ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ইরানের বিরুদ্ধে মার্কিন সেনাদের ওপর হামলায় স্টারলিংক ব্যবহারের অভিযোগ


ইরানের বিরুদ্ধে মার্কিন সেনাদের ওপর হামলায় স্টারলিংক ব্যবহারের অভিযোগ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে অভিযান পরিচালনার জন্য ইরান স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহারের অভিযোগ উঠেছে। এ তথ্য জানার পর স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। একই সময়ে মার্কিন সামরিক বাহিনীর বিরুদ্ধে স্টারলিংকের শর্ত ভঙ্গ করে ড্রোন পরিচালনার অভিযোগও সামনে এসেছে। এই বিষয়টি মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে উঠে এসেছে।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মার্চের প্রথম সপ্তাহে মাস্ক স্টারলিংকের দুটি অননুমোদিত ব্যবহারের খবর পান। কোম্পানির অভ্যন্তরীণ আলোচনা সম্পর্কে অবগত ব্যক্তিদের মতে, ইরান মার্কিন বাহিনীর বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে এই সেবা ব্যবহার করছে। বিষয়টি আগে কখনো প্রকাশ্যে আসেনি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্কিন সামরিক বাহিনী স্টারলিংকের সামরিক সংস্করণ ‘স্টারশিল্ড’ ব্যবহার করে একমুখী আক্রমণকারী ড্রোন পরিচালনা করছিল। এই ড্রোনগুলোর নাম লুকাস। তবে, মার্কিন বাহিনী এ জন্য স্থল অভিযানের উপযোগী কম খরচের প্যাকেজ ব্যবহার করছিল। আকাশপথে ড্রোন পরিচালনার জন্য নির্ধারিত প্যাকেজের খরচ পাঁচ গুণ বেশি ছিল। এ ঘটনার জন্যও মাস্ক অসন্তুষ্ট ছিলেন।

আরও পড়ুন: মার্কিন ঘাঁটিতে হামলায় স্টারলিংক ব্যবহার করেছে ইরান

গত ১ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মাস্ক জানান, অস্ত্র ব্যবস্থায় স্টারলিংকের বাণিজ্যিক পরিষেবা ব্যবহার করা শর্তের লঙ্ঘন। এর আগে জানুয়ারিতে ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার ড্রোনে স্টারলিংক টার্মিনাল ব্যবহারের বিষয়টি স্পেসএক্সকে জানায়। পরে রাশিয়ার অননুমোদিত ব্যবহার বন্ধ করতে পদক্ষেপ নেয় প্রতিষ্ঠানটি। ইউক্রেনে ঘণ্টায় ৭০ কিলোমিটারের বেশি গতিতে চলা স্টারলিংক টার্মিনালের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি অনুমোদিত টার্মিনালগুলোর একটি তালিকা তৈরি করে ইউক্রেনীয় সেনাবাহিনীর সঙ্গে কাজ করে স্পেসএক্স।

ওয়াশিংটন পোস্ট জানায়, মার্চের প্রথম সপ্তাহের শেষ নাগাদ স্টারলিংকের অপব্যবহারের ঘটনায় দুজন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। তবে তাদের পরিচয় বা বরখাস্তের কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১ মার্চ কুয়েতের পোর্ট শুয়াইবায় একটি মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ড্রোন হামলায় ছয় মার্কিন সেনা নিহত হন। এর কয়েক ঘণ্টার মধ্যে স্পেসএক্স দ্রুতগতিতে চলা বিমানের জন্য পরিচয় যাচাইয়ের নতুন নিয়ম চালু করে। এর ফলে বেসরকারি বিমানচালকদেরও পরিচয় ও বিমানের বিভিন্ন তথ্য জমা দিতে হয়।

এদিকে, স্টারলিংকের অপব্যবহার প্রতিরোধে মার্চের পর থেকে বিক্রয় ও বিতরণব্যবস্থায় আরও কঠোর নিয়ম চালু করে স্পেসএক্স। টার্মিনাল কেনা ও পরিষেবা চালু করার জন্য প্রত্যেক গ্রাহকের পরিচয় যাচাই বাধ্যতামূলক করা হয়। পাশাপাশি অনুমোদিত বিক্রেতাদের মাধ্যমে অন্য বিক্রেতাদের কাছে টার্মিনাল সরবরাহের ব্যবস্থা স্থগিত করা হয়।

আরও পড়ুন: ভগত সিংকে সমর্থন করেছিলেন জিন্নাহ ও আল্লামা ইকবাল

তবে ইরানের ক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দেশটির সরকার বিভিন্ন সময়ে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়। তখন সাধারণ মানুষ ও সরকারবিরোধী বিক্ষোভকারীদের যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে ওঠে স্টারলিংক। জানুয়ারিতে বিক্ষোভ দমনের সময় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলে ইরানে স্টারলিংক ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে সংযোগ চালু করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বিশ্লেষকদের মতে, ইরানে স্টারলিংক পুরোপুরি বন্ধ করে দিলে সাধারণ মানুষ ও ভিন্নমতাবলম্বীরা যোগাযোগের সুযোগ হারাবেন। আবার সেবা চালু রাখলে দেশটির সামরিক বাহিনীও তা ব্যবহার করতে পারে। এ কারণে প্রতিষ্ঠানটির সামনে বড় ধরনের নিয়ন্ত্রণগত চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়িয়ে ইরান বিভিন্ন দেশে ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে প্রযুক্তি ও সরঞ্জাম সংগ্রহ করে থাকে। ফলে স্টারলিংকের টার্মিনাল কার হাতে যাচ্ছে, তা শনাক্ত করা স্পেসএক্সের জন্য কঠিন হয়ে পড়েছে।

আরও পড়ুন: ইরানে রেকর্ড দরপতন, ১ ডলারে ৩০ লাখ রিয়াল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাবুল বিশ্বের সর্বাধিক দূষিত শহর, দশে ঢাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৫ এম


কাবুল বিশ্বের সর্বাধিক দূষিত শহর, দশে ঢাকা

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আফগানিস্তানের রাজধানী কাবুল শীর্ষ স্থান অধিকার করেছে। শহরটির বায়ুমান সূচক (একিউআই) ৪৭৭, যা ‘বিপজ্জনক’ পর্যায়ে অবস্থান করছে। অন্যদিকে, বাংলাদেশের রাজধানী ঢাকা দূষিত বায়ুর শহরের তালিকায় দশম স্থানে রয়েছে। ঢাকার বায়ুমান সূচক ১৫৬, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মানে হলো, বিশ্বের দূষিত শহরগুলোর মধ্যে ঢাকার বাতাসও জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

রোববার (২৯ নভেম্বর) সকাল ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের প্রকাশিত বৈশ্বিক তালিকায় এই তথ্য উঠে এসেছে। সংস্থাটি ঘণ্টাভিত্তিক সূচকে বিশ্বের প্রধান শহরগুলোর বায়ুদূষণের মাত্রা তুলনা করে থাকে।

আইকিউএয়ারের তালিকায় দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর রয়েছে, যেখানে বায়ুমান সূচক ৪৪৩। তৃতীয় স্থানে রয়েছে ইরাকের বাগদাদ, যার স্কোর ৪১২। চতুর্থ স্থানে মিশরের কায়রোর বায়ুমান ৩৯৯। ভারতের রাজধানী নয়াদিল্লি পঞ্চম স্থানে রয়েছে, যার স্কোর ২৫৭।

তালিকার পরবর্তী অবস্থানে উগান্ডার কাম্পালা (১৬৮), ভিয়েতনামের হ্যানয় (১৬৭), সংযুক্ত আরব আমিরাতের দুবাই (১৬৩) এবং পাকিস্তানের করাচি (১৬২) রয়েছে। দশম স্থানে থাকা ঢাকার বায়ুমান ১৫৬।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০ হলে বাতাসের মান ভালো, ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় এবং ১০১ থেকে ১৫০ হলে এটি সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়। এই সংবেদনশীল গোষ্ঠীর মধ্যে শিশু, বয়স্ক ব্যক্তি এবং হৃদ্‌রোগ ও শ্বাসতন্ত্রের সমস্যায় আক্রান্ত ব্যক্তিরা অন্তর্ভুক্ত।

এছাড়া, ১৫১ থেকে ২০০ স্কোর হলে বাতাস অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ থেকে ৫০০ হলে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন ঘাঁটিতে হামলায় স্টারলিংক ব্যবহার করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৫ এম


মার্কিন ঘাঁটিতে হামলায় স্টারলিংক ব্যবহার করেছে ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা শুরু হওয়ার পর মার্কিন ঘাঁটিতে হামলার জন্য ইরান স্পেসএক্সের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক ব্যবহার করেছে। এই তথ্যটি ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত মার্চ মাসে ইরানের স্টারলিংক ব্যবহারের বিষয়টি জানতে পেরে টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী এলন মাস্ক অত্যন্ত ক্ষুব্ধ হন। কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা পোর্ট শুয়াইবায় ড্রোন হামলায় স্টারলিংক ব্যবহার করে ইরান সহায়তা পেয়েছিল বলে উল্লেখ করা হয়েছে। এই হামলায় ছয়জন মার্কিন সেনাসদস্য নিহত হন।

রয়টার্সের পক্ষ থেকে মন্তব্য চাওয়া হলেও স্পেসএক্স এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের সামরিক বাহিনীর স্টারলিংক ব্যবহারের বিষয়টি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে একটি গোপন প্রতিবেদন হিসেবে জমা দেওয়া হয়েছিল।

তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর রয়টার্সকে জানায় যে, তাদের কাছে প্রতিরক্ষামন্ত্রীর দপ্তরে এ বিষয়ে কোনো প্রতিবেদন জমা পড়ার তথ্য নেই। ইউক্রেন ও ইরানের যুদ্ধসহ বিভিন্ন ভূরাজনৈতিক সংঘাতে স্টারলিংকের ব্যবহার, সেবাটির ওপর মার্কিন সরকারের নিয়ন্ত্রণ এবং নিষেধাজ্ঞার আওতাধীন বিভিন্ন পক্ষের অবৈধ ব্যবহারের অভিযোগ নিয়ে উদ্বেগ ও নজরদারি ক্রমশ বাড়ছে।

ইরানে স্টারলিংক পরিচালনার অনুমোদন না থাকলেও ইলন মাস্ক পূর্বে জানিয়েছিলেন যে, দেশটিতে এই সেবা চালু রয়েছে। অভ্যন্তরীণ অস্থিরতার সময় ইরান সরকার সাধারণ মানুষের ইন্টারনেট ব্যবহারের সুযোগ বন্ধ করে দিয়েছে। গত জানুয়ারিতে দেশজুড়ে প্রাণঘাতী বিক্ষোভের সময়ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ওই ঘটনার পর মার্কিন সরকার গোপনে ইরানে হাজার হাজার স্টারলিংক টার্মিনাল পাঠিয়েছিল বলে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারির শেষের দিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা শুরু হওয়ার পর থেকে দেশটির সরকার ইন্টারনেট ব্যবহারের ওপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%