১১:৪৪ পি.এম
ডেঙ্গু পরিস্থিতি কার্যকরভাবে মোকাবিলার জন্য আসন্ন বর্ষা মৌসুমে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে ১৬টি নতুন ফগার মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান তার কার্যালয়ে এই মেশিনগুলো বিতরণ করেন।
প্রশাসক মশক নিয়ন্ত্রণ কার্যক্রম আরও জোরদার করার জন্য আহ্বান জানান। তিনি জানান, বর্তমানে সংস্থাটির মজুদে ৭০টি ফগার মেশিন এবং ১৭০টি হ্যান্ড স্প্রে মেশিন রয়েছে। ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমকে আরও গতিশীল ও বিস্তৃত করার জন্য অতিরিক্ত ফগার ও হ্যান্ড স্প্রে মেশিন কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন: শাবিপ্রবির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ সেলসম্যানের বিরুদ্ধে
অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা এবং জনগণের সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
এ সময় কর্মকর্তা-কর্মচারীদের উৎসাহিত করার জন্য বিশেষ প্রণোদনা কর্মসূচির ঘোষণা দেন প্রশাসক। তিনি বলেন, যে ওয়ার্ডে ডেঙ্গু রোগীর সংখ্যা সর্বনিম্ন বা শূন্য থাকবে, সেই উক্ত ওয়ার্ডের ওয়ার্ড সচিব, মশক নিধন সুপারভাইজার এবং মশক নিধন কর্মীদের আর্থিক পুরস্কারের পাশাপাশি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে।
অনুষ্ঠানে সিটির সব ওয়ার্ডের সচিব, মশক নিধন সুপারভাইজার ও মশক নিধন কর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন