ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ট্রাম্প-শি-পুতিন শীর্ষ সম্মেলনের মধ্যেও ইরান রাশিয়া ও চীনের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে


ট্রাম্প-শি-পুতিন শীর্ষ সম্মেলনের মধ্যেও ইরান রাশিয়া ও চীনের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে

যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার শীর্ষ নেতাদের মধ্যে নজিরবিহীন ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনের আগে এবং পরে মস্কো ও বেইজিংয়ের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখেছে ইরান। এ তথ্যটি জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

চীনের শেনজেনে গত সপ্তাহে অনুষ্ঠিত ঐতিহাসিক সম্মেলন সম্পর্কে ইসমাইল বাঘাই মন্তব্য করেন যে, রাশিয়া ও চীনের সঙ্গে তেহরানের ‘অত্যন্ত চমৎকার’ সম্পর্ক বিদ্যমান। সম্মেলনের পূর্বে এবং পরে দুই দেশের সঙ্গে ইরানের আলোচনায় উঠে এসেছে ‘মধ্যপ্রাচ্য অঞ্চলে মার্কিন কর্মকাণ্ডের সমালোচনা’ এবং ‘বর্তমান আন্তর্জাতিক বিশ্বব্যবস্থা ও আইনের সমালোচনার’ বিষয়গুলো।

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শেনজেনে অনুষ্ঠিত ওই নজিরবিহীন ত্রিপক্ষীয় বৈঠকে মিলিত হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আরও পড়ুন: হরমুজে সংঘাত শুরুর পর ইরানের হামলা পৌঁছেছে সর্বোচ্চ পর্যায়ে

ওই সম্মেলন থেকে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখা, পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার উপায় খুঁজে বের করার বিষয়ে যৌথ অঙ্গীকার ব্যক্ত করেন এই তিন বিশ্বনেতা। সূত্র: আল-জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনার তেরখাদায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সভা

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ আব্দুল্লাহ্, জেলা প্রতিনিধি, খুলনা

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৫ পি.এম


খুলনার তেরখাদায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সভা

খুলনা জেলার তেরখাদা উপজেলা প্রশাসনের উদ্যোগে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা ২৩ শে নভেম্বর সকাল ১১ টার দিকে তেরখাদা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

তেরখাদা উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহমিনা সুলতানা নীলার সভাপতিত্বে আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, তেরখাদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোঃ আল ইমরান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ মুজাহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার অতীশ সরদার, উপজেলা যুব উন্নয়ন অফিসার এমডি আব্দুল হাই, উপজেলা প্রকৌশলী মাসুদ আজিজুর রহমান, উপজেলা আইসিটি অফিসার মোঃ রাকিবুল ইসলাম, সেনেটারি ইন্সপেক্টর মোঃ জুয়েল রানা, একাডেমিক সুপারভাইজার রাধেশ্যাম ঘোষ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ মোঃ আব্দুল মান্নান।

সভাপতির বক্তব্য প্রদান কালে উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহমিনা সুলতানা নীলা বলেন, তামাক একটি মারাত্মক স্বাস্থ্যঝুঁকির কারণ। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারের ফলে ক্যান্সার, হৃদরোগ, শ্বাসকষ্টসহ বিভিন্ন জটিল রোগের সৃষ্টি হয়। শুধু তামাক ব্যবহারকারীই নয়, পরোক্ষ ধূমপানের কারণে অধূমপায়ীরাও স্বাস্থ্যঝুঁকিতে পড়েন। বিশেষ করে শিশু, নারী ও তরুণ প্রজন্মের সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করা অত্যন্ত জরুরি। তিনি বলেন, তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সরকারি-বেসরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, বাসস্ট্যান্ড, বাজারসহ পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপান নিয়ন্ত্রণে নিয়মিত তদারকি করতে হবে। তিনি বলেন, তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের ঘটনা চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতি: দেশকে অস্থিতিশীল করার সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৮ পি.এম


রাষ্ট্রপতি: দেশকে অস্থিতিশীল করার সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে

ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের বিরুদ্ধে যেকোনো ধরনের ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য সকল সম্প্রদায়ের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি উল্লেখ করেন, দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির জন্য যে চক্রান্ত চলছে, সেটিকে আমাদের প্রতিহত করতে হবে। বাংলাদেশের জনগণ সবসময় সংগ্রামের মাধ্যমে অধিকার অর্জন করেছে। রাষ্ট্রপতি বিশ্বাস করেন— দেশের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রগুলো রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশের মানুষের রয়েছে।

রাজধানীর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে আয়োজিত দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও জাতীয় বৌদ্ধ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে রাষ্ট্রপতি এই আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, কঠিন চীবর দান বৌদ্ধ সম্প্রদায়ের একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান। এ ধরনের আয়োজনের মাধ্যমে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের যে অনন্য দেশ প্রতিষ্ঠিত হয়, তা ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের সকলকে অনুপ্রাণিত করে।

এসময় তিনি প্রয়াত বৌদ্ধ ধর্মীয় নেতাদের স্মরণ করে তাদের অবদানের কথা উল্লেখ করেন এবং বলেন, তাদের কর্ম ও অবদানের জন্য তারা আমাদের অন্তরে চিরঞ্জীব হয়ে থাকবেন।

তিনি গৌতম বুদ্ধের জীবন থেকে শিক্ষা গ্রহণ করে সকলকে অন্ধবিশ্বাস, হিংসা ও বিদ্বেষ পরিহার করে জ্ঞান, যুক্তি, আত্মশুদ্ধি ও নৈতিকতার পথে চলার আহ্বান জানান।

মির্জা ফখরুল ইসলাম বলেন, বহু আত্মত্যাগের মাধ্যমে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ পেয়েছি। কিন্তু বর্তমানে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে বাংলাদেশের সম্প্রীতি বিনষ্ট করতে নৈরাজ্য সৃষ্টি করছে। এই নৈরাজ্যের মাধ্যমে বাংলাদেশকে আবার অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ সবসময় এ ধরনের প্রচেষ্টাকে প্রতিহত করেছে এবং সংগ্রামের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গড়ার চেষ্টা করেছে।

বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন দাবির প্রেক্ষিতে রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের উন্নয়ন ও তাদের অধিকার সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের বৌদ্ধবিহার ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার ও উন্নয়নে আর্থিক অনুদান, বৌদ্ধ ভিক্ষুদের সম্মানী ভাতা, শিশুদের প্রাক-প্রাথমিক পর্যায়ে ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রদানসহ বৌদ্ধ সম্প্রদায়ের কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

রাষ্ট্রপতি বলেন, সংবিধান আপনাদের যে অধিকার দিয়েছে, সেই অধিকার রক্ষায় আপনাদের সচেতন হতে হবে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় বলতেন, বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই। বাংলাদেশে সকলেই বাংলাদেশি নাগরিক। তাদের অধিকার রক্ষার জন্য আমাদের সবাইকে সোচ্চার হতে হবে।

বাংলাদেশের দীর্ঘ সময়ের সাম্প্রদায়িক সম্প্রীতির কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক দেশ হিসেবে আমাদের সুনাম ও ঐতিহ্য রয়েছে। সেটিকে সমুন্নত রাখতে হবে। আমরা সবাই এই মাটির সন্তান। দেশ, জনগণ, মা ও মাটিকে ঘিরে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।

বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমানরা একসঙ্গে বসবাস করে। এ দেশের মানুষ সাম্প্রদায়িকতাকে পরিত্যাগ করেছে এবং দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ বিরাজমান।

বৌদ্ধ সম্প্রদায়ের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে চীন থেকে অতীশ দীপঙ্করের পবিত্র দেহভস্ম বাংলাদেশে ফিরিয়ে এনেছিলেন।

এর মাধ্যমে তিনি এ দেশের বৌদ্ধ ধর্মাবলম্বীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছিলেন। সেই পবিত্র দেহভস্ম আজও ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে সংরক্ষিত রয়েছে, যা বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের ইতিহাস ও ঐতিহ্যের একটি অমূল্য সম্পদ।

এর আগে রাষ্ট্রপতিকে আয়োজকদের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয় এবং রাষ্ট্রপতি স্মারকগ্রন্থ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ এবং প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার।

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুদ্ধপ্রিয় মহাথের। এতে স্বাগত বক্তব্য রাখেন বৌদ্ধ ধর্মীয় কৃষ্টি প্রচার সংঘের মহাসচিব অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যাপক সুকোমল বড়ুয়া ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুশীল বড়ুয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%