মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০৮:৫৯ পি.এম
জাতীয় সংসদে কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) অপরিশোধিত শিল্পবর্জ্যের কারণে বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলে ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের অভিযোগ করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তিনি মন্তব্য করেন যে, ইপিজেডের বর্জ্য ফেলার খালের পাড়ে মাত্র আধা ঘণ্টা অবস্থান করলেই দূষণের ভয়াবহতা স্পষ্ট হয়ে ওঠে।
সংসদে মনিরুল হক চৌধুরীর ক্ষোভ প্রকাশের পর কুমিল্লা ইপিজেডের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) পরিদর্শন করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (১৭ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের একটি প্রতিনিধিদল পরিদর্শনে গিয়ে ইপিজেডের বর্জ্য শোধনাগার, আউটলেট ও সিটি করপোরেশনের ড্রেন থেকে পানির নমুনা সংগ্রহ করে।
পরিদর্শনের পর পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের পরিচালক জমির উদ্দিন জানান, বিভিন্ন স্থান থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে কথা বলার পর সবকিছু পর্যবেক্ষণের ভিত্তিতে প্রতিবেদন প্রস্তুত করা হবে। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নমুনা পরীক্ষা ও সরেজমিন পর্যবেক্ষণের মাধ্যমে দূষণের প্রকৃত কারণ নির্ধারণ করা সম্ভব হবে।
এর আগে সোমবার (১৬ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এই বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন। সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দাবি করেন, ইপিজেডের বিষাক্ত শিল্পবর্জ্যের কারণে গোমতী নদী ও আশপাশের এলাকার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে প্রায় পাঁচ হাজার পরিবার তাদের বসতভিটা ছাড়তে বাধ্য হয়েছে।
তিনি উল্লেখ করেন, দূষিত পানির কারণে স্থানীয় মানুষের পায়ে পচন ধরছে এবং ওই অঞ্চলে ক্যানসারে আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। মনিরুল হক চৌধুরী জানান, ইপিজেডের বর্জ্য মিশ্রিত পানির কারণে খাল-বিল ও জলাশয়ের মাছসহ জলজ প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং কৃষিকাজ চরমভাবে ব্যাহত হচ্ছে। বিষাক্ত বর্জ্য এভাবে খালে ফেলা অব্যাহত থাকলে তা মেঘনা নদীতে গিয়ে আরও বিস্তীর্ণ অঞ্চল ধ্বংসের কারণ হবে।
সংসদে তিনি উল্লেখ করেন, এর আগে পরিবেশ অধিদপ্তর একাধিকবার তদন্ত প্রতিবেদন দিলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং ক্ষতিপূরণের আদেশও বাস্তবায়িত হয়নি। নিজের বক্তব্যের সত্যতা যাচাইয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে মনিরুল হক চৌধুরী সংসদে ঘোষণা দেন যে, তার উত্থাপিত অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগের বিষয়টি সরেজমিনে তদন্ত করে আজকের এই সংবাদ প্রতিবেদনটি তুলে ধরা হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। বিশেষ করে মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
পাশাপাশি ভবিষ্যতে যেন এ ধরনের অনিয়মের অভিযোগ আর না ওঠে, সে বিষয়েও যথাযথ নজরদারি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