০৬:২৭ পি.এম
হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি; বিচার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সাংবাদিকদের
কিশোরগঞ্জের ভৈরবে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক এম আর রুবেলের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
আরও পড়ুন: যশোর সীমান্তে নিষিদ্ধ সংগঠনের অনুপ্রবেশ রোধে নিরাপত্তা শিল্ড ও ড্রোন ব্যবহৃত
রবিবার (১৫ নভেম্বর) বিকেল ৩টায় ভৈরব বাসস্ট্যান্ড এলাকার দুর্জয় মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। ভৈরব প্রেসক্লাব ও ভৈরব টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় ভৈরবে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন দৈনিক যুগান্তরের প্রতিনিধি আসাদুজ্জামান ফারুক, ভৈরব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সোহেলুর রহমান, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মো. সুমন মোল্লা, সাংবাদিক নজরুল ইসলাম রিপন, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি সজীব আহমেদ, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন, অবলম্বন পত্রিকার বার্তা সম্পাদক শামীম আহমেদ এবং খেলাঘর আসরের সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম মফিজ।
এ ছাড়া কর্মসূচিতে উপস্থিত ছিলেন হামলার শিকার সাংবাদিক ও দৈনিক আজকের পত্রিকার ভৈরব প্রতিনিধি এম আর রুবেল, ডেইলি বাংলাদেশের প্রতিনিধি নাজির আহমেদ আল-আমিন, অবলম্বন পত্রিকার যুগ্ম সম্পাদক জ.ই. পরশ, ডিবিসি নিউজের প্রতিনিধি আফসার হোসেন তূর্জা, কালের কণ্ঠ ডিজিটালের প্রতিনিধি রাজীবুল হাসান, আনন্দ টিভির প্রতিনিধি আরিফুল ইসলাম মামুন, দেশ রূপান্তরের প্রতিনিধি ফজলুল হক বাবু, ৭১ টিভির প্রতিনিধি আল-আমিন টিটু, আজকের দর্পণের প্রতিনিধি শাহিন আলম, সাপ্তাহিক প্রমাণ চিত্রের বার্তা সম্পাদক রফিকুল ইসলাম রুবেল, আরটিভির প্রতিনিধি ছিদরাতুল রশিদ পিয়াল, আমাদের কণ্ঠের প্রতিনিধি আশরাফুল আলম এবং আজকের প্রভাতের প্রতিনিধি সনজু।
বক্তারা বলেন, ভৈরবে কোনো ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সমাজের অন্যায়, অপরাধ, সংঘর্ষ, দখলবাজি ও চাঁদাবাজির খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা যদি হামলার শিকার হন, তাহলে স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত হবে। সাংবাদিক এম আর রুবেলের ওপর হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় ভৈরবের সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
আরও পড়ুন: আমতলী এলজিইডি'র হিসাব শাখায় আগুন!
হামলার শিকার সাংবাদিক এম আর রুবেল বলেন, ঘটনার সময় সংবাদ সংগ্রহ করতে গেলে একদল লোক তাঁর ওপর হামলা চালায়। এতে তিনি আহত হন। এ ঘটনায় থানায় অভিযোগ করবেন জানিয়ে তিনি হামলাকারীদের বিচার দাবি করেন।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় সাংবাদিক রুবেল এখনো থানায় কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত শুক্রবার (১৩ নভেম্বর) ভৈরবের কমলপুর এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিক এম আর রুবেলের ওপর হামলার ঘটনা ঘটে। এতে তিনি আহত হন। এ ঘটনার প্রতিবাদে রোববার সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেন।
আরও পড়ুন: কাউখালীতে ২৫ নভেম্বর থেকে পাঁচ দিনব্যাপী রাস উৎসব, আসবেন দেশ-বিদেশের লাখো ভক্ত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন