০৭:৫৫ পি.এম
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) বিকেলে উত্তর ইউনিয়ন ও সচেতন নাগরিকবৃন্দের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশটি জামালগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস শহীদ ছবর আলী তালুকদারের সভাপতিত্বে এবং উত্তর কামলাবাজ সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক খন্দকার ইনসান আহমেদ মনিরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। বক্তৃতা করেন বিএনপি নেতা আলী আক্কাছ মুরাদ, মো. খুরশেদ আলম, সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাকর মজুমদার, কালীপুর নেছারিয়া দাখিল মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা নূরুল হক, ভীমখালী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মনির হোসেন এবং উত্তর কামলাবাজ সামাজিক সংগঠনের সভাপতি এমদাদুর রহমান হিরণসহ স্থানীয় গুণীজনরা।
আরও পড়ুন: নীলফামারী জেলার সংবাদকর্মীদের সাথে নবাগত এসপির মতবিনিময় সভা
বক্তারা বলেন, দেশের অগ্রগতি ও উন্নয়নের প্রধান শক্তি হলো তরুণ প্রজন্ম। তরুণদের সঠিক দিকনির্দেশনা ও মেধার বিকাশ দেশের ভবিষ্যৎকে সমৃদ্ধ করতে পারে। তবে তাঁরা সতর্ক করেন যে, যুবসমাজ মাদকের মতো ক্ষতিকর অভ্যাসে জড়িয়ে পড়লে এর নেতিবাচক প্রভাব ব্যক্তি, পরিবার এবং সমাজের ওপর পড়ে।
মাদকাসক্তি একটি সামাজিক ও নৈতিক অবক্ষয়ের অন্যতম কারণ বলেও বক্তারা উল্লেখ করেন।
তারা আরও বলেন, মাদকাসক্তি বিভিন্ন ধরনের অপরাধপ্রবণতার বৃদ্ধিতে ভূমিকা রাখে। চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, কিশোর অপরাধসহ বিভিন্ন সামাজিক অপরাধের পেছনে মাদকের প্রভাব বিদ্যমান। সেজন্য, মাদক প্রতিরোধে কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যোগ নয়, অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদেরও সক্রিয় ভূমিকা নেয়া প্রয়োজন।
সমাবেশের বক্তাগণ যুবসমাজকে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, শিক্ষা ও সমাজসেবামূলক কাজের সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা পরিবার পর্যায়ে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য আহ্বান জানান। তাদের মতে, সম্মিলিত সামাজিক আন্দোলন দীর্ঘমেয়াদি একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সক্ষম।
আরও পড়ুন: গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা আব্দুল সাত্তার ও ওবাইদুর খন্দকার নিহত
সমাবেশে উপস্থিত জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী বলেন, ‘মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের জন্য স্পষ্ট বার্তা— মাদক ছাড়তে হবে, নাহলে এই এলাকা ছাড়তে হবে। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।’
তিনি আরও বলেন, মাদক নির্মূলে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন