ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

ফটোশপে শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়িয়ে উসকানি, রাজশাহীতে গ্রেপ্তার ১


ফটোশপে শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়িয়ে উসকানি, রাজশাহীতে গ্রেপ্তার ১

রাজশাহী মহানগরীতে ফটোশপ ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে গার্মেন্টস শ্রমিকদের নির্যাতনের ভুয়া ছবি, পোস্টার ও উসকানিমূলক কনটেন্ট প্রকাশের অভিযোগে মিজানুর রহমান (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) রাত ১০টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানার কোর্ট স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে বোয়ালিয়া থানা পুলিশ।

গ্রেপ্তার মিজানুর রহমান রাজশাহীর দুর্গাপুর উপজেলার বর্ধনপুর গ্রামের মুরশিদ আলীর ছেলে।

মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান।

তিনি জানান, গ্রেপ্তারের পর তাঁর ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশি করে ফটোশপের মাধ্যমে তৈরি গার্মেন্টস শ্রমিকদের নির্যাতনের ভুয়া ছবি এবং বিভিন্ন উসকানিমূলক এআইনির্ভর পোস্টার ও কনটেন্ট পাওয়া গেছে। এসব কনটেন্টের মাধ্যমে শ্রমিকদের মধ্যে উসকানি, জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে প্ররোচিত করার চেষ্টা করা হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

গ্রেপ্তার মিজানুর রহমানের বিরুদ্ধে মতিহার ও কাশিয়াডাঙ্গা থানায় পেনাল কোডে দুটি মামলা রয়েছে। তাঁর রাজনৈতিক ও সাংগঠনিক পরিচয় বাংলাদেশ পলিটেকনিকের শিক্ষার্থী এবং দুর্গাপুর উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি।


গ্রেপ্তারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে। মঙ্গলবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাল নিবন্ধনের অভিযোগে ৪ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৩ পি.এম


জাল নিবন্ধনের অভিযোগে ৪ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

শিক্ষক নিবন্ধন সনদ ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) জাল শিক্ষক নিবন্ধন সনদ ও প্রত্যয়নপত্র দাখিল, ভুয়া তথ্যের মাধ্যমে চাকরি গ্রহণ এবং আর্থিক অনিয়মের অভিযোগে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর চার মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

এই চার শিক্ষকের মধ্যে তিনজনের শিক্ষক নিবন্ধন সনদ ও প্রত্যয়নপত্র জাল এবং ভুয়া প্রমাণিত হওয়ায় তাদের এমপিওভুক্তির ইনডেক্স কর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপর এক মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে স্থায়ীভাবে ইনডেক্স কর্তন করে সরকারি কোষাগারে ৭৮ লাখ ২২ হাজার ৭৫ টাকা ফেরত দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অর্থ শাখা থেকে এ-সংক্রান্ত পৃথক অফিস আদেশ জারি করা হয়।

অধিদপ্তরের আদেশ সূত্রে জানা গেছে, বগুড়ার শিবগঞ্জ উপজেলার চকপাড়া ওহাবুল উলুম আলিম মাদ্রাসার এবতেদায়ি প্রধান মো. মোফাজ্জল হোসেন, গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া দাখিল মাদ্রাসার এবতেদায়ি প্রধান মো. ইলিয়াস মিয়া এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার টাংগাব ফাযিল মাদ্রাসার সহকারী শিক্ষক শামসুন্নাহার অনন্যার দাখিল করা শিক্ষক নিবন্ধন সনদ ও প্রত্যয়নপত্রের তথ্যের সঙ্গে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সংরক্ষিত তথ্যের মিল পাওয়া যায়নি।

এনটিআরসিএর প্রতিবেদন অনুযায়ী, সংশ্লিষ্ট শিক্ষকদের দাখিল করা সনদ ও প্রত্যয়নপত্র সঠিক নয়; বরং জাল ও ভুয়া হিসেবে প্রমাণিত হয়েছে। এই কারণে অধিদপ্তর তাদের এমপিওভুক্তির ইনডেক্স কর্তনের সিদ্ধান্ত নিয়েছে।

অন্যদিকে, কক্সবাজারের মহেশখালী উপজেলার পুটিবিলা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মো. আমির হোসেনের বিরুদ্ধে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) অডিট প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। অধিদপ্তরের আদেশে তার ইনডেক্স স্থায়ীভাবে কর্তন এবং অবৈধভাবে উত্তোলিত ৭৮ লাখ ২২ হাজার ৭৫ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

অফিস আদেশে আরো উল্লেখ করা হয়েছে, ভবিষ্যতে এ ধরনের জাল সনদধারী আবেদন পাঠানোর জন্য মাদ্রাসার প্রধানকে সতর্ক করা হলো। এসব শিক্ষকদের উত্তোলিত বেতন-ভাতাসহ সমুদয় অর্থ সরকারি কোষাগারে জমা দিয়ে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে প্রমাণসহ অধিদপ্তরকে জানানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। উল্লেখ্য, আইনি সিদ্ধান্ত গ্রহণ ও সরকারি কোষাগারে অর্থ ফেরত দিতে যে কোনো ধরনের শৈথিল্যে প্রতিষ্ঠান প্রধান সম্পূর্ণরূপে দায়ী থাকবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু, জানাজায় সহপাঠী ও শিক্ষকরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৪ পি.এম


চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু, জানাজায় সহপাঠী ও শিক্ষকরা

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) শিক্ষার্থী মাইশা মুশফিরাত লরির ধাক্কায় উল্টে যাওয়া বাসের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনাস্থলে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে সহপাঠী ও শিক্ষকদ্বারা।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে জানাজাটি অনুষ্ঠিত হয়।

সকালে একই স্থানে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় মাইশার মৃত্যুর পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। দুর্ঘটনার প্রতিবাদে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন। এর ফলে কয়েক ঘণ্টা ধরে সড়ক ও রেল যোগাযোগ ব্যাহত হয়।

এর আগে, মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একটি লরির ধাক্কায় ৮ নম্বর রুটের একটি মিনিবাস উল্টে যায়। এ সময় সড়কের পাশে থাকা শিক্ষার্থীদের ওপর বাসটি পড়ে। এতে গুরুতর আহত হন মাইশা। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাইশা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া এলাকায়।

এদিকে সহপাঠীর মৃত্যুর ঘটনায় আট দফা দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়ক ও রেলপথ ৫ ঘণ্টা ধরে অবরোধ করেন। তাদের দাবির মধ্যে রয়েছে, দুর্ঘটনায় জড়িত লরির চালক ও মালিককে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা, মামলার অগ্রগতি সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করা, কেডিএস ডিপোর অবৈধ পার্কিং বন্ধ করা, মহাসড়কের দুই পাশে অবৈধ পার্কিং উচ্ছেদ করা, সড়ক প্রশস্তকরণ এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের দুই পাশে পদচারী-সেতু নির্মাণ।

এ ছাড়া, ক্ষতিগ্রস্ত পরিবারকে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ প্রদান এবং শিক্ষার্থীদের নিরাপদে সড়ক পারাপার নিশ্চিত করতে প্রধান ফটকে নিরাপত্তাব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুর মেট্রোর কমিশনার আশিকসহ আরও গুরুত্বপূর্ণ পদে রদবদল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৫ পি.এম


গাজীপুর মেট্রোর কমিশনার আশিকসহ আরও গুরুত্বপূর্ণ পদে রদবদল

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি (সাবেক র‌্যাব) এর মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ।

এছাড়া, শিল্প পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (অতিরিক্ত আইজিপি) ইসরাইল হাওলাদার।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে এই তথ্য প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এসআরবি মহাপরিচালক আহসান হাবীব পলাশকে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে এসআরবি ডিজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি মো. সায়েদুর রহমানকে হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, শিল্পপুলিশের অতিরিক্ত আইজিপি গাজী জসীম উদ্দিনকে পুলিশ টেলিকম সংস্থায় নিয়োগ করা হয়েছে, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং রেলওয়ে পুলিশের ডিআইজি মীর আশরাফ আলীকে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে নিয়োগ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনে প্রতিষ্ঠানের ঋণচাপে সংকট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৫ পি.এম


চীনে প্রতিষ্ঠানের ঋণচাপে সংকট

চীনে আবাসন খাতের নজিরবিহীন সংকটের মধ্যে নতুন এক সমস্যা হিসেবে দেখা দিয়েছে—স্থানীয় সরকারের মালিকানাধীন বৃহত্তম শিল্পগোষ্ঠীর আটকে থাকা ঋণ। এই প্রতিষ্ঠানের মোট ঋণের পরিমাণ ৪১৩ বিলিয়ন ইউয়ানে, যা প্রায় ৬২ বিলিয়ন ডলার।

ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তি ও কর্মকর্তাদের মাধ্যমে জানা গেছে, দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশভিত্তিক প্রতিষ্ঠান ঝুহাই হুয়াফা সম্প্রতি দুটি ট্রাস্ট পণ্যের অর্থ পরিশোধে ব্যর্থ হয়েছে, যেগুলোর পরিশোধের মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। ৩৩০ মিটার উচ্চতার ঝুহাই টাওয়ার নির্মাণে ভূমিকা রাখা প্রতিষ্ঠানটি অন্তত তিনটি ব্যাংকের কাছ থেকে ঋণের মেয়াদ বাড়ানোর অনুরোধও করেছে।

চীনের আবাসন খাতের ঋণসংকট কয়েক বছর ধরে চলমান, এবং এটি এখন ছড়িয়ে পড়ছে। যদিও সম্প্রতি দেশটির আবাসন বাজারে কিছু স্থিতিশীলতার লক্ষণ দেখা গেছে। ব্লুমবার্গ জানাচ্ছে, হুয়াফা চীনে ২০০টিরও বেশি আবাসিক প্রকল্প নির্মাণ করেছে। প্রতিষ্ঠানটির অক্টোবরে প্রকাশিত নথি অনুযায়ী, গত মার্চ পর্যন্ত ব্যাংক ও ট্রাস্ট ঋণ এবং বন্ডসহ সুদযুক্ত দায়ের পরিমাণ ছিল ৪১৩ বিলিয়ন ইউয়ান (৬১ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার)।

ঋণ গবেষণাকারী প্রতিষ্ঠান রেটিংডগের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ইয়াও ইউ মন্তব্য করেন, হুয়াফা চীনের অন্যান্য আবাসন নির্মাতা প্রতিষ্ঠানের মতো চ্যালেঞ্জের সম্মুখীন। তবে স্থানীয় অর্থনীতিতে এই প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই স্থানীয় সরকারের সহায়তা পাওয়ার সম্ভাবনা বেশি।

তিনি আরও জানান, হুয়াফার বন্ডের শেষ পর্যন্ত ঋণ পরিশোধের সম্ভাবনা নিয়ে অতিরিক্ত হতাশ হওয়ার কারণ নেই। কিন্তু এই খবরের পরও প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট বন্ড ও শেয়ারের দামে তীব্র পতন ঘটে। মাত্র কয়েক দিন আগে প্রতিষ্ঠানটি অভ্যন্তরীণ বাজারে এক বিলিয়ন ইউয়ানের একটি ঋণপত্র তুলনামূলক কম ২ দশমিক ০৭ শতাংশ সুদে ছেড়েছিল। মঙ্গলবার হুয়াফার অফশোর বাজারে ইউয়ান-নির্ধারিত একটি বন্ডের দাম রেকর্ড ১৭ শতাংশ কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া যায়, ফলে বন্ডটির দাম অভিহিত মূল্যের প্রায় ৭৪ শতাংশে নেমে আসে।

