০৯:৫১ এম
মানুষ ও তার পার্থিব অস্তিত্ব কীভাবে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে সম্পূর্ণরূপে নিঃশেষ হয়ে যেতে পারে, এ বিষয়ে পূরবীর সঙ্গে কয়েকবার আলোচনা হয়েছিল। পূরবীর মৃত্যুর খবরটি একজন সংবাদকর্মীর ফোনে জানতে পারি। এক বছরেরও বেশি সময় ধরে পূরবী সঠিকভাবে কথা বলতে পারছিল না। আমি তাকে অনুরোধ করেছিলাম, ফোনের দৃশ্যমান পর্দায় কথা বলা সম্ভব নয়? সে শুধু ‘না’ লিখে ফোনটি কেটে দিয়েছিল। আমাদের শেষ যোগাযোগ ছিল একটি ইমেইল। পূরবী লিখেছিল– “উফ্ কী কষ্ট!” এরপর সে আর কখনও ফোন ধরেনি।
১৯৯৩ সালে সরকারি এক আমন্ত্রণে পশ্চিম উপকূল থেকে ১৮টি স্টেট ভ্রমণ শেষে নিউইয়র্কে পৌঁছাই। কাজের পালা শেষে আতিথ্য গ্রহণ করি পূরবী ও জ্যোতিদার বাড়িতে। তখন কথা বলার জন্য মেশিনে ধাতব মুদ্রা ফেলতে হতো। ঢাকা ছাড়ার আগে পূরবী বলেছিল, আমি এলে তারা আমেরিকার বিভিন্ন শহর ও কানাডা ভ্রমণে যাবে। নিউইয়র্ক থেকে টরন্টো, এরপর মন্ট্রিয়ল-কিউবেকের গল্প। কখনও আত্মীয়দের বাড়ি, কখনও কবি ইকবালের বাসায়; এমনকি কখনও আমরা পূরবী এবং জ্যোতিদার গাড়ির ভেতরেও রাতযাপন করেছি।
পূরবী যখন দেশে বেক্সিমকোতে কাজ করছিল, তখন সপ্তাহের অধিকাংশ দিনই আড্ডা জমত। আমি, নির্মলেন্দু গুণ এবং তিন নারী আসতেন। তসলিমা নাসরিন, আরমা গুণ এবং বঙ্গবীর কাদের সিদ্দিকীর বোন রহিমা। আমি ঠাট্টা করে বলতাম, “এমন সব মা কেমন করে একসঙ্গে জুটে গেল!” আমাদের আড্ডায় তখনই উঠে আসত সমাজের বিভেদপন্থি হয়ে যাওয়ার সংকট প্রসঙ্গ। সেই সময় আজকের কাগজ নামে একটি নতুন সুরুচিসম্পন্ন দৈনিক প্রকাশিত হতে থাকে। এই পত্রিকায় স্বনামধন্য লেখক এবং বুদ্ধিজীবীরা উপসম্পদকীয় লিখতেন। পূরবী এবং আমি ছিলাম নিয়মিত লেখক। পূরবী লিখতেন বিভিন্ন সমস্যা নিয়ে, বিশেষ করে নারী-পুরুষের বৈষম্য নিয়ে। আমার প্রধান ঝোঁক ছিল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে।
আরও পড়ুন: বগুড়া লেখক চক্রের কবি সম্মেলনের তারিখ ও পুরস্কার ঘোষণা
মনে পড়ে, বহু দিন আমরা দুজনে কী বিষয়ে লেখা যায়, তা নিয়ে চিন্তা করতাম এবং দায়িত্ব ভাগ করে নিতাম। এমন কাজের যোগটাই আমাদের মধ্যে চমৎকার ইতিবাচক সম্পর্ক স্থাপন করেছিল।
পূরবী এখন জীবনমরণের সীমানা অতিক্রম করেছে। বয়সের হিসাবে সে আমার চেয়ে বছর দুয়েকের ছোট। পূরবী যে আক্ষরিক অর্থেই আমার চিরসখা, চিরবান্ধব– সেই সত্যটি আমৃত্যু বুকের পাঁজরে বন্দি থাকবে। কবে ওর সঙ্গে আমার দেখা হয়েছিল, ঠিক মনে পড়ে না। সম্ভবত সেটা ছিল পুরান ঢাকার গেণ্ডারিয়ায়; আমাদের আরেক পরম বান্ধব হায়াৎ মামুদের বাড়িতে। তারপর কেমন করে আমাদের সম্পর্কটি হৃদয়ে, চিন্তনে, প্রকাশনে মজবুত হলো; তার ইতিহাস দীর্ঘ। পূরবী পড়াশোনা করতে আমেরিকায় গেল এবং সেখানেই স্থায়ী বাস। কিন্তু দুবছর কাটতে না কাটতেই নিউইয়র্ক-ঢাকা বিমানের ভাড়া বিশাল, তবে পূরবী-জ্যোতিদা সন্তানদের নিয়ে চলে আসতেন।
ঢাকাতে আমার মতো অথবা আমার চেয়েও ঘনিষ্ঠ ও আন্তরিক অনেক বন্ধু-বান্ধব ছিল পূরবীর। সদালাপী, মিষ্টভাষী এবং আকর্ষণীয় মুখশ্রীর পূরবী সবার সঙ্গে আন্তরিকভাবে মিশে যেতে পারত। কিন্তু সবকিছু ছাড়িয়ে ওর সঙ্গে আমার যে আন্তরিকতা এবং সঙ্গপ্রিয়তা, তার কেন্দ্রে ছিল দেশভাগ। বিশেষত ১৯৪৭ সালের দেশভাগজনিত মানুষের মধ্যে যে অস্থিরতা, অনিশ্চয়তা ও উদ্বাস্তু জীবনের কষ্ট, যার অনিবার্য পরিণতি ছিল ধর্ম-সাম্প্রদায়িকতার বিস্তার। পূর্ব ও পশ্চিম বাংলার দুই অংশই সেই ক্ষত আজও বয়ে বেড়াচ্ছে। বলা যায়, এই ক্ষত এ বিষের আবহ, এই অন্যতার বাড়াবাড়ি অদ্যাবধি আমাদের সমাজকে কলুষিত করে তুলছে। যেহেতু আমি পূর্ববঙ্গের বংশোদ্ভূত, আবার প্রাক-দেশভাগের কালে পিতার কলকাতা বাসের সূত্রে পশ্চিমে থেকেছি; পূরবী আমার কাছ থেকে গভীরভাবে বোঝার চেষ্টা করত ধর্মীয় বিভেদ ও বিদ্বেষ এবং তার সামাজিক প্রভাব নিয়ে আমার অভিজ্ঞতা ও মনোভাব সম্পর্কে।
একটি তথ্য অনুল্লিখিত থেকে গেছে; এ বিষয়টি অনেকেই হয়তো জানেন না। দেশে আসার সিদ্ধান্ত গ্রহণ করে পূরবী প্রথম যে সংস্থায় অত্যন্ত আন্তরিকতার সঙ্গে যোগদান করেছিল, তা ছিল সাভারের গণ স্বাস্থ্যকেন্দ্র। পূরবী সেখানে ক্যাম্পাসে থাকত, তার কন্যা জয়ীষাকে পার্শ্ববর্তী একটি বিদ্যালয়ে ভর্তি করে দিয়েছিল। নতুন ছাত্রীকে সেখানে ইসলাম ধর্ম পড়তে হতো, যেটা সম্পর্কে পারিবারিকভাবে ওই ছাত্রীর কোনো যোগ ছিল না, তাই শিক্ষকের বকুনি খেতে হতো।
আরও পড়ুন: মধ্যযুগের কর্ডোভা: জ্ঞান-বিজ্ঞানের আলোয় উজ্জ্বল কেন্দ্র
একদিন ওই শিক্ষক অভিভাবকের সঙ্গে দেখা করতে এলেন এবং যখন জানলেন– এই শিক্ষার্থী মুসলিম নয়, তখন শিক্ষক অত্যন্ত লজ্জিতভাবে দুঃখ প্রকাশ করেন। ভাবতে অবাক লাগে, মাত্র তিন দশক আগে আমাদের সমাজটা এমন সহমর্মী ছিল। এই বাঙালি সমাজ কীভাবে ধর্মের বিভেদ ও বিদ্বেষে সহিংস হয়ে উঠল– আজও বুঝে উঠতে পারিনি। বিশেষত ঠিক এ সময় সমাজটা যেন ভেঙেচুরে যাচ্ছে।
এমন ভাঙনের সবচেয়ে বড় অভিজ্ঞতা ১৯৯২ সালের শেষ দিকে বাবরি মসজিদ ভাঙার আন্দোলন বেশ আগুনের তাপ ছড়িয়েছিল। কিন্তু এই ঐতিহাসিক স্থাপনা যে সত্যিই কিছু ব্যক্তি ভেঙে ফেলতে পারে– সে কথা ভারতবর্ষের বিশাল জনসংখ্যাসহ বাংলাদেশের অধিকাংশ মানুষই বিশ্বাস করতে পারেনি। দুই দেশের প্রগতিশীল ব্যক্তিবর্গ এ ঘটনার প্রবল প্রতিবাদ জানান। বাংলাদেশের প্রধান সংবাদপত্রগুলোয় বিভিন্ন খবর ছাড়াও প্রায় প্রতিদিন এ ঘটনার নিন্দা জানিয়ে এবং একটি অসাম্প্রদায়িক সমাজ নির্মাণের সপক্ষে উপসম্পাদকীয় ও অতিথি কলাম প্রকাশিত হতে থাকে।
হৃদয়বিদারক ও অস্থির সেই সময়ে পূরবী এবং আমি সিদ্ধান্ত গ্রহণ করি, এসব লেখার সংকলন প্রকাশ করতে হবে। বিপুল লেখা, প্রকাশকের অভাব সত্ত্বেও, আমরা সেসব লেখা সংগ্রহ ও সম্পাদনায় ব্যাপৃত হয়ে গেলাম। প্রধান সংবাদপত্রগুলোর এতৎসংক্রান্ত লেখা সংগ্রহ করে সেগুলোকে যথাযথভাবে বিন্যস্ত করতে আমরা প্রায় প্রতি রাত নির্ঘুম কাটিয়ে ১৭ দিনে এই সংকলন প্রকাশ করি; যার নাম ‘এখনো গেল না আঁধার’। পূরবী ও আমার যৌথ সম্পাদনায় আরও কয়েকটি গ্রন্থ রয়েছে। পূরবী বাস্তব কারণে বাংলাদেশে অনেক দিন থাকলেও ফিরে যেতে হয়েছিল যুক্তরাষ্ট্রে। কিন্তু যে সময়টা সে বাংলাদেশে কাটিয়েছিল, আমি মনে করি সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখানে থেকে পূরবী তার অন্তর্গত সাহিত্য প্রতিভা প্রকাশের রসদ পেত। তাই পূরবী ফিরে ফিরে আসত নিজের জল-মাটি-হাওয়ার কাছে।
শফি আহমেদ: শিক্ষক ও সংস্কৃতিকর্মী
আরও পড়ুন: বিজ্ঞানী ও কথাসাহিত্যিক পূরবী বসু ১৪ নভেম্বর যুক্তরাষ্ট্রে মারা গেছেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন