর্মকর্তাকে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব দেওয়া হয়েছিল।
আরও পড়ুন: কক্সবাজারের মৎস্য অবতরণ কেন্দ্র আধুনিকীকরণে দ্বিগুণ হবে সক্ষমতা
কিন্তু চেয়ারম্যান জুয়েল আহমদ হাইকোর্টে রিট আবেদন করলে গত ২৭ এপ্রিল আদালত ওই আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেন। এরপর নতুন করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ না হওয়ায় প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছে।
চেয়ারম্যান জুয়েল আহমদ জানান, আদালতের আদেশে তার চেয়ারম্যান পদ বহাল রয়েছে। দায়িত্ব গ্রহণের জন্য চিঠি পেলেও পরে তার স্বাক্ষর ছাড়া পরিষদের কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানতে পেরেছেন।
জনদুর্ভোগ নিরসনে তিনি দ্রুত আইনানুগ সমাধান চান।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেছেন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রাখতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। জন্ম নিবন্ধনসহ সব ধরনের নাগরিক সেবা দ্রুত চালুর চেষ্টা চলছে।
আরও পড়ুন: সরাইলে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন