০২:০৩ পি.এম
বাংলাদেশি আবেদনকারীদের জন্য সুখবর নিয়ে এসেছে সেপ্টেম্বর ২০২৬ সালের ভিসা বুলেটিন, যারা যুক্তরাষ্ট্রের ফ্যামিলি-বেইজড গ্রিন কার্ডের অপেক্ষায় রয়েছেন। আগস্ট মাসের তুলনায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে ফাইনাল অ্যাকশন ডেট এক বছর থেকে প্রায় আড়াই বছর পর্যন্ত এগিয়ে গেছে।
ইউএস স্টেট ডিপার্টমেন্টের প্রকাশিত নতুন ভিসা বুলেটিন জানায়, এফ-১, এফ-২বি, এফ-৩ এবং এফ-৪ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে। যদিও ভিসা বুলেটিনে বাংলাদেশের নাম বিশেষভাবে উল্লেখ করা হয়নি, দেশটি ‘অল চার্জেবিলিটি এরিয়াস’ কলামের আওতায় থাকার কারণে এসব পরিবর্তন বাংলাদেশি আবেদনকারীদের জন্য প্রযোজ্য হবে।
নতুন বুলেটিন অনুযায়ী, মার্কিন নাগরিকদের ২১ বছর বা তার বেশি বয়সী অবিবাহিত সন্তানদের জন্য নির্ধারিত এফ-১ ক্যাটাগরির ফাইনাল অ্যাকশন ডেট এগিয়ে গিয়ে বর্তমানে ২০২০ সালের ২২ জানুয়ারিতে পৌঁছেছে।
আরও পড়ুন: ইরান কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না: পেজেশকিয়ান
গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী এবং ২১ বছরের কম বয়সী অবিবাহিত সন্তানদের জন্য নির্ধারিত এফ-২এ ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি হয়েছে। এ ক্যাটাগরির ফাইনাল অ্যাকশন ডেট এক মাস এগিয়ে ২০২৬ সালের ২২ আগস্ট নির্ধারণ করা হয়েছে। তবে ডেটস ফর ফাইলিং চার্টে এই ক্যাটাগরি আগে থেকেই ‘কারেন্ট’ অবস্থায় রয়েছে।
সবচেয়ে বড় অগ্রগতি মার্কিন নাগরিকদের বিবাহিত ছেলে-মেয়েদের জন্য নির্ধারিত এফ-৩ ক্যাটাগরিতে দেখা গেছে। মাত্র এক মাসের ব্যবধানে এ ক্যাটাগরির ফাইনাল অ্যাকশন ডেট প্রায় দুই বছর পাঁচ মাস এগিয়ে ২০১৪ সালের ২২ অক্টোবরে পৌঁছেছে। দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা বহু বাংলাদেশি পরিবারের জন্য এটি স্বস্তির খবর।
এছাড়া, গ্রিন কার্ডধারীদের ২১ বছরের বেশি বয়সী অবিবাহিত সন্তানদের এফ-২বি ক্যাটাগরির কাট-অফ ডেট ১৯ মাসের বেশি এগিয়ে ২০১৯ সালের ২২ আগস্টে পৌঁছেছে।
অন্যদিকে, প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিকদের ভাইবোনদের জন্য নির্ধারিত এফ-৪ ক্যাটাগরিতে দুই বছর এক মাসেরও বেশি অগ্রগতি হয়েছে। নতুন বুলেটিনে এ ক্যাটাগরির ফাইনাল অ্যাকশন ডেট নির্ধারণ করা হয়েছে ২০১১ সালের ২২ অক্টোবর।
আরও পড়ুন: বগুড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অটোভ্যানে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা
তবে এত বড় অগ্রগতির পরও এফ-৩ ও এফ-৪ ক্যাটাগরির আবেদনকারীদের দীর্ঘ অপেক্ষার বাস্তবতা এখনও রয়ে গেছে। এফ-৩ ক্যাটাগরিতে প্রায় ১২ বছর এবং এফ-৪ ক্যাটাগরিতে প্রায় ১৫ বছর বা তারও বেশি পুরোনো প্রায়োরিটি ডেটের আবেদনকারীরা এখন চূড়ান্ত অনুমোদনের আওতায় আসছেন।
সার্বিকভাবে সেপ্টেম্বরের ভিসা বুলেটিনে বাংলাদেশ ও চীনের আবেদনকারীরা উল্লেখযোগ্য অগ্রগতি পেয়েছেন। ভারতের প্রথম চারটি ক্যাটাগরিতে অগ্রগতি মনে হয় বাংলাদেশের মতো হলেও, এফ-৪ ক্যাটাগরিতে ভারত বাংলাদেশের তুলনায় প্রায় পাঁচ বছর পিছিয়ে রয়েছে।
অন্যদিকে, মেক্সিকো ও ফিলিপাইনের অধিকাংশ ফ্যামিলি-বেইজড ক্যাটাগরিতে বড় কোনো পরিবর্তন হয়নি।
উল্লেখ্য, মার্কিন নাগরিকদের স্বামী বা স্ত্রী, ২১ বছরের কম বয়সী অবিবাহিত সন্তান এবং প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিকদের বাবা-মা ‘ইমিডিয়েট রিলেটিভ’ হিসেবে বিবেচিত। কারণ তারা বার্ষিক ভিসাসীমার বাইরে থাকায় ভিসা বুলেটিনের এসব কাট-অফ ডেট তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
আরও পড়ুন: রেললাইনে আগুন দেওয়ার সময় ছাত্রদল আটক করল ২ নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন