০৪:১৪ পি.এম
পুলিশের পোশাক পরে পূজামণ্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করার ঘটনায় সিলেটের জালালাবাদ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) উদয়ন ফারুককে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সিলেট মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের সই করা এক আদেশে এই ব্যবস্থা গ্রহণ করা হয়।
পুলিশের সূত্রে জানা যায়, গত সোমবার (১৯ অক্টোবর) রাতে সিলেট নগরীর ৮ নম্বর ওয়ার্ডের আখালিয়া নতুনবাজার এলাকার ব্রাহ্মণশাসন সার্বজনীন পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন এএসআই উদয়ন ফারুক। এ সময় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি পুলিশের পোশাক পরিহিত অবস্থায় গান পরিবেশন করেন।
আরও পড়ুন: রাঙামাটির পর্যটন ব্যবসায় মন্দা, ব্যবসায়ীরা লোকসানের শঙ্কায়
পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার গান গাওয়ার দৃশ্য ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। এরপর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুল হাবিব বিষয়টি নিশ্চিত করে জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। এর পর ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় একটি তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: রামেক কর্মচারীদের মানববন্ধন, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন