১০:৫২ এম
নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি দাবি করেছেন, নড়াইলে পলাতক আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাদের অর্থায়ন এবং সহিংসতায় মদদ দেওয়ার অভিযোগ রয়েছে। শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি এই অভিযোগগুলি তুলে ধরেন।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন উল্লেখ করেন, মাশরাফি নিয়মিতভাবে নড়াইলের পলাতক আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাদের অর্থ পাঠাচ্ছেন এবং সাম্প্রতিক সহিংসতায় সন্ত্রাসীদের ব্যবহার করেছেন। তার মতে, গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতা মাশরাফির বাড়িতে যে ভাঙচুর চালিয়েছিল, সেই ক্ষোভ এখনও তার মধ্যে বিদ্যমান। তিনি অভিযোগ করেন, সেই প্রতিশোধ নিতে মাশরাফি বেপরোয়া হয়ে উঠেছেন এবং জ্বালাও-পোড়াও ও হত্যার ঘটনায় অর্থ ব্যয় করছেন।
রাশেদ খাঁন বিএনপির দুই নেতাকে হত্যার নির্দেশনা দেওয়ার প্রসঙ্গ উল্লেখ করে লেখেন, মাশরাফির অনুসারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছেন যে তিনি ওই হত্যাকাণ্ডের নির্দেশ দেননি। তিনি প্রশ্ন তোলেন, মাশরাফি কেন নিজে স্পষ্ট করে বলছেন না যে তিনি নিরপরাধ এবং বিএনপির দুই নেতাকে হত্যার নির্দেশ দেননি।
আরও পড়ুন: গোপালগঞ্জের নিয়ন্ত্রণ হচ্ছে দিল্লি থেকে: গোলাম পরওয়ার
নিজেকে একসময় মাশরাফির ভক্ত হিসেবে পরিচয় দিয়ে রাশেদ খাঁন আরও দাবি করেন, গণঅভ্যুত্থানের সময় ৪ আগস্ট মাশরাফির বাবা নিজে রাস্তায় নেমে ছাত্র-জনতার ওপর হামলার নেতৃত্ব দিয়েছিলেন। তার ভাষায়, “বাপ-বেটা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছিলো।”
রাশেদ খাঁন পোস্টে অভিযোগ করেন, ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার আশায় মাশরাফি দুই বছর বিরতির পর চলতি বছর শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লেখেন, গণঅভ্যুত্থানের সময় পদত্যাগ করে ছাত্র-জনতার পাশে দাঁড়ানোর পরিবর্তে ভবিষ্যতে আবার ক্ষমতায় ফিরলে মন্ত্রী হওয়ার আশায় মাশরাফি এসব করছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন