১০:৩৩ এম
ইরানের পক্ষ থেকে বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও একটি বেসামরিক শিল্পকারখানায় হামলা চালানো হয়েছে। শনিবার (২১ নভেম্বর) শিল্পকারখানাটিতে হামলার পর আগুন লেগে যায়। বাহরাইন কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় কোনো হতাহত হয়নি। অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, তারা মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত হামলা চালিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, হামলার পর একটি বেসামরিক শিল্পকারখানায় আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মীরা কাজ করেন। তবে কারখানাটির সঠিক অবস্থান বা সেখানে কী ধরনের উৎপাদন কার্যক্রম চলছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
স্থানীয় বাসিন্দারা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, তাঁরা সিত্রা দ্বীপের ওপর ধোঁয়া উঠতে দেখেছেন। সিত্রা দ্বীপে বেশ কিছু শিল্পকারখানা রয়েছে, যার মধ্যে রাষ্ট্রীয় তেল কোম্পানি বাপকোর পরিচালিত একটি তেল শোধনাগারও রয়েছে। তবে হামলার শিকার কারখানাটি সিত্রা দ্বীপে অবস্থিত কি না, সে বিষয়ে কর্তৃপক্ষ নিশ্চিত করেনি।
আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় আগুন, ৩৯ জন নিখোঁজ
এর আগে, সম্ভাব্য হামলার আশঙ্কায় বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাসিন্দাদের নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য সতর্কবার্তা দিয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক ঘোষণা করা হলেও আবারও সতর্কবার্তা জারি করা হয়।
বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের কয়েকটি আকাশপথে চালানো হামলা প্রতিহত করেছে। এসব হামলার সময় ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ধ্বংসাবশেষ বিভিন্ন স্থাপনায় ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী আরও বলেছে, তেহরান দেশটির বিরুদ্ধে ‘পরিকল্পিত শত্রুতামূলক আচরণ’ অব্যাহত রেখেছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের মহাকাশ বাহিনী বাহরাইনে অবস্থিত আল-রিফা ও আওয়ালি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত হামলা চালিয়েছে। ইরানের দাবি, যুক্তরাষ্ট্রের ধারাবাহিক আগ্রাসন ও বারবার লঙ্ঘনের জবাবে এ হামলা করা হয়েছে।
এই বিষয়ে মন্তব্য জানতে বার্তা সংস্থা রয়টার্স যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি। বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর রয়েছে।
আরও পড়ুন: ইরান যুদ্ধ এড়ানো সম্ভব ছিল: আলভারো দে সতো
এদিকে, শনিবার ভোরে হরমুজ প্রণালি দিয়ে বের হওয়ার সময় ওমানের খাসাব উপকূলের কাছে দুটি তেলবাহী ট্যাংকারে পৃথক হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার (ইউকেএমটিও) জানিয়েছে, একটি ট্যাংকারের পেছনের অংশে এবং অন্যটির ইঞ্জিনকক্ষে অজ্ঞাত বস্তু আঘাত হানে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দুটি ঘটনার সঙ্গে একই জাহাজ জড়িত কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সংঘাত ছড়িয়ে পড়েছে। উপসাগরীয় আরব দেশগুলোও এই সংঘাতের প্রভাবের মধ্যে পড়েছে। বাহরাইনে সর্বশেষ হামলার ঘটনা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন