০৭:২১ পি.এম
কন্নড় সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’ মুক্তির পূর্বেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। প্রথম ঝলক প্রকাশ হওয়ার পর ‘নারীবিদ্বেষী’ তকমা নিয়ে বিতর্কের মুখে পড়া ছবিটি এবার নতুন একটি বিতর্কে জড়িয়ে পড়েছে প্রথম গানটির প্রকাশের পর।
সম্প্রতি প্রকাশিত গানটিতে যশ এবং কিয়ারা আদভানির রোমান্টিক রসায়ন, আবেগঘন মুহূর্ত এবং একাধিক ঘনিষ্ঠ দৃশ্য দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে। গানটির ভিজ্যুয়াল, সুর এবং দুই তারকার অনস্ক্রিন কেমিস্ট্রি প্রশংসিত হলেও সাহসী দৃশ্যের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শুরু হয়েছে নতুন বিতর্ক।
গানটিতে প্রেমকে গভীর, আবেগপূর্ণ ও সর্বগ্রাসী অনুভূতি হিসেবে উপস্থাপন করা হয়েছে। যশ এবং কিয়ারার অভিনয় এবং তাদের পর্দার রসায়নকে ছবির অন্যতম বড় আকর্ষণ হিসেবে মনে করছেন অনেক দর্শক।
আরও পড়ুন: রেলের ১৬৪ মিটার গেজ ইঞ্জিনের ১১৫টি মেয়াদোত্তীর্ণ
তবে সমালোচকদের আওয়াজও কম শোনা যায়নি। অনেকেই অভিযোগ তুলেছেন যে, একটি অ্যাকশনধর্মী সিনেমার প্রচারণায় এত বেশি ঘনিষ্ঠ দৃশ্যের প্রয়োজন ছিল না।
কেউ কেউ মন্তব্য করেছেন, এটি অ্যাকশন চলচ্চিত্রের পরিবর্তে ‘ইরোটিকা’ধর্মী মেজাজ তৈরি করে ফেলেছে। আবার কেউ জানিয়েছেন, ‘টক্সিক’ নামের আড়ালে নির্মাতারা বিতর্কিত বিষয়কে স্বাভাবিকভাবে তুলে ধরার চেষ্টা করছেন।
একজন দর্শক গানটির ভিডিওকে গর্ভনিরোধক পণ্যের বিজ্ঞাপনও হিসেবে তুলনা করেছেন।
কিন্তু সমালোচনার মাঝেও কিয়ারা আদভানির লুক, উপস্থিতি এবং যশের সঙ্গে তার রসায়নের জন্য অসংখ্য দর্শক প্রশংসা করেছেন।
আরও পড়ুন: মোটরসাইকেলচালকদের জন্য নম্বরপ্লেট লাগানোর সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়াল বিআরটিএ
গানটির সুর, কণ্ঠ এবং সংগীতায়োজন করেছেন বিশাল মিশ্র। হিন্দি সংস্করণের গীতিকার রাজ শেখর। এ ছাড়াও গানটি কন্নড়, তেলুগু, তামিল এবং মালয়ালম ভাষাতে একযোগে প্রকাশ করা হয়েছে।
এর আগে সিনেমাটি সম্পর্কে যশ বলেছিলেন, ‘সাধারণত অ্যাকশন ছবি বললেই পুরুষ পরিচালকদের কথা মাথায় আসে। ভারতে দীর্ঘদিন ধরে এমনটাই হয়ে আসছে। বড় মাপের অ্যাকশন ও গ্যাংস্টারদের নিয়ে নির্মিত ছবিটির পরিচালনা পুরুষদের করে আসতে দেখা যায়। এবার যদি লড়াইয়ের ছবি নারীর দৃষ্টিভঙ্গিতে হয়, তবে তা নতুন অভিজ্ঞতা হবে।’
সবকিছু সঠিক থাকলে আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘টক্সিক’। মুক্তির আগেই ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ যেমন ক্রমশ বেড়ে যাচ্ছে, তেমনি প্রতিটি নতুন প্রচারণামূলক কনটেন্ট ঘিরে বিতর্ক এবং আলোচনা তৈরি হচ্ছে।
আরও পড়ুন: ঝিনাইদহে পাচারকালে ৪২০ বস্তা সারসহ ট্রাক আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন