ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সারের সুষ্ঠু বিতরণে অনিয়ম হলে কঠোর আইনানুগ ব্যবস্থা: কৃষি সচিব


সারের সুষ্ঠু বিতরণে অনিয়ম হলে কঠোর আইনানুগ ব্যবস্থা: কৃষি সচিব

কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান রংপুরে কৃষক পর্যায়ে সারের সুষ্ঠু ও সুষম বিতরণ নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেছেন। তিনি উল্লেখ করেন, সার বিতরণে যদি কোনো অনিয়ম, কৃত্রিম সংকট বা কৃষক হয়রানির ঘটনা ঘটে, তাহলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কৃষকদের সার প্রাপ্তি থেকে যেন বঞ্চিত না হন, সে বিষয়টি নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রংপুর বিভাগীয় কমিশনার মো. জাহাঙ্গীর আলমের (অতিরিক্ত সচিব) সভাপতিত্বে কৃষক পর্যায়ে সার বিতরণ ব্যবস্থাপনা পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব মন্তব্য করেন।

সভায় কৃষি সচিব সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, মাঠপর্যায়ে সারের মজুত, সরবরাহ ও বিতরণ কার্যক্রম নিয়মিতভাবে মনিটরিং করতে হবে। সরকারি নির্ধারিত মূল্যে প্রকৃত কৃষকের কাছে সার পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা ও ডিলারদের দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।

আরও পড়ুন: বাঘারপাড়ায় ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে আমন ধান ও সরিষার ব্যাপক ক্ষতি

তিনি আরও উল্লেখ করেন, সার পরিবহন ব্যবস্থাপনায় যদি কোনো সিন্ডিকেট থাকে, তাহলে তা ভেঙে দেওয়া হবে।

সভায় রংপুর রেঞ্জের ডিআইজি, রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার, রংপুর বিভাগের আট জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার, কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরের প্রধান এবং সারের ডিলাররা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ৯টায় কৃষি সচিব রংপুর মেট্রোপলিটন এলাকায় তিনটি বিসিআইসি সার ডিলারের গুদাম পরিদর্শন করেন। এই সময় তিনি সার কিনতে আসা কৃষকদের সঙ্গে আলোচনা করেন।

কৃষি সচিব জানান, কৃষকদের উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার জন্য সরকার উত্তরাঞ্চলে কৃষি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করবে। এর মাধ্যমে কৃষকেরা সরাসরি বিদেশে কৃষিপণ্য রপ্তানির সুযোগ পাবেন।

আরও পড়ুন: মঠবাড়িয়ার কৃষকদের দুশ্চিন্তা, আষাঢ়ে বৃষ্টিতে ক্ষতির আশঙ্কা

এ সময় তিনি কৃষক কার্ডের মাধ্যমে কৃষকেরা যেসব সরকারি সেবা ও সুযোগ-সুবিধা পাবেন, সেগুলোও বিস্তারিতভাবে তুলে ধরেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাঘারপাড়ায় ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে আমন ধান ও সরিষার ব্যাপক ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৪ পি.এম


বাঘারপাড়ায় ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে আমন ধান ও সরিষার ব্যাপক ক্ষতি

যশোরের বাঘারপাড়ায় ঘূর্ণিঝড় ‘আকভান’-এর কারণে হঠাৎ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার ফলে সরিষার ব্যাপক ক্ষতি হয়েছে। দুই দিনের টানা বৃষ্টির ফলে মাঠের অধিকাংশ পাকা ধানগাছ হেলে পড়েছে। জমিতে পানি জমে থাকার কারণে কেটে রাখা ধান ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে সদ্য বপন করা সরিষার জমিতেও পানি জমে কৃষকদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে। এতে আমন ধানের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা করছেন তাঁরা।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১১ নভেম্বর বুধবার রাতে হঠাৎ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হয়। এরপর বৃহস্পতিবার ও শুক্রবার টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকার ফসলি জমিতে পানি জমে যায়। এতে মাঠের অধিকাংশ পাকা ধানগাছ মাটির সঙ্গে হেলে পড়েছে। বিশেষ করে যেসব জমিতে ধান এখনো পুরোপুরি পাকার অপেক্ষায় ছিল, সেসব জমির ক্ষতির আশঙ্কা বেশি। পাশাপাশি আগে কেটে মাঠে বিছিয়ে রাখা ধানও বৃষ্টির পানিতে ভিজে গেছে। রোদ না থাকায় এসব ধান শুকানো নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা।

