১০:৩৫ পি.এম
কালবৈশাখী ঝড়ের তাণ্ডবের কারণে মুন্সীগঞ্জের গজারিয়া এবং সিরাজদিখান উপজেলায় সড়কের ওপর গাছ উপড়ে পড়ে। এর ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে এবং সাময়িক যানজটের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানিয়েছেন, গজারিয়া উপজেলার বাউশিয়া এবং মানাবেরসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে ঝড়ের কারণে গাছগুলো উপড়ে পড়ে ফলে সড়ক অবরুদ্ধ হয়ে যায়। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের পরিস্থিতি সৃষ্টি হয়।
আরও পড়ুন: অফিসে সাংবাদিক এলেই বেঁধে পেটানোর হুমকি!
খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাছগুলো অপসারণ করে এবং অল্প সময়ের মধ্যেই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অন্যদিকে, একই দিন বিকেল ৪টার দিকে সিরাজদিখান উপজেলার রশুনিয়া এলাকায় একটি মালবোঝাই অটোরিকশার ওপর গাছ পড়ে যাওয়ার ঘটনা ঘটে। এতে সিরাজদিখান-নিমতলা সড়কে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়।
পরে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছটি অপসারণ করে সড়কটি পুনরায় যান চলাচলের উপযোগী করে তোলে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও অটোরিকশার চালক অল্পের জন্য প্রাণে রক্ষা পান।
ফায়ার সার্ভিস জানায়, প্রাকৃতিক দুর্যোগজনিত যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তাদের ইউনিটগুলো সর্বদা প্রস্তুত রয়েছে।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে পাঁচ কিলোমিটার ট্রাক ধাওয়া করে চালক আটক, পরে ৭ দিনের কারাদণ্ড
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন