ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

দেশের অস্থিতিশীলতা রোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির


দেশের অস্থিতিশীলতা রোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের মধ্যে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির যে চক্রান্ত চলছে, তা ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

তিনি উল্লেখ করেছেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য অনেক ত্যাগ ও সংগ্রামের বিনিময়ে যে সুযোগ তৈরি হয়েছে, একটি গোষ্ঠী তা বিনষ্ট করার জন্য সুপরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টি করছে এবং দেশকে আবার অন্ধকার যুগে টেনে নিতে চায়।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর বাসাবো বৌদ্ধ মহাবিহারে ‘দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও জাতীয় বৌদ্ধ সম্মেলন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় রাষ্ট্রপতি এসব কথা বলেন।

আরও পড়ুন: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পিকআপের ধাক্কায় হেলপার নিহত, আহত ৪

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের মানুষ সবসময় সংগ্রাম করে অধিকার আদায় করেছে। সংগ্রামের মধ্যদিয়েই দেশের মানুষ সব চক্রান্ত ও ষড়যন্ত্র রুখে দিতে সক্ষম হবে। তিনি সংবিধান প্রদত্ত অধিকার রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় বলতেন, বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই; সবাই বাংলাদেশি নাগরিক। তাদের অধিকার রক্ষায় আমাদের সবাইকে সোচ্চার হতে হবে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে উল্লেখ করে বলেন, ঐক্যের মধ্যদিয়ে প্রধানমন্ত্রীর এই প্রচেষ্টাকে আরও বেগবান করতে হবে।

রাষ্ট্রপতি বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের অনন্য নিদর্শন অভিহিত করে বলেন, এ দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমানরা একসঙ্গে বসবাস করে এবং সাম্প্রদায়িকতাকে ঘৃণা করে। কঠিন চীবর দানের মতো ধর্মীয় আয়োজনের মধ্যদিয়ে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের যে দৃষ্টান্ত স্থাপিত হয়, তা ধর্ম-বর্ণনির্বিশেষে সমাজের সবাইকে অনুপ্রাণিত করে।

রাষ্ট্রপতি বৌদ্ধ সম্প্রদায়ের ইতিহাস ও ঐতিহ্যের প্রসঙ্গ টেনে বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে চীন থেকে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের পবিত্র দেহভস্ম ও হস্তলিপি বাংলাদেশে ফিরিয়ে এনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছিলেন, যা এই ধর্মরাজিক বৌদ্ধবিহারেই সংরক্ষিত আছে।

আরও পড়ুন: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অভিনেতা তমালসহ দুজনকে কারাগারে পাঠাল আদালত

অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে প্রবারণা পূর্ণিমায় ছুটি, বৌদ্ধ ধর্মীয় শিক্ষক নিয়োগ ও তীর্থভ্রমণসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়। এ প্রসঙ্গে রাষ্ট্রপতি জানান, বর্তমান সরকার বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের উন্নয়ন ও অধিকার সমুন্নত রাখতে বদ্ধপরিকর। তিনি বলেন, বৌদ্ধ বিহার সংস্কারে আর্থিক অনুদান, ভিক্ষুদের সম্মানি ভাতা ও শিশুদের প্রাক-প্রাথমিক ধর্মীয় শিক্ষা প্রদানসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এ ছাড়া ধর্মীয় সংখ্যালঘু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিষয়গুলো দেখভালের জন্য প্রধানমন্ত্রী তার বিশেষ সহকারী হিসেবে বিজনকান্তি সরকারকে নিয়োগ দিয়ে রাজনীতিতে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন বলেও মন্তব্য করেন রাষ্ট্রপতি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রুয়েটে দ্বীনি সম্মেলন, প্রধান বক্তা শায়খ আহমাদুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৬ পি.এম


রুয়েটে দ্বীনি সম্মেলন, প্রধান বক্তা শায়খ আহমাদুল্লাহ

ক্যাম্পাস জীবনের শেষ প্রান্তে এসে ইসলামী মূল্যবোধ এবং জ্ঞানচর্চার সংস্কৃতিকে অব্যাহত রাখার প্রত্যাশা নিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘লিগ্যাসি অব দ্বীন কনফারেন্স ২০২৬’। বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের বিদায়ী শিক্ষার্থীদের উদ্যোগ ‘ফাতিহ ’২১’-এর আয়োজনে আগামী ২ ডিসেম্বর রুয়েটের সেন্ট্রাল ফিল্ডে সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং দেশের বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ।

প্রযুক্তি ও প্রকৌশল বিদ্যার উৎকর্ষের পাশাপাশি তরুণদের ঈমানি চেতনা, আত্মশুদ্ধি, নৈতিকতা এবং দ্বীনি জীবনবোধে উদ্বুদ্ধ করাই সম্মেলনের মূল লক্ষ্য। দ্বীনকে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে উপলব্ধি করা এবং ইসলামী জ্ঞানের চর্চা ও বিশ্বাসী প্রজন্ম গড়ে তোলার প্রত্যাশা আয়োজকদের। ফাতিহ-২১ সংগঠনটি ব্যক্তিজীবন থেকে শুরু করে সমাজ ও কর্মক্ষেত্রেও ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটাতে এবং পরবর্তী প্রজন্মের কাছে ইসলামের আদর্শ ও ঐতিহ্য পৌঁছাতে কাজ করে যাচ্ছে।

আয়োজক শিক্ষার্থীরা জানান, ফাতিহ’২১ এর নামকরণে ঐতিহাসিক প্রেরণা নিহিত রয়েছে। ইতিহাসের অন্যতম প্রভাবশালী মুসলিম শাসক সুলতান মুহাম্মদ আল-ফাতিহ (রহ.) মাত্র ২১ বছর বয়সে কনস্টান্টিনোপল বিজয়ের মাধ্যমে সাহস, দৃঢ়সংকল্প ও দূরদর্শিতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। তার জীবনাদর্শে অনুপ্রাণিত হয়েই এমন নামকরণ করা হয়েছে। শুধু ইসলামী ব্যক্তিত্বে পরিচিতি নয়; বরং আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে নিজেদের মেধা ও সামর্থ্য কাজে লাগানো, প্রতিকূলতার মাঝেও আদর্শে অবিচল থাকা এবং দুনিয়াবি সফলতার পাশাপাশি পরকালের জীবনে সাফল্যের লক্ষ্যে দৃঢ় আয়োজক তরুণ প্রকৌশল শিক্ষার্থীরা।

বিদায়ী ব্যাচ হিসেবে ক্যাম্পাসে স্মৃতিচিহ্ন এবং ভবিষ্যত শিক্ষার্থীদের দ্বীন ও কল্যাণমুখী চিন্তার সুদূর প্রসারী স্বাক্ষর রেখে যাওয়ার ভাবনা থেকেই সম্মেলনটির উদ্যোগ নেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে আয়োজক কমিটির প্রতিনিধি এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দেওয়ান মো. নাফিস ইকবাল বলেন, "ক্ষণস্থায়ী কোলাহল বা অর্থহীন আয়োজনের ভিড়ে হারিয়ে না গিয়ে, প্রযুক্তি ও প্রকৌশল বিদ্যার উৎকর্ষের পাশাপাশি রবের সঙ্গে বান্দার সম্পর্ককে আরও গভীর করার লক্ষ্য আমাদের। রুয়েট ক্যাম্পাসে একটি সুস্থ, পরিশুদ্ধ ও স্থায়ী দ্বীনি সংস্কৃতির উত্তরাধিকার তৈরিতে আমরা সম্মেলনের উদ্যোগ নিয়েছি। আমাদের অগ্রজ আবাবিল ’১৯ ও সালসাবিল ’২০ এর ভাইদের সূচিত কল্যাণময় ধারার আমানতকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার বিনীত প্রচেষ্টা করছি আমরা।"

সম্মেলনের প্রধান বক্তা শায়খ আহমাদুল্লাহ দেশের তরুণদের মধ্যে ইসলামী জ্ঞানচর্চা ও দ্বীনি আলোচনার প্রসারে সুপরিচিত। আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম, ধর্মীয় আলোচনা এবং ইসলামি শিক্ষাভিত্তিক উদ্যোগের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি অর্জন করেছেন। তার উপস্থিতিকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আগ্রহ এবং এমন উদ্যোগের প্রশংসা পরিলক্ষিত হয়েছে। ক্যাম্পাসের সর্বস্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে আয়োজনের পরিকল্পনায় কাজ করছেন তারা।

উল্লেখ্য, গত ২০ নভেম্বর থেকে সম্মেলনে অংশগ্রহণে আগ্রহীদের জন্য অনলাইনে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। নারী শিক্ষার্থীদের স্বাচ্ছন্দ্যে অংশগ্রহণ নিশ্চিত করতে তাদের জন্য পৃথক ও নির্ধারিত স্থানের ব্যবস্থাও রাখা হয়েছে। রেজিস্ট্রেশন ফি জুনিয়রদের জন্য মাত্র ২১ টাকা এবং শুধুমাত্র ২১ সিরিজের শিক্ষার্থীদের জন্য ৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও নিবন্ধিত শিক্ষার্থীদের জন্য থাকছে ১২টি দোয়ার স্টিকার, একটি কিবলা স্টিকার, দুটি বুকমার্ক এবং স্মারক হিসেবে চাবির রিং সংবলিত বিশেষ উপহার প্যাকেজ। হল ভিত্তিক নির্ধারিত পিক-আপ পয়েন্ট থেকে সম্মেলনের টোকেন সংগ্রহ করতে পারবেন শিক্ষার্থীরা।

বর্তমান সময়ে তরুণদের মধ্যে আত্মিক প্রশান্তি, নৈতিক দৃঢ়তা এবং জীবনের উদ্দেশ্য সম্পর্কে সচেতনতা তৈরির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিচ্ছে ফাতিহ ’২১। তাদের মতে, প্রকৌশল শিক্ষার জটিল সমীকরণ এবং পেশাগত সাফল্যের প্রতিযোগিতার পাশাপাশি বস্তুবাদী চিন্তা এবং নানামুখী অপসংস্কৃতির প্রভাব তরুণদের প্রকৃত লক্ষ্য ও আত্মিক প্রশান্তি থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এ বাস্তবতায় জ্ঞান ও মূল্যবোধের সঙ্গে ঈমানি চেতনা, আত্মশুদ্ধি, তাকওয়া এবং চারিত্রিক সততার সমন্বয় ঘটাবে এ সম্মেলন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিরোজপুরে হত্যার দায়ে শেখ রুম্মানকে যাবজ্জীবন কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৬ পি.এম


পিরোজপুরে হত্যার দায়ে শেখ রুম্মানকে যাবজ্জীবন কারাদণ্ড

পিরোজপুরে হত্যার দায়ে আদালত শেখ রুম্মান নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন। একইসাথে, তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, যা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশে পরিণত হবে। মামলার অপর দুই আসামিকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং চার জনকে খালাস করা হয়েছে আদালতের পক্ষ থেকে।

পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান সোমবার দুপুরে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠী গ্রামের শেখ রুম্মান হোসেন, সুমনা বেগম এবং সাদিয়া ইসলাম। শেখ রুম্মানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, অন্যদিকে বাকি দুজনকে তিন বছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০২৩ সালের ৪ অক্টোবর রাতে সুপারি বিক্রির পাওনা টাকা দেয়ার কথা বলে নেছারাবাদের সেহাঙ্গল গ্রামের সুপারি ব্যবসায়ী হাসানুর রহমান অপুকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যান শেখ রুম্মান হোসেন। এরপর অপু নিখোঁজ হয়ে যান। তিন দিন পর অভিযুক্ত রুম্মানের নির্মাণাধীন বসতঘরের পাশে খড়ের গাদার নিচে মাটিচাপা অবস্থায় অপুর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের বোন সুমাইয়া আক্তার বাদী হয়ে ওই দিনই নেছারাবাদ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালত মামলার রায় ঘোষণা করেন।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আকন এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আহসানুল কবির বাদল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজিচালকসহ ২ নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৭ পি.এম


কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজিচালকসহ ২ নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় এক নারীসহ আহত হয়েছেন আরো তিনজন। সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার কালিকসার রাস্তার মাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুর এলাকার শফিক মিয়ার ছেলে ও অটোরিকশার চালক আব্দুল মতিন (৩৫) এবং হিংগুলা এলাকার আমিনুল ইসলামের ছেলে আরিফ (৪০)। আহতদের মধ্যে চিওড়া ইউনিয়নের নোয়াপুর এলাকার আব্দুল মতিনের ছেলে হানিফ ও ইয়াকুব এবং জগন্নাথদীঘি ইউনিয়নের হানিফ মিয়ার স্ত্রী সুফিয়া বেগম অন্তর্ভুক্ত রয়েছেন।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিরঞ্জন কুমার সোমবার বিকেলে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

নিহত আরিফের স্বজন ইলিয়াস জানান, চিওড়া ইউনিয়নের নোয়াপুর গ্রামের মামুনের বিয়ের অনুষ্ঠান ছিল বাতিসা ইউনিয়নের বসন্তপুর এলাকায়। মাইক্রোবাসে জায়গা না হওয়ায় আরিফসহ কয়েকজন একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। অটোরিকশাটি কালিকসার রাস্তার মাথা এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি কাভার্ডভ্যান সেটিকে ধাক্কা দেয়। এই ঘটনায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে সামনে থাকা একটি লরির নিচে চলে যায়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক অটোরিকশাচালক আব্দুল মতিন ও যাত্রী আরিফকে মৃত ঘোষণা করেন।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসক সাঈদ আল মনসুর (ইনাম) জানান, দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। গুরুতর আহত ইয়াকুবকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে থানার ওসি নিরঞ্জন কুমার বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় অটোরিকশা ও আহত ব্যক্তিদের উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজে সংঘাত শুরুর পর ইরানের হামলা পৌঁছেছে সর্বোচ্চ পর্যায়ে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৭ পি.এম


হরমুজে সংঘাত শুরুর পর ইরানের হামলা পৌঁছেছে সর্বোচ্চ পর্যায়ে

ইরান যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালী ও এর আশপাশের জলসীমায় বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তেহরান এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর পুনরায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে, কারণ তেলের দাম কমে যাওয়ার প্রেক্ষাপট তৈরি হয়েছে।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টারের (ইউকেএমটিও) তথ্য অনুযায়ী, গত অক্টোবর মাসে ওই অঞ্চলে জাহাজে হামলার ৩০টির বেশি ঘটনা রেকর্ড করা হয়েছে। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরুর পর ফেব্রুয়ারির শেষের দিকে এই প্রথম এক মাসে হামলার সংখ্যা ৩০ ছাড়িয়েছে।

সিএনএনের ইউকেএমটিওর তথ্য বিশ্লেষণ অনুযায়ী, চলতি নভেম্বরের ২৩ তারিখ পর্যন্ত অন্তত ২২টি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। যুদ্ধ শুরুর পর এটি দ্বিতীয় সর্বোচ্চ মাসিক সংখ্যা। এসব হামলার তথ্যের মধ্যে রয়েছে হরমুজ প্রণালী, পারস্য উপসাগর ও ওমান উপসাগর।

তবে প্রকৃত হামলার সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ, ইউকেএমটিও কেবল প্রাথমিক ও নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে যাচাই করা ঘটনাগুলোই প্রকাশ করে। শুক্রবার প্রকাশিত সাপ্তাহিক প্রতিবেদনে সংস্থাটি জানায়, আরও কিছু হামলার ঘটনা সম্পর্কে তারা অবগত থাকলেও সেগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সাম্প্রতিক মাসগুলোতে এই কৌশলগত জলপথে হামলা বেড়ে যাওয়ায় অনেক জাহাজ শনাক্তকরণ এড়াতে নিজেদের বাণিজ্যিক ট্র্যাকিং ব্যবস্থা বন্ধ করে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। অক্টোবরের মাঝামাঝি প্রকাশিত এক প্রতিবেদনে ইউকেএমটিও জানিয়েছিল, হামলার শিকার অধিকাংশ জাহাজ তাদের কাছে ঘটনা জানাতে অস্বীকৃতি জানানোয় প্রকৃত হামলার সংখ্যা নির্ভুলভাবে নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে।

এদিকে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজকে ঘিরে প্রায় প্রতিদিনই বিভিন্ন ঘটনার কথা দাবি করছে ইরানের সামরিক বাহিনী। এসব ঘটনার অনেকগুলোর জন্য ড্রোন বা ক্ষেপণাস্ত্রের পরিবর্তে সমুদ্রের মাইনকে দায়ী করছে তারা।

অক্টোবরের আগে ওই অঞ্চলে জাহাজে হামলার মাসিক গড় সংখ্যা ছিল প্রায় ১০টি। যদিও বিভিন্ন সংস্থার তথ্যে কিছুটা পার্থক্য রয়েছে, আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) তথ্যেও চলতি বছরের মধ্যে অক্টোবরে সবচেয়ে বেশি নিশ্চিত হামলার ঘটনা ঘটেছে।

যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালী কার্যত সংঘাতের অন্যতম গুরুত্বপূর্ণ রণক্ষেত্রে পরিণত হয়েছে। এখানে হামলার কারণে তেল ও গ্যাস পরিবহন ব্যাহত হচ্ছে, যার প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় যুদ্ধ শুরুর পর থেকেই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ বা সীমিত করার চেষ্টা শুরু করে ইরান। এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করে। তবে সিএনএনের আগের এক প্রতিবেদনে বলা হয়েছে, উপসাগরীয় দেশগুলো এই অবরোধের মধ্যেও জাহাজ চলাচলের বিকল্প পথ বের করেছে।

যুদ্ধের আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালী দিয়ে পরিবাহিত হতো। তবে বর্তমানে ২০২৫ সালের তুলনায় বাণিজ্যিক জাহাজ চলাচল অনেক কমে গেছে।

বিশ্ববাজারে তেলের দাম কমার পাশাপাশি ইরানের অভ্যন্তরীণ অপরিশোধিত তেল বিক্রির আয়েও চাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে হরমুজ প্রণালীতে হামলা বাড়াচ্ছে তেহরান।

বিশ্লেষকদের মতে, এই জলপথের ওপর নিজেদের প্রভাব ধরে রাখার সক্ষমতা কমে আসায় ওয়াশিংটনের কাছ থেকে ছাড় আদায়ে ইরান আরও বড় ধরনের সংঘাতে জড়াতে পারে।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) বলছে, উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানি পুনরুদ্ধার হওয়ায় সাম্প্রতিক সময়ে বিশ্ববাজারে তেলের দাম কমেছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল প্রকাশের পর মধ্যপ্রাচ্যে নতুন করে মার্কিন সামরিক হামলার আশঙ্কা কমে যাওয়ায় তেলের দাম আরও কমেছে।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের (আইসিজি) জ্যেষ্ঠ ইরান বিশ্লেষক হামিদরেজা আজিজি সিএনএনকে বলেন, বাজার এখন ক্রমেই ধরে নিচ্ছে যে পূর্ণমাত্রার যুদ্ধ আবার শুরু হওয়ার আশঙ্কা কম এবং তেলের সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হবে। তবে ইরান সংঘাত আরও বাড়ানোর সিদ্ধান্ত নিলে এই ধারণা দ্রুত বদলে যেতে পারে।

অন্যদিকে, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ অব্যাহত থাকায় আন্তর্জাতিক বাজারে দেশটির তেল সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। সামুদ্রিক পরিবহনবিষয়ক তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, এতে ইরানের তেল বিক্রির আয় দ্রুত কমছে।

অক্টোবরের শেষ দিকে কেপলার জানায়, যুক্তরাষ্ট্রের অবরোধ এলাকার বাইরে সমুদ্রে থাকা ইরানের অপরিশোধিত তেলের মজুত শূন্যে নেমে এসেছে। চলতি মাসের শুরুতে চীনে সর্বশেষ চালান খালাসের পর এই পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে ডিসেম্বরের মাঝামাঝি নাগাদ ইরানের তেল রপ্তানি থেকে আয় শূন্যে নেমে আসতে পারে।

এদিকে চলতি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে কোনো চুক্তির প্রয়োজন যুক্তরাষ্ট্রের নেই। তিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে অন্যদিকে মনোযোগ দেওয়ার নির্দেশও দিয়েছেন।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘ইরানের সঙ্গে আমাদের কোনো চুক্তির প্রয়োজন নেই। সেই দিন অনেক আগেই শেষ হয়ে গেছে। তাদের অর্থ আমাদের হাতে রয়েছে, শত শত বিলিয়ন ডলার। আর হরমুজ প্রণালীও আমাদের নিয়ন্ত্রণে।’

পরে প্রয়োজন হলে ইরানে আবারও সামরিক হামলা চালাতে দ্বিধা করবেন না বলেও ইঙ্গিত দেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%