ব্লুমবার্গ জানাচ্ছে, হুয়াফার আবাসন খাতের সহযোগী প্রতিষ্ঠান ঝুহাই হুয়াফা প্রপার্টিজের শেয়ারের দাম মঙ্গলবার সাংহাইয়ে সর্বোচ্চ ৮ দশমিক ৯ শতাংশ কমে যায়। এতে লেনদেন চলাকালে শেয়ারটির দাম এক মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়।

শেনঝেনের একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের আংশিক মালিকানাধীন ভ্যাঙ্ক কোং লিমিটেডের সঙ্গে হুয়াফার পার্থক্য হলো, হুয়াফার সম্পূর্ণ মালিক গুয়াংডং প্রাদেশিক সরকার। প্রতিষ্ঠানের প্রায় ৯৩ দশমিক ৫ শতাংশ মালিকানা ঝুহাইয়ের রাষ্ট্রায়ত্ত সম্পদ তদারকি ও প্রশাসন কমিশনের হাতে। বাকি অংশের মালিক প্রাদেশিক অর্থ বিভাগ। ঋণের ভার, মুনাফা অর্জনের সক্ষমতা কমে যাওয়া এবং বহিরাগত অর্থায়নের ওপর উচ্চ নির্ভরশীলতা সত্ত্বেও চীনের স্থানীয় ঋণমান নির্ধারণকারী প্রতিষ্ঠান চায়না লিয়ানহে ক্রেডিট রেটিং চলতি বছরের শুরুতে হুয়াফার ‘এএএ’ ঋণমান বহাল রাখে।

প্রতিষ্ঠানটি জানায়, ঝুহাইয়ের একটি প্রধান শিল্পগোষ্ঠী হিসেবে হুয়াফার অবস্থানের কারণে স্থানীয় সরকারের কাছ থেকে শক্তিশালী সহায়তা পাওয়ার প্রত্যাশা রয়েছে।

এদিকে, পাঁচ বছর ধরে ধারাবাহিকভাবে দরপতনের পর গত মাসে চীনে বাড়ির দাম কমার গতি কিছুটা ধীর হয়েছে। এতে আবাসন বাজার ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা নিয়ে আশা তৈরি হয়েছে। অর্থনীতিকে সহায়তা করার প্রচেষ্টা জোরদার করতে সম্প্রতি চীন সরকার বন্ধকী ঋণে ভর্তুকি এবং ব্যাংকঋণ নীতিতে পরিবর্তনের পদক্ষেপ নিয়েছে।

২০২৫ সালে হুয়াফা তার মোট আয়ের প্রায় অর্ধেক আবাসন উন্নয়ন ও নগর পরিচালনা কার্যক্রম থেকে অর্জন করবে। পাশাপাশি প্রতিষ্ঠানটি আর্থিক সেবা ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতেও ব্যবসা পরিচালনা করে। মুনাফার ওঠানামার প্রধান কারণ হিসেবে প্রতিষ্ঠানটি আবাসন খাতের মন্দাকে দায়ী করেছে। গত বছর প্রতিষ্ঠানটি মোট ১৬ দশমিক ৯ বিলিয়ন ইউয়ান লোকসানের কথা জানায়। চলতি বছরের মার্চ পর্যন্ত এর মোট সম্পদের পরিমাণ ছিল প্রায় ৭৬৫ বিলিয়ন ইউয়ান।

ব্লুমবার্গ ইন্টেলিজেন্সের ঋণ বিশ্লেষক অ্যান্ড্রু চ্যান বলেন, বাড়ি ক্রেতাদের মধ্যে দুর্বল আগ্রহ, আবাসন বিক্রি কমে যাওয়া এবং অনেক আঞ্চলিক সরকারের সীমিত আর্থিক সক্ষমতার কারণে স্থানীয় সরকার-সমর্থিত চীনা আবাসন নির্মাতারা চাপের মধ্যে থাকবে বলে ধারণা করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের সমর্থনপুষ্ট রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের বিপরীতে এসব প্রতিষ্ঠানের অর্থায়ন পাওয়ার সুযোগ এবং পুনঃঅর্থায়নের ক্ষেত্রে সহায়তা তুলনামূলকভাবে দুর্বল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%