উপজেলার বিভিন্ন বিল ও নিচু এলাকার জমিতে পানি জমে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। আজমপুর, ধলগ্রাম, নারিকেলবাড়িয়ার সাদিপুর মাঠ, করিমপুর মাঠ, ইন্দ্রা, বিল জালেশ্বর, ভগেরবিল, হাবুল্যাহ ও মহিরন মাঠে তুলনামূলক বেশি পানি জমেছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকেরা।

শালবরাট গ্রামের কৃষক লিটন হোসেন বলেন, “কাটা ধানের বেশি ক্ষতি হয়েছে। অনেক ধান মাটির সঙ্গে মিশে গেছে। অনেকের ধান মাঠে কেটে ফেলে রাখা হয়েছে। জমির পানি দ্রুত না সরলে এসব ধান নষ্ট হয়ে যাবে। মাঠের দাঁড়িয়ে থাকা ধানও হেলে পড়েছে।”

ইন্দ্রা গ্রামের কৃষক তোজাম মুন্সি বলেন, “দুই দিনের বৃষ্টিতে মাঠের ধান মাটির সঙ্গে জড়িয়ে পড়েছে। এতে ধান কাটতে ও ঘরে তুলতে সমস্যা হচ্ছে। ফলন কম হওয়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টি আরও বাড়লে ক্ষতির পরিমাণ বেড়ে যাবে।”

কৃষকদের দাবি, আমন ধানের পাশাপাশি সরিষার আবাদও ক্ষতিগ্রস্ত হয়েছে। যেসব কৃষক ইতিমধ্যে সরিষা বপন করেছেন, তাঁদের অনেকের জমিতে পানি জমে রয়েছে। অতিরিক্ত পানি দ্রুত না সরলে সরিষার চারা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে আমন ধান ঘরে তোলার আগেই নতুন করে সরিষা আবাদ নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ খরিপ-২ মৌসুমে বাঘারপাড়ায় ১৬ হাজার ৭৯৫ হেক্টর জমিতে রোপা আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ব্রি ধান-৫১-এর আবাদ হয়েছে সবচেয়ে বেশি, ৪ হাজার ২৩ হেক্টর জমিতে। এ ছাড়া ব্রি ধান-৪৯ এক হাজার ১৭০ হেক্টর, ব্রি ধান-৮৭ এক হাজার ২৩০ হেক্টর এবং ব্রি ধান-১০৩ জাতের ধান ৫৭০ হেক্টর জমিতে চাষ করা হয়েছে। পাশাপাশি ব্রি ধান-৩৪, ব্রি ধান-৭৫, বিনা-৭, বিনা-১৭, স্থানীয় ও হাইব্রিড জাতের ধানও আবাদ করেছেন কৃষকেরা।

উপজেলা কৃষি কর্মকর্তা সাইয়েদা নাসরিন জাহান বলেন, “বৃষ্টির পানি দ্রুত সরে গেলে ক্ষতির পরিমাণ কম হবে। কৃষি বিভাগ মাঠের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না: ভারত বলেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৪ পি.এম


বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না: ভারত বলেছে

ভারতের আগ্রহ রয়েছে বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার। একই সঙ্গে নয়াদিল্লি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না।

শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য জানিয়েছেন।

জয়সওয়াল উল্লেখ করেন, ‘বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী এবং একই সঙ্গে গঠনমূলক সম্পর্ক গড়ে তোলাই আমাদের ধারাবাহিক অবস্থান। আমাদের অভিন্ন ইতিহাস, ত্যাগ ও সাংস্কৃতিক মূল্যবোধের ভিত্তিতে এ সম্পর্ক প্রতিষ্ঠিত।’

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভালুকার এক ইঞ্চি জায়গা ফ্যাসিসদের ছাড় দেওয়া হবে না: এমপি ফখর উদ্দিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৫ পি.এম


ভালুকার এক ইঞ্চি জায়গা ফ্যাসিসদের ছাড় দেওয়া হবে না: এমপি ফখর উদ্দিন

ময়মনসিংহের ভালুকা আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু মন্তব্য করেছেন যে, ভালুকার এক ইঞ্চি জায়গা ফ্যাসিসদের জন্য ছাড় দেওয়া হবে না। তিনি উল্লেখ করেছেন, "আগুন-সন্ত্রাস ও নৈরাজ্যে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না। পলাতকদের ধরে আনতে বেশি সময় লাগবে না।"

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে উপজেলার ধলীয়া বাজারে অনুষ্ঠিত ‘আগুন সন্ত্রাস ও নৈরাজ্যবিরোধী’ এক পথসভায় তিনি এই কথা বলেন।

পথসভায় এমপি বলেন, "যারা পালিয়ে আছেন, তারা যেসব জায়গায় আশ্রয় নিয়েছেন, সেসব জায়গায় বিএনপি নেতাকর্মীরা ২০ বছর কাটিয়ে এসেছেন। ওই জায়গাগুলো তাদের চেয়ে বিএনপির নেতাকর্মীদের বেশি চেনা।"

তিনি আরও বলেন, "কেউ পালিয়ে গেলেও তার পরিবার এলাকায় বসবাস করছে। কেউ আগুন-সন্ত্রাস বা নৈরাজ্যমূলক ঘটনা ঘটালে তার পরিবারকে ধরে এনে প্রকাশ্যে বিচারের মুখোমুখি করা হবে।"

এমপি বাচ্চু আরও জানান, "আগে যতটুকু ছাড় দেওয়া হয়েছিল, তা তারা ভালোভাবে নেয়নি। তাই ভালুকার এক ইঞ্চি জায়গাতেও ফ্যাসিস্টদের ছাড় দেওয়া হবে না। এলাকার মানুষ ভোটের মাধ্যমে তাদের জীবন ও সম্পদ রক্ষার দায়িত্ব দিয়েছেন। কেউ রাস্তায় আগুন দিলে সেই আগুন রাস্তায় থাকবে না, বাড়িতে যেতেও সময় লাগবে না।"

একই রাতে এমপি উপজেলার উথুরা, মেদুয়ারী, ভরাডোবা ও বিরুনিয়া ইউনিয়নসহ ভালুকা পৌরসভার বিভিন্ন এলাকায় আগুন-সন্ত্রাস ও নৈরাজ্যবিরোধী সভায় বক্তব্য দেন। সভাগুলোতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন মাসুদ, সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা সাখাওয়াত হোসেন পাঠান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেলসহ অন্যান্য নেতারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ একদিল হোসেন স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫২ পি.এম


টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিনগত রাতে উপজেলার গোড়াই হাইওয়ে থানা সংলগ্ন এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভ ও গোড়াই ফ্লাইওভার ব্রিজ এলাকায় এই অগ্নি সংযোগ ও পেট্রোল বোমা বিস্ফোনের ঘটনা ঘটে। ঘটনার পর গোড়াই এলাকার পৃথক স্থান থেকে তাদেরকে আটক করা হয়।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করেছে মির্জাপুর থানা পুলিশ। এঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার সিংহরাগী গ্রামের খন্দকার চাতকের ছেলে খন্দকার সিফাত (১৯), একই এলাকার শফিকুর রহমানের ছেলে রিফাত খান, ঘাটাইল উপজেলার ফুলমালির চালা গ্রামের মো. রেজাউল করিমের ছেলে মো. সাজ্জাদ হোসেন (২১), নির্মল চন্দ্রের ছেলে অমৃত চন্দ্র (২১), ও সুজন চন্দ্র সেতু চৌধুরীর ছেলে প্রশান্ত চন্দ্র (২২)।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রিফাত খান দেলদুয়ার উপজেলার এলাসিন ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বাকি অন্যরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় কর্মী বলে জানিয়েছে পুলিশ।

এদিকে এই মামলায় গ্রেপ্তারকৃতদের ঘিরে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা স্থানীয় কেউ নন। প¦ার্শবর্তী উপজেলা থেকে মির্জাপুর এসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাদের কথায় এই নাশকতামূলক কর্মকাণ্ডে অংশ নেন তারা।

মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, উপজেলার গোড়াই এলাকার কয়েকটি স্থান থেকে তাদেরকে আটক করা হয়। ঘটনার সাথে তাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%