০৫:০১ পি.এম
পটুয়াখালীর রাঙ্গাবালীতে দ্বিতীয় স্ত্রী ফারহানা ইয়াসমিন শিলার রহস্যজনক মৃত্যুর ঘটনায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল মাহমুদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে স্বজন ও এলাকাবাসীর পক্ষ থেকে।
সোমবার (২ নভেম্বর) দুপুরে বিক্ষোভ মিছিল নিয়ে থানার সামনে অবস্থান করে তারা থানাকে ঘেরাও করেন। বিক্ষোভকারীরা হত্যার অভিযোগ এনে মামলা গ্রহণ ও অভিযুক্ত রাসেলকে গ্রেফতারের দাবি জানান।
নিহত শীলা উপজেলা বিএনপির প্রয়াত সাধারণ সম্পাদক সাজাদুল ইসলাম সামিমের কন্যা।
আরও পড়ুন: গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মামলায় ৪ হাজার আসামি, গ্রেপ্তার ৩০
গত শুক্রবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার সদরের বাহেরচর বাজার-সংলগ্ন নিজ বাসা থেকে শিলার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যার মামলা করতে চাইলেও পুলিশ অপমৃত্যুর মামলা নথিভুক্ত করে বলে অভিযোগ করেছেন স্বজনরা।
পরিবারের দাবি, শিলার মৃত্যু স্বাভাবিক নয়। তাদের সন্দেহ, তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনার পর তারা হত্যা মামলা গ্রহণ ও সুষ্ঠু তদন্তের দাবিতে রাজপথে নেমেছেন।
মারা যাওয়া গৃহবধূর ছোটভাই উপজেলা বিএনপির সহ-সভাপতি রাইসুল ইসলাম কমল অভিযোগ করেন, বিয়ের পর থেকেই তার ভগ্নিপতি রাসেল মাহমুদ জমি ও নগদ টাকা হাতিয়ে নেয়ার জন্য তার বোন শিলাকে চাপ দিতেন এবং নানাভাবে নির্যাতন করতেন। বসতঘর ও দুটি ব্যবসা প্রতিষ্ঠান দখলে নেয়ার পর শিলার নামে থাকা জমি লিখে দিতে চাপ দেয়ার ফলে তার বোন অস্বীকৃতি জানালে নির্যাতন শুরু হয়। এসব অভিযোগ জানালে পরিবারের শান্তির কথা বিবেচনা করে তার বোনকে নিরব থাকার পরামর্শ দেয়ার পাশাপাশি তারাও নিরব থাকতে বাধ্য হন।
তিনি অভিযোগ করেন, পরবর্তীকালে শিলার নামে থাকা জমি লিখে নিতে ব্যর্থ হওয়ার কারণে পরিকল্পিতভাবে তার বোনকে হত্যা করা হয়েছে এবং মরদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে।
আরও পড়ুন: টিন নিয়ে বিপাকে? বাতিল করতে পারবেন যেসব শর্তে
মারা যাওয়া গৃহবধূর প্রথম ঘরের মেয়ে লাবিবা আক্তার (১১) অভিযোগ করেন, তার বাবা রাসেল মাহমুদ বিভিন্নভাবে তার মাকে নির্যাতন করতেন। নির্যাতনের অংশ হিসেবে গত বছর ধরে তার মায়ের সঙ্গে ওঠবস এবং রাতে একা ঘুমাতে বাধ্য করা হত, এবং প্রায় গভীর রাতে তার মাকে ঘর থেকে বের করে দেয়া হত। এসব কারণে তার মায়ের মৃত্যু হয়েছে অথবা পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
রাঙ্গাবালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইলিয়াস হোসেন মুন্সি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা নেয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন