সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৬:৫২ পি.এম
ফেনীর পরশুরামে, মাদ্রাসার ছাদ থেকে নিমপাতা পাড়তে গিয়ে আবদুর রহিম (৫৫) নামের এক বাবুর্চির মৃত্যু ঘটেছে। সোমবার সকালে, সাড়ে ৬টার দিকে উপজেলার শালধর বাজার সিদ্দিকীয়া হিফজুল কোরআন এতিমখানায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুর রহিম ওই এতিমখানায় বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন। তিনি মালিপাথর এলাকার বাসিন্দা এবং মৃত আবদুল গোপরানের পুত্র।
মাদ্রাসা সূত্রে জানা যায়, আবদুর রহিম অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছিলেন। সোমবার ফজরের নামাজ আদায়ের পর, সকাল ৬টা ২৪ মিনিটের দিকে তিনি এতিমখানার ছাদে নিমপাতা পাড়তে যান। এ সময় অসাবধানতাবশত তিনি ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. হানিফ বাবুল বলেন, ‘আবদুর রহিম প্রতিষ্ঠার শুরু থেকেই এখানে কর্মরত ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে আমরা সবাই শোকাহত।’
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে, নিমপাতা পাড়তে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে। ছাদ থেকে পড়ে তিনি মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়েছিলেন, যার কারণে তাঁর মৃত্যু ঘটে। এ ঘটনায় কারও আপত্তি না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
টাঙ্গাইলের মধুপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মধুপুর থানা পরিদর্শন করেছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক (ডিসি) আবু সাঈদ। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সার্বিক কার্যক্রম, অবকাঠামোগত অবস্থা, সেবার মান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে মধুপুর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন জেলা প্রশাসক। এ সময় তিনি সরকারি দপ্তরগুলোর দাপ্তরিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি, জনসেবার মান উন্নয়ন এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ। সভায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।
সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেজবাহ উদ্দিন, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক, মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফর রহমান আজাদ, দৈনিক প্রগতির আলো পত্রিকার সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরান, মধুপুর প্রেসক্লাবের সহসভাপতি আবদুল হামিদ এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল হক প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা মধুপুর উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, সরকারি সেবার মানোন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং স্থানীয় পর্যায়ের নানা নাগরিক সমস্যার বিষয় তুলে ধরেন।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কিশোরগঞ্জের ইটনায় একটি গুদাম থেকে অবৈধভাবে মজুদ করা ১৫৮ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।
রোববার (২২ নভেম্বর) রাতে উপজেলার এলংজুরী ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অভিযান পরিচালনা করে ওই সার জব্দ করা হয়।
এলংজুরী এলাকায় একটি গুদামে অবৈধভাবে সার মজুদ করার বিষয়ে একটি গোয়েন্দা সংস্থার কাছে তথ্য ছিল।
এমন তথ্যের ভিত্তিতে রাত ৮টার দিকে ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধরের নেতৃত্বে মধ্যপাড়া এলাকায় আবুল কালামের গুদামে অভিযান চালানো হয়।
অভিযানের সময় ওই গুদাম থেকে ৮০ বস্তা ইউরিয়া, ৭৫ বস্তা ফসফেট এবং তিন বস্তা পটাশ সার জব্দ করা হয়। তবে অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। পরে জব্দ করা সার উপসহকারী কৃষি কর্মকর্তা ও এলংজুরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রুবেলের হেফাজতে রাখা হয়।
এদিকে, এসব সার কারা, কোথা থেকে সংগ্রহ করেছে এবং কী উদ্দেশ্যে মজুত করেছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা বিজয় কুমার হালদার বলেন, ‘জব্দ করা সারের উৎস ও বৈধতা যাচাই করা হচ্ছে। কৃষকদের জন্য বরাদ্দ করা সার নির্ধারিত নিয়মে বিতরণের কথা। কেউ নিয়মবহির্ভূতভাবে সার মজুত করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে গুদামজাত করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।’
নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর জানান, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সারগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় উপজেলা কৃষি কর্মকর্তাকে নিয়মিত মামলা করার নির্দেশনা দেয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরগুনা, ২৩ নভেম্বর ২০২৬ : জেলা প্রশাসনের উদ্যোগে আজ শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের প্রথম পর্যায়ে সরকারি শিশু পরিবারের শিশুদের হাতে কম্বল তুলে দেওয়া হয়েছে।
আজ সোমবার বিকেলে বরগুনার জেলা প্রশাসক তাছলিমা আক্তার সরকারি শিশু পরিবারে আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) অনিমেষ বিশ্বাস, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ত্রাণ শাখা) মো. খালিদ সাইফুল্লাহ, জেলা সমাজসেবা অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক এস এম শাহজাদা, সরকারি শিশু পরিবার (বালক)-এর উপ-তত্ত্বাবধায়ক (অতিরিক্ত দায়িত্ব) মো. হেমায়েত উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক শিশু পরিবারের বাসিন্দা ৫০ জন শিশুর হাতে কম্বল তুলে দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড মেটলাইফ বাংলাদেশের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে চার শ’র বেশি কর্মী ও তাঁদের নির্ভরশীল পরিবারের সদস্যদের চিকিৎসা বীমা সুরক্ষা প্রদান করা হবে।
এই চুক্তির অধীনে, ইউনিলিভারের কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা হাসপাতালে ভর্তি, চিকিৎসকের পরামর্শ এবং বীমার আওতাধীন অন্যান্য চিকিৎসা সেবার খরচের জন্য আর্থিক সুবিধা লাভ করবেন। ফলে, চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন ব্যয় মেটাতে তাঁদের জন্য আর্থিক সহায়তা নিশ্চিত হবে।
মেটলাইফকে বীমা সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে বেছে নেওয়ার কারণ হিসেবে ইউনিলিভার উল্লেখ করেছে ধারাবাহিক সাফল্য, গ্রাহকের প্রয়োজন অনুযায়ী বীমা পরিকল্পনা, আধুনিক ডিজিটাল সেবা, ক্যাশলেস হাসপাতালে ভর্তির সুবিধা এবং আর্থিক সক্ষমতা। ২০২৫ সালে মেটলাইফ ২,৮৫৩ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে; ২০২৬ সালের প্রথম ছয় মাসে প্রতিষ্ঠানটি ১,৩৮৪ কোটি টাকা পরিশোধ করেছে। উভয় ক্ষেত্রেই জীবন বীমা খাতে সর্বোচ্চ দাবি পরিশোধ করেছে মেটলাইফ।
এ বিষয়ে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক রুহুল কুদ্দুস খান মন্তব্য করেছেন, “আমরা বিশ্বাস করি, আমাদের কর্মীরাই প্রতিষ্ঠানের সাফল্যের মূল শক্তি। মেটলাইফ বাংলাদেশের সাথে চিকিৎসা বীমা সংক্রান্ত এ অংশীদারিত্বের মাধ্যমে কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য ও কল্যাণের প্রতি আমাদের অঙ্গীকার আরও জোরালো হচ্ছে। এর মাধ্যমে তাঁরা মানসম্মত স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় আর্থিক সুরক্ষা লাভ করবেন।”
মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেছেন, “চিকিৎসার খরচ মেটাতে নিয়োগকর্তা প্রতিষ্ঠানের সহায়তা, কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের আর্থিক দুশ্চিন্তা কমাতে এবং মানসিক স্বস্তি দিতে পারে। ইউনিলিভার বাংলাদেশের কর্মীদের এ নিশ্চয়তা দিতে প্রতিষ্ঠানটির পাশে থাকতে পেরে আমরা আনন্দিত।”
ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড দেশের শীর্ষস্থানীয় নিত্যব্যবহার্য ও ভোগ্যপণ্য (এফএমসিজি) উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি। সৌন্দর্য ও সুস্থতা, ব্যক্তিগত পরিচর্যা, গৃহস্থালি পরিচর্যা এবং পুষ্টি খাতে প্রতিষ্ঠানটির বিভিন্ন ব্র্যান্ডের পণ্য রয়েছে।
বাংলাদেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান মেটলাইফ বর্তমানে প্রায় ১০ লাখ ব্যক্তি গ্রাহককে বীমা সেবা প্রদান করছে। এছাড়াও, নয় শ’টির বেশি প্রতিষ্ঠানের ৩ লাখেরও বেশি কর্মী ও তাঁদের নির্ভরশীল পরিবারের সদস্যরা মেটলাইফের বীমা সুবিধার আওতায় রয়েছেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইউনিলিভার বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক রুহুল কুদ্দুস খান, সিএফও এন্ড ফাইন্যান্স ডিরেক্টর, জিনিয়া তানজিনা হক, হিউম্যান রিসোর্সেস ডিরেক্টর, সৈয়দা দুরদানা কবির, হেড অব লিগ্যাল অ্যান্ড হোম কেয়ার জেনারেল কাউন্সেল, বাংলাদেশ, আবদুল্লাহ জোবায়ের এবং হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং লিড ডা. আফরোজা আমিন।
মেটলাইফ বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এন্ড চিফ ডিস্ট্রিবিউশন অফিসার, জাফর সাদেক চৌধুরী; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এন্ড চিফ ফিনান্সিয়াল অফিসার আলা উদ্দিন; অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর এন্ড চিফ কর্পোরেট বিজনেস অফিসার মোহাম্মদ কামরুজ্জামান, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মুশফিকুর রায়হান এবং ম্যানেজার, শাফায়েত ভূঁইয়া।
তালাশ বিডি/মিডিয়া লিঃ