মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
০৯:০৮ পি.এম
চাঁদপুর, ১০ নভেম্বর ২০২৬ : জেলার শাহরাস্তি উপজেলায় আজ অনুমোদন ছাড়া ড্রেজারের মাধ্যমে কৃষিজমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটার অপরাধে আবুল কাশেম নামক একজন ব্যক্তিকে একলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের মসতপাড়া গ্রামে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
অর্থদণ্ড প্রাপ্ত আবুল কাশেম (৭৪) শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের মসতপাড়া গ্রামের বাসিন্দা।
শাহরাস্তি উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অনুমোদন ছাড়া ড্রেজারের মাধ্যমে কৃষিজমির উপরিভাগের মাটি (টপ সয়েল) অপসারণের জন্য আবুল কাশেমকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারায় একলাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ নিজের বিরুদ্ধে অভিশংসনের উদ্যোগকে ‘প্রহসন’ হিসেবে চিহ্নিত করেছেন। পেন্টাগনে অনুষ্ঠিত এক বক্তব্যে তিনি এই মন্তব্যটি করেন।
হেগসেথ উল্লেখ করেন, তার বিরুদ্ধে অভিশংসনের উদ্যোগ যুক্তরাষ্ট্রের শত্রুদের কাছে ভুল বার্তা প্রেরণ করবে। এর ফলে মনে হবে যে, বৈধ সামরিক অভিযান পরিচালনার জন্য যুক্তরাষ্ট্র নিজেদের সেনা ও সামরিক নেতৃত্বকেই শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত।
তিনি আরও বলেন, এ ধরনের পদক্ষেপের মাধ্যমে দেশের সামরিক বাহিনীর সদস্য ও নেতৃত্বকে তাদের দায়িত্ব পালনের জন্য জবাবদিহির মুখে ঠেলে দেওয়া হবে। অথচ তারা আইনসম্মত সামরিক অভিযান পরিচালনা করছেন।
নিজের বিরুদ্ধে অভিশংসন প্রচেষ্টার সমালোচনা করে হেগসেথ বলেন, এটি একটি যৌক্তিক উদ্যোগ নয়, বরং একটি প্রহসন।
পেন্টাগন থেকে দেওয়া তার এই বক্তব্যে অভিশংসন উদ্যোগের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং সামরিক অভিযানের পক্ষে তার সমর্থন স্পষ্ট হয়ে উঠেছে।
সূত্র: আল জাজিরা
এআরবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দক্ষিণ কোরিয়ায় ই-৭ ভিসার আওতায় দক্ষ কর্মী পাঠানোর পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি করার লক্ষ্যে আলোচনা করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এবং কোরিয়া বাংলাদেশ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (কেবিটিআই)।
মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকায় বোয়েসেলের কার্যালয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কেবিটিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পল লি।
বোয়েসেল কর্তৃপক্ষ জানায়, সাক্ষাতে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি শিক্ষার্থী পাঠানোর পাশাপাশি ই-৭ ভিসার আওতায় দক্ষ কর্মী নিয়োগের বিভিন্ন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। এ ছাড়াও, দুই প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করেন তারা।
বোয়েসেল মনে করে, এ ধরনের যৌথ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের দক্ষ জনশক্তির জন্য দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক কর্মসংস্থান ও উচ্চশিক্ষার নতুন সুযোগ তৈরি হবে। একই সঙ্গে, দুই দেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক আরো সুদৃঢ় হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের একটি অংশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ক্যাম্পাসে এই প্রতিবাদ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য সাখাওয়াত হোসেন জিকুর নেতৃত্বে আয়োজিত মিছিলটি বিজয়-২৪ হল থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তারা সতর্ক করে বলেন, ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম চলতে দেওয়া হবে না।
এ সময় সাখাওয়াত হোসেন জিকু মন্তব্য করেন, "ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন। তাদের ধর্মঘটের নামে কোনো কর্মসূচি পালনের সুযোগ নেই।" তিনি অভিযোগ করেন, ধর্মঘটের আড়ালে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, "শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজপথে কোনো ধরনের বিশৃঙ্খলা বা উসকানিমূলক কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। সাধারণ শিক্ষার্থীদের নিয়ে এসব কর্মসূচি প্রতিহত করা হবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